পেসারদের নিয়ে দুশ্চিন্তায় আছেন ইরফান পাঠান

করোনাভাইরাসের প্রাথমিক ধাক্কা সামলে নিয়েছে ক্রিকেট। এখনো গ্যালারিতে দর্শক না ফিরলেও আন্তর্জাতিক ক্রিকেটের দেখা মিলেছে। সফলভাবে দুটি টেস্টও মাঠে গড়িয়েছে। বলে লালা মেশানোর নিষেধাজ্ঞা মেনে নিয়েও ম্যাচ জেতানোর ক্ষমতা দেখাচ্ছেন পেসাররা। তবু ভারতীয় পেসারদের নিয়ে চিন্তিত ইরফান পাঠান।
সদ্য সাবেক এই পেসারের চিন্তা অবশ্য লালা, সুইং বা রিভার্স সুইং নিয়ে নয়। বরং করোনাভাইরাস নিয়ন্ত্রণের জন্য ভারতে যে লকডাউন দেওয়া হয়েছিল, সেটা পেসারদের শারীরিক অবস্থার ওপর প্রভাব ফেলেছে বলে ধারণা ইরফানের। মাসের পর মাস ঘরে থাকার ফলে সব ক্রিকেটারেরই ফিটনেসে অবনতি হয়েছে। কিন্তু পেসারদের ওপরই সবচেয়ে বিরূপ প্রভাব পড়বে বলে ধারণা ইরফানের।
ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও টেস্ট খেলার জন্য প্রস্তুত হয়ে গেছে পাকিস্তান। অস্ট্রেলিয়াও ফেরার অপেক্ষায়। সেদিক থেকে ভারতের অত তাড়া নেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলার কথা, তবে সে সফর আলোর মুখ দেখতে এখনো অনেকদিনের অপেক্ষা। এর আগেই হয়তো আইপিএল আয়োজন করতে পারে বিসিসিআই। কিন্তু তার আগে পেসারদের অন্তত চার থেকে ছয় সপ্তাহ সময় দেওয়ার পক্ষে ইরফান।
স্টার স্পোর্টসকে ইরফান বলেছেন, 'সত্যি বলছি, আমি পেসারদের নিয়ে দুশ্চিন্তায় আছি। ওদের ছন্দ ফিরে পেতে চার থেকে ছয় সপ্তাহ লাগবে। এটা খুব কঠিন কাজ। ঘন্টায় ১৪০-১৫০ কিলোমিটার গতিতে বল করা এবং প্রত্যেক বলের জন্য ২৫ গজ দৌড়ানো এবং টানা কয়েক ওভার বল করা কঠিন কাজ।'
পেস বোলারদের জন্যই কেন কাজটা বেশি কঠিন সেটা ব্যাখ্যা করে বুঝিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী এই বোলার, 'আপনার শরীর শক্ত হয়ে যাবে, চোট সামলানো বড় একটা ব্যাপার হবে। কারণ ফাস্ট বোলারের জন্য ছন্দে ফেরা জরুরি। আমার ধারণা স্পিনার বা ব্যাটসম্যানদের তুলনায় পেসারদের আরও বেশি সাবধান হতে হবে।'
এদিক থেকে শার্দুল ঠাকুর বেশ এগিয়ে থাকবেন। মে মাসেই অনুশীলনে ফিরেছেন এই পেসার। ওদিকে আইপিএলের জন্য প্রস্তুত হতে ঋষভ পন্ত ও সুরেশ রায়নাও ফিরেছেন নেটে। জাতীয় দলে থাকা পেসারদের মধ্যে উমেশ যাদব, মোহাম্মদ শামি ও উশান্ত শর্মাও অনুশীলনে ফিরেছেন বলে জানা গেছে।