পেসারদের নিয়ে স্ট্রিকের ভাবনা

কেন্ট ক্রাফটনের কথাই তাহলে ঠিক! উইকেট পুরোপুরি স্পোর্টিং। পেসাররা যেমন বাউন্স-মুভমেন্ট পাচ্ছেন, ব্যাটসম্যানদের ব্যাটেও বল আসছে। আদর্শ টেস্ট উইকেট বানানোর জন্য বড় একটা ধন্যবাদ পেতেই পারেন বোশেজো স্টেডিয়ামের কিউরেটর ক্রাফটন।
ধন্যবাদ কি তাঁকে বাংলাদেশের পেস বোলাররাও দেবেন না? উইকেট বানানোর সময় ক্রাফটন যতই কেমার রোচ-শ্যানন গ্যাব্রিয়েলদের কথা ভেবে থাকুন না কেন, তাঁর বিছিয়ে দেওয়া ২২ গজি গালিচা কিন্তু বাংলাদেশি পেসারদের পেয়েও মিটিমিটি হেসেছে। আল আমিন, রবিউল ইসলাম, শফিউলরা দেখিয়ে দিতে পেরেছেন পেসবান্ধব উইকেট পেলে তাঁরাও কিছু করতে জানেন। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ১০ উইকেটের ৭টিই নিয়েছেন তিন পেসার।
পেসারদের এমন পারফরম্যান্সে সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা পেস বোলিং কোচ হিথ স্ট্রিকের। তা তিনি খুশিও। তবে কোচের সঙ্গে কথা বলে মনে হলো, তাঁর প্রত্যাশার সীমাটা আরও বড়। ‘আমার মনে হয় আরও অনেক কাজ করার আছে। ঘরোয়া ক্রিকেটে খুব বেশি প্রথম শ্রেণির ক্রিকেট না খেলা বা দীর্ঘ পরিসরের ক্রিকেট না খেলা একটা সমস্যা। এ রকম চাপে (সেন্ট লুসিয়া টেস্টের মতো) পড়লে সে কারণেই অসুবিধা হয়’—গত পরশু বোশেজোতে বাংলাদেশ ড্রেসিংরুমের সামনে দাঁড়িয়ে বলছিলেন জিম্বাবুইয়ান এই কোচ।
টেস্টের দুই ইনিংসের মাঝখানে পর্যাপ্ত বিশ্রামকেও জরুরি মনে করেন স্ট্রিক। সে জন্য ব্যাটসম্যানদের ব্যাটিং করতে হবে লম্বা সময়। কিন্তু সেটা আর হচ্ছে কই বাংলাদেশ দলে! হিথ স্ট্রিক একটু দুঃখ করেই বললেন, ‘প্রথম টেস্টে আল আমিনের ওপর দিয়ে অনেক ধকল গেছে। দ্বিতীয় ম্যাচেও তাই হচ্ছে। এক ইনিংস বল করেই দ্রুত মাঠে নেমে যেতে হচ্ছে পরের ইনিংসে বল করতে। তাদের শরীর এতে অভ্যস্ত নয়।’ সবকিছু বিবেচনায় নিয়ে পেসাররা যা দিয়েছেন, তাতে কোচ সন্তুষ্ট, ‘ওদের বোলিংয়ে আমি সন্তুষ্ট। তিন বছর পর টেস্টে ফিরেই শফিউল ভালো জায়গায় বল ফেলছে। কিন্তু এই টেস্টের প্রথম দিনের প্রথম সেশন নিয়ে কিছুটা হতাশা আছে। ওয়েস্ট ইন্ডিজকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার খুব ভালো একটা সুযোগ আমরা হারিয়েছি।’
