পেসারদের নিয়ে আশা বাড়াচ্ছেন জায়েদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দারুণ বোলিংয়ে দল জেতালেন আবু জায়েদ। ছবি: প্রথম আলো
দারুণ বোলিংয়ে দল জেতালেন আবু জায়েদ। ছবি: প্রথম আলো

১৭১ রানের লক্ষ্য। এ উইকেটে খুব যে বড় লক্ষ্য তা নয়। মাহমুদউল্লাহ ও আরিফুল হকই একটু আগে দেখিয়ে দিয়েছেন সেটা। কিন্তু মাত্র দুই বলের মাঝেই লক্ষ্যটাকে দুরতিক্রম্য বানিয়ে দিলেন একজন। দুই বলেই ম্যাচের গল্প লিখে দিলেন আবু জায়েদ রাহি। খুলনা টাইটানসকে ম্যাচ জেতানো এই পেসারই আজকের ম্যাচের সেরা।

বিপিএলে চিটাগং ভাইকিংসের প্রথম দুই ম্যাচে লুক রনকি-ঝড় দেখেছে সবাই। ও রকম কোনো ঝড় আজও দেখা গেলে ম্যাচ হারতে দেরি হতো না খুলনার। ইনিংসের তৃতীয় বলেই সে ঝামেলা চুকালেন জায়েদ। অধিনায়ক মাহমুদউল্লাহর তালুবদ্ধ করালেন কিউই উইকেটকিপার ব্যাটসম্যানকে। পরের বলেই ফেরালেন ফর্মে থাকা সৌম্য সরকারকে। ম্যাচ থেকে তো তখনই ছিটকে পড়ল চট্টগ্রাম।

এক চার ও এক ছক্কায় দিলশান মুনাবীরা একটু আওয়াজ তুলছিলেন। জায়েদ তাই সে সুযোগও নিলেন না। পরের ওভারেই রাইলি রুশোর অসাধারণ এক ক্যাচে ফেরালেন মুনাবীরাকে। তিন ওভারে তিন উইকেট হারিয়ে পথভ্রষ্ট চট্টগ্রাম। জয়ের পথে অনেকটাই এগিয়ে গেল টাইটানস।

এরপরও ম্যাচ থেকে চট্টগ্রামকে বাদ দেওয়া যাচ্ছিল না। কারণ, শেষ ভরসা অধিনায়ক মিসবাহ-উল-হক রয়ে গিয়েছিলেন উইকেটে। ঢিমেতালের শুরু করলেও খানিক পরেই ঝড় তোলার ক্ষমতা আছে তাঁর। কিন্তু মিসবাহর ব্যাটিংকে প্রশ্নবিদ্ধ করে তুলতেই আবার ফিরে এলেন জায়েদ। প্রতিপক্ষ অধিনায়ককে আউট করে সমাপ্তি টানলেন অসাধারণ স্পেলের। ৩৫ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা পারফরম্যান্স এই পেসারের। ম্যাচসেরা হওয়ার পথে তাঁর যে আর কোনো প্রতিদ্বন্দ্বিতা ছিল না।