পেসারদের ওপর ফুঁসছেন শাস্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবি শাস্ত্রী। ফাইল ছবি
রবি শাস্ত্রী। ফাইল ছবি

মাত্র ১৯.৪ ওভার বোলিং করে ১৪৮ রান! এ তো রীতিমতো শাস্ত্রবিরুদ্ধ। আর তাই ভীষণ ক্ষেপেছেন রবি শাস্ত্রী। ভারতীয় পেসারদের পারফরমেন্সে ফুঁসছেন তিনি। বৃহস্পতিবারই ম্যাচ হারার পর পর ড্রেসিংরুমে পেসারদের ওপর একচোট ঝড় বয়ে গেছে। টাইমস অব ইন্ডিয়ার খবরে এমনটাই বলা হয়েছে।
ভারপ্রাপ্ত হয়ে আগেও বাংলাদেশ সফরে এসেছেন। কিন্তু এমন পরিস্থিতিতে পড়েননি। আগামীকাল ম্যাচ হেরে গেলে সিরিজটাই হেরে যাবে ভারত। যেটি হবে বাংলাদেশের কাছে তাদের প্রথম সিরিজ পরাজয়। এমনিতে শাস্ত্রীর সামনে ঝুলছে বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া কোচ হওয়ার প্রস্তাব। বাংলাদেশের কাছে সিরিজ হার কিংবা ধবলধোলাই সেই মুলো বা গাজরটা যে নিমিষেই অদৃশ্য হয়ে যেতে পারে, এই আশঙ্কা তো থাকছেই। সেদিন পার্টটাইম স্পিনার সুরেশ রায়না বড় বাঁচা বাঁচিয়ে দিয়েছেন ভারতকে। না হলে বাংলাদেশের স্কোরটা সাড়ে তিন শ পেরোত বলে মনে করেন ভারতেরই ক্রিকেট বিশ্লেষকেরা। যে উইকেটে বাংলাদেশের চার পেসার ভারতকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে, সেখানেই ভারতের তিন পেসার খেয়েছে বেধড়ক মার।
ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব আর মোহিত শর্মাদের ওপর খেপে ‘অগ্নিশর্মা’ শাস্ত্রী। ধোনি বারবার বোলারদের ঘুরিয়ে ফিরিয়ে পেসারদের স্পেলে আনার চেষ্টা করেছেন। স্পিনাররা যখনই রানের চাকা আটকে ধরেছে, পেসাররা সেই রাশ আবার আলগা করে দিয়েছে।
অবশ্য শুধু যে পেসারদের ওপর তাঁর রাগ, এমন নয়। পুরো ভারতীয় দলের শরীরী ভাষা নিয়ে প্রশ্ন তুলেছেন দলের পরিচালক হয়ে আসা শাস্ত্রী। তুলনা করেছেন জয়ের জন্য ক্ষুধার্ত বাঘের মতো প্রতিটা মুহূর্তে লড়াই করা বাংলাদেশের সঙ্গে। গতকাল শুক্রবার খেলোয়াড়দের ছুটি দিয়ে দিয়েছিলেন, এ যেন আমলাতন্ত্রের ভাষায় ‘ওএসডি’। আজ আবার অনুশীলনে ঘাম ঝরাচ্ছে ভারত। সবচেয়ে বেশি ঘাম শাস্ত্রী যে পেসারদের শরীর থেকেই ঝরাবেন, সেটা না বলে দিলেও চলছে।
বাধ্য হয়েই সেদিন ১২ ওভার পার্টটাইম বোলারদের দিয়ে করাতে হয়েছে ধোনিকে। রায়নার দশ ওভারের পাশাপাশি বিরাট কোহলিও দুই ওভার হাত ঘুরিয়ে গেছেন। শাস্ত্রী এখনো সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেননি বলে তাঁর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যাচ্ছে না। তবে ধোনি বারবার বাংলাদেশের পেসারদের প্রশংসা করেছেন। ঠিক লাইন ও লেংথে বল করা, মাঝে মধ্যেই ভড়কে দেওয়া বাউন্সার আর এর সঙ্গে পেসের বৈচিত্র্য-স্লোয়ার-কাটারও তো ছিলই। সরাসরি বলেননি, তবে ধোনির কথায় ইঙ্গিত ছিল, বাংলাদেশের পেসারদের দেখে শেখা উচিত ভারতীয় বোলারদের।
যুদ্ধের মধ্যে খণ্ডযুদ্ধ থাকে। প্রথম ম্যাচে আসল লড়াইয়ে বাংলাদেশ জিতেছে। তারকাখচিত ব্যাটিং লাইনআপের বিরুদ্ধে জিতেছেন তামিম-সৌম্য-সাকিবরা। ধোনি বনাম মুস্তাফিজের অসময় লড়াইটাতে এই তরুণ তো দুবার জিতেছেন-মাঠে ৫ উইকেট নিয়ে; ম্যাচ রেফারির শুনানিতে অকপটে দোষ স্বীকার করে।
ম্যাকগ্রা থেকে শুরু করে স্টেইন পর্যন্ত সবাই যখন যাদব-ভুবনেশ্বরদের প্রশংসায় পঞ্চমুখ, তখন পেস বনাম পেস লড়াইয়ের খণ্ডযুদ্ধটাতেও জিতেছে বাংলাদেশের পেসের চারমূর্তি। ভারতের দশ উইকেটের আটটিই যে তাদের!