সামনে খেলা আছে আরও। বিশেষ করে পেসারদের সবচেয়ে বড় পরীক্ষাটা তো দিতে হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ২০১৫ বিশ্বকাপেই। হিথ স্ট্রিক তাই পেস বোলারদের ক্লাসে ছাত্রসংখ্যা আরও বাড়াতে চান। এই মুহূর্তে রবিউল, শফিউল, আল আমিন, রুবেলকে নিয়েই তাঁর কাজ। তবে কোচের দৃষ্টিটা সেন্ট লুসিয়া থেকে আটলান্টিক পাড়ি দিয়ে চলে যাচ্ছে ঢাকায়, ‘আমার মনে হয় অন্যদের দিকে তাকানোর সময় এসেছে। আশা করছি, তাসকিন টেস্ট খেলার মতো ফিট হয়ে উঠবে। আবুল হাসানও চোট কাটিয়ে দলে ফেরার জন্য কড়া নাড়বে। হাতে এ রকম ৫-৬ জন বোলার থাকা মানে তো খুবই ভালো।’
স্ট্রিকের কথা শুনে মনে হলো পেসারদের ফিটনেস নিয়ে কাজ করাটাও আছে তাঁর পরিকল্পনার মধ্যে, ‘আন্তর্জাতিক ক্রিকেটের জন্য আমাদের বেশ কিছু ভালো পেসার তৈরি করতে হবে। তাদের আরও ফিট হতে হবে, শারীরিকভাবে আরও সামর্থ্যবান হতে হবে যেন ওরা টেস্ট ক্রিকেটে টিকে থাকতে পারে।’ সেটার জন্য দরকার নিয়মিত ম্যাচ অনুশীলন। ওয়েস্ট ইন্ডিজে আসার আগে বাংলাদেশ সর্বশেষ টেস্ট খেলেছে গত জানুয়ারিতে। পরের টেস্ট খেলবে আগামী মাসে। মাঝে প্রথম শ্রেণির ক্রিকেটও নেই যে দীর্ঘ পরিসরের ক্রিকেটে অভ্যস্ততা ধরে রাখবে পেসাররা। ধরে রাখবে শারীরিক সামর্থ্য।
সেন্ট লুসিয়ায় পেসাররা সাফল্য পেলেও বাংলাদেশের মূল বোলিং শক্তি এখনো স্পিন। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে তরুণ তাইজুল ইসলামও কম সমস্যায় ফেলেননি ওয়েস্ট ইন্ডিজকে। অভিষেক টেস্টেই তো ইনিংসে ৫ উইকেট নিয়ে নিলেন। পেস বোলিং কোচ হয়েও স্ট্রিক তাই ভুলে যাচ্ছেন না স্পিনারদের কথা। বরং মনে করিয়ে দিলেন, দেশের মাটিতে বাংলাদেশ এখনো স্পিননির্ভর দলই। শুধু দেশের মাটিতে কেন, আগামী বিশ্বকাপেও বাংলাদেশ দলে স্পিনাররাই বড় শক্তি হতে পারে বলে মনে করেন তিনি, ‘ওয়ানডে ক্রিকেটে স্পিনাররা এখনো বড় ভূমিকা রেখে চলেছে। সাকিবের কথাই ধরুন। খেলাটা অস্ট্রেলিয়ায় হলেও একজন ভালো স্পিনার সব সময়ই ভালো স্পিনার।’
ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে জিম্বাবুয়ে সিরিজ। এরপরই শুরু হয়ে যাবে ২০১৫ বিশ্বকাপের প্রস্তুতি। কোচের আশা, তার আগে বেছে নেওয়ার জন্য হাতে যথেষ্টসংখ্যক পেসার পাবেন তিনি, ‘দেশে তাসকিন ও মাশরাফি আছে। আবুল হাসানও ফেরার জন্য তৈরি হচ্ছে। এরা সবাই অতীতে ভালো পারফর্ম করেছে। এর বাইরেও নিশ্চয়ই অনেকে দলে আসার চেষ্টা করবে। এটা খুবই ভালো।’
পেস বোলারদের মধ্যে স্বাস্থ্যকর এই প্রতিদ্বন্দ্বিতাটা ধরে রাখতে দেশের মাটিতেও দরকার ভালো পেসবান্ধব উইকেট।