পেস-ব্যাটারির ভোল্ট বাড়াবেন ল্যাঙ্গেভেল্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>কোর্টনি ওয়ালশের মতো কিংবদন্তি পেসার পেয়েও বাংলাদেশের উন্নতরি গ্রাফটা নিচেই নেমেছে। এবার চার্ল ল্যাঙ্গেভেল্টকে নিয়ে নতুন আশা
চার্ল ল্যাঙ্গেভেল্ট, বাংলাদেশের নতুন বোলিং কোচ। ছবি: প্রথম আলো
চার্ল ল্যাঙ্গেভেল্ট, বাংলাদেশের নতুন বোলিং কোচ। ছবি: প্রথম আলো

দুদিনের প্রস্তুতি ম্যাচটার পুরো সুবিধাই নিয়েছেন মাহমুদউল্লাহ। প্রথম দিন সেঞ্চুরির পর কাল হাত ঘুরিয়ে পেয়েছেন তিন উইকেট। উইকেটের সঙ্গে রান পেয়েছেন মোসাদ্দেক হোসেনও। বাকিরাও উইকেটে সময় কাটিয়ে লাল বলের ক্রিকেটে অভ্যস্ততা কিছুটা হলেও ফিরিয়ে এনেছেন।

তবে ম্যাচের দুদিনই আলোচনায় ছিলেন আফগানিস্তান টেস্টের দলে থাকা তিন পেসার তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও আবু জায়েদ। প্রথম দিন তাসকিনের ৪ উইকেট ও ইবাদতের ৩ উইকেটের পর কাল আবু জায়েদও নিলেন ৩ উইকেট। নতুন বলে তিন বোলারের বোলিংয়ে বেশ সন্তুষ্ট মনে হয়েছে বোলিং কোচ চার্ল ল্যাঙ্গেভেল্টকে, ‘ওরা ভালো বল করেছে। দেখে ভালো লাগল। সন্তুষ্ট হয়েছি নতুন বলের ওপর ওদের নিয়ন্ত্রণ দেখে।’

জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পে পেসারদের লাইন-লেন্থের ধারাবাহিকতা নিয়ে কঠোর পরিশ্রম করছেন ল্যাঙ্গেভেল্ট। বোলাররাও ভালো সাড়া দিয়েছেন। অনুশীলনের প্রথম দিকে বোলারদের প্রতি বলেই উইকেট নেওয়ার চেষ্টা করতে দেখা গেছে। ল্যাঙ্গেভেল্ট পেসারদের কাছে চেয়েছেন ধারাবাহিকতা, টানা ডট বল করে যাওয়ার দক্ষতা। তাই অনুশীলনে টানা ১২টি ডট বল করার জন্য বোলারদের প্রস্তুত করার চেষ্টা করেছেন ল্যাঙ্গেভেল্ট।

পেসারদের পারফরম্যান্সে সেটি কিছুটা হলেও প্রতিফলিত হয়েছে। তবে পুরোনো বলের রিভার্স সুইং নিয়ে অনেক কাজ বাকি, কাল মনে করিয়ে দিয়েছেন বোলিং কোচ, ‘সামনে অনেক কঠোর পরিশ্রম করতে হবে। নতুনের সঙ্গে পুরোনো বল নিয়ে কাজ করার বাকি আছে। তবে আমি যা দেখলাম গত দুই দিনে, ভালোই মনে হয়েছে। ওরা দ্রুত শিখছে।’

চোটের কারণে আফগানিস্তান টেস্ট দলে না থাকা মোস্তাফিজুর রহমানকেও কাল এক ওভার বল করতে দেখা গেছে। ১ ওভারে কোনো রান না দিয়ে সৌম্য সরকারের উইকেট নিয়েছেন। মোস্তাফিজকে নিয়ে ঝুঁকি নিতে চান না ল্যাঙ্গেভেল্ট, ‘হালকা চোট আছে ওর। আমরা ওকে নিয়ে সতর্ক। সামনে অনেক সাদা বলের ক্রিকেট আছে। বিশ্বকাপ আছে। সাদা বলে সে আমাদের সেরা বোলার।’ তবে চট্টগ্রামে বাঁহাতি এই পেসারকে মিস করবেন ল্যাঙ্গেভেল্ট, ‘কে মিস করবে না! ওর মতো বোলারকে কেউ মিস না করলে সেটি তাঁর চিন্তাভাবনার সমস্যা। ওর চোট আছে। খেলাতে গেলে চোটের অবস্থা আরও খারাপ হতে পারে। আর আমাদের অন্য পেসারদেরও তো তৈরি করতে হবে।’