পেসারদের ‘দেশে’ ব্যাটসম্যানের আকাল

গত কয়েক বছরে সিলেট বিভাগ থেকে জাতীয় পর্যায়ে উঠে এসেছেন অনেক ভালো ভালো পেস বোলার। কিন্তু উঠে আসছেন না ভালো ব্যাটসম্যান।

অলক কাপালি আর রাজিন সালেহর পর সিলেটে ব্যাটসম্যানের আকাল চলছেফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট এখন পেসারদেরই বিভাগ। আবু জায়েদ, ইবাদত হোসেন, খালেদ আহমেদ তো বাংলাদেশ টেস্ট দলেরই নিয়মিত সদস্য। পেসারদের সরবরাহ সারিতেও সিলেটেরই জয়জয়কার। কিন্তু সিলেটের ব্যাটসম্যান বললে এখনো ভেসে ওঠে অলক কাপালি আর রাজিন সালেহর চেহারাই। এই দুজনের পর সিলেট থেকে‍ জাতীয় পর্যায়ে উঠে আসেননি আর কোনো ভালো ব্যাটসম্যান। এই হাহাকার সিলেটের সব পর্যায়ের ক্রিকেটেই।

জাতীয় ক্রিকেট লিগে সিলেট বিভাগের অধিনায়ক জাকির হাসান আক্ষেপ করে বলছিলেন, ‘আমাদের একজন ব্যাটসম্যান খুব দরকার। মিডল অর্ডারে আমি আছি, নিচে জাকের আলী। আমাদের যে বোলিং আক্রমণ, আমরা নিয়মিতই ২০ উইকেট নিতে পারব। রাহি ভাই (আবু জায়েদ), ইবাদত ভাইয়েরা আছেন। শুধু দরকার একজন ভালো ব্যাটসম্যান।’

একটা সময় অলক ছিলেন বাংলাদেশের ব্যাটিংয়ের অন্যতম বড় ভরসা
ফাইল ছবি

এই একজন ভালো ব্যাটসম্যানের অভাবটা সিলেট পূরণ করছে অন্য বিভাগের ক্রিকেটার ধার করে। গত মৌসুমে নারায়ণগঞ্জের তরুণ উইকেটকিপার–ব্যাটসম্যান অমিত হাসান প্রায় একাই টেনেছেন সিলেটের ব্যাটিং। ঢাকা মহানগর চাইলে আগামী মৌসুমে অমিতকে ছেড়ে দেওয়া ছাড়া উপায় থাকবে না সিলেটের। এর আগে খুলনার আফিফ হোসেন, রাজশাহীর মুশফিকুর রহিমকে দিয়েও ঠেকার কাজ চালিয়েছে সিলেট।

ভালো ব্যাটসম্যানের জন্য আকুতি অলকেরও। ১৯৯৯ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হওয়া অলক এখনো সিলেটের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলে যাচ্ছেন। তরুণ ব্যাটসম্যানরা উঠে না আসায় তাঁর মতো সেরা সময় ফেলে আসা ব্যাটসম্যানকেও প্রতিযোগিতার চাপ অনুভব করতে হচ্ছে না। অলকের মনেও তা–ই প্রশ্ন, ‘আমি কেন এখনো রান করব? এখন রান করবে তরুণেরা।’

মিডল অর্ডারের ভরসা হয়ে উঠেছিলেন রাজিন সালেহও
ফাইল ছবি

কেন সিলেট থেকে ভালো ব্যাটসম্যান উঠে আসছেন না, এই প্রশ্নে তিনি সবার আগে বললেন, ব্যাটিং অনুশীলনের উপযোগী সুযোগ–সুবিধার অভাবের কথাই, ‘আমি নিজেই ব্যাটিং অনুশীলন করার টার্ফ পাই না। পেসারদের জন্য উইকেট অতটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু ভালো ব্যাটসম্যান হতে হলে ভালো উইকেটে অনুশীলন করতে হবে। ভালো উইকেটে খেলতে হবে। সেটাই আমরা পাচ্ছি না।’ বিশেষ করে বললেন ভালো মাঠের অভাবের কথা, ‘সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সারা বছর বিসিবির প্রোগ্রাম চলে। সেটা স্থানীয়দের জন্য উন্মুক্ত নয়। জেলা স্টেডিয়াম ব্যস্ত থাকে ফুটবল ও অন্যান্য অনুষ্ঠানে। গত জাতীয় লিগের আগে আমি ১৫ দিন ব্যাটিংয়ের সুযোগ পেয়েছি। আমিই যেখানে ঠিকমতো প্রস্তুতি নিতে পারিনি, তরুণদের তো সুযোগটা আরও কম।’

ব্যাটসম্যানদের জন্য আদর্শ নয় স্থানীয় লিগের উইকেটও। অবশ্য জাতীয় দলের আরেক সাবেক সিলেটি ব্যাটসম্যান রাজিন সালেহ প্রশ্ন তুলেছেন লিগের মান নিয়েও, ‘সিলেটের লিগে মাঝে কয়েক বছর অবনমন পদ্ধতি ছিল না। অবনমন না থাকলে কী হয়, সেটা তো সবারই জানা। দলগুলো দায়সারাভাবে দল চালায়। ১০ দলের মধ্যে প্রতিযোগিতায় থাকে তিন–চারটি দল। এভাবে তো ব্যাটসম্যান তৈরি হয় না! ব্যাটসম্যানদের প্রচুর সুযোগ দরকার।’

লিগের এমন দৈন্যদশার কারণ জানতে চাইলে স্থানীয় জিমখানা ক্লাবের ম্যানেজার সৈয়দ তকরিমুল হাদী বললেন আর্থিক সমস্যার কথা, ‘লিগে সব সময়ই কয়েকটি দলের দাপট ছিল। কিছু দল ১৪-১৫ লাখ টাকা পর্যন্ত খরচ করে। কেউ সাত-আট লাখ টাকা খরচ করে। বাকিরা আর্থিকভাবে তেমন সচ্ছল নয়। ক্লাব টাকা খরচ না করলে তো কারও কিছু করার নেই।’

ভালো উইকেটের অভাবে সিলেটের বয়সভিত্তিক দলগুলোও ভুগছে ব্যাটসম্যান–সংকটে। কোনো রকম প্রস্তুতি ছাড়াই ক্রিকেটারদের ম্যাচ খেলতে নামিয়ে দেওয়া হয়। সিলেট জেলার বিসিবির কোচ রানা মিয়ার আক্ষেপ, ‘ছেলেদের কোনো অনুশীলন ছাড়াই ম্যাচ খেলাতে হয়। আমরা পেস বোলিংয়ের ক্ষেত্রে খুব ভালো করছি। কিন্তু উইকেটে সুযোগ–সুবিধার অভাব থাকায় ভালো ব্যাটসম্যান বেরিয়ে আসছে না।’