পেশাদারির অভাব দেখেন আব্বাস
এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ—পরপর দুটি টুর্নামেন্টে ব্যর্থতা বড় ধাক্কা হয়ে এসেছে পাকিস্তানের ক্রিকেটে। সেই ব্যর্থতার দায় নিয়ে এরই মধ্যে সরে যেতে হয়েছে কোচ ওয়াকার ইউনিস ও টি-টোয়েন্টির অধিনায়ক শহীদ আফ্রিদিকে। চলছে সেই ব্যর্থতার ময়নাতদন্তও। সাবেক পাকিস্তান অধিনায়ক ও আইসিসির বর্তমান সভাপতি জহির আব্বাস অবশ্য নিজের মতো করে একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে পেশাদারির অভাবই আন্তর্জাতিক পর্যায়ে এই ব্যর্থটা ডেকে এনেছে বলে মনে করেন কিংবদন্তি এই ব্যাটসম্যান।
পরশু করাচি সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট কাপের ফাইনাল শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পাকিস্তান ক্রিকেটের বর্তমান অবস্থা নিয়ে কথা বলেছেন জহির আব্বাস। তাঁর মতে, ‘পাকিস্তান ক্রিকেটের গড়পড়তা মান নিয়ে হাপিত্যেশ করার কোনো মানে নেই। তবে আন্তর্জাতিক পর্যায়ে পাকিস্তানকে আসলেই আরও অনেক উন্নতি করতে হবে। সাম্প্রতিক টুর্নামেন্টগুলোয় আমরা যেভাবে খেলেছি সেটা খুবই লজ্জাজনক। এটা পাকিস্তানের ক্রিকেট নয়।’
কিন্তু কী কারণে এই ব্যর্থতা? আব্বাসের মতে, ‘সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের ঘরোয়া ক্রিকেটে পেশাদারির অভাব। ঘরোয়া ক্রিকেটের এই সিস্টেমটাই হওয়ার কথা ছিল প্রতিভা পরিচর্যার সবচেয়ে বড় জায়গা। কিন্তু অন্য দেশগুলোয় ঘরোয়া ক্রিকেট যে ভূমিকা রাখতে পারছে, আমাদের এখানে সেটা পারছে না।’ ডন।