পেসারদের পর দৃশ্যপটে স্পিনাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গায়ে টেস্ট ব্যাটসম্যানের তকমা। অথচ বাংলাদেশের খেলা সর্বশেষ টেস্টে একাদশে ছিলেন না মুমিনুল হক। বাদ পড়েছিলেন ফর্ম হারিয়ে। নাসির হোসেন সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আর তানভীর হায়দার তো টেস্ট দলেই কখনো ডাক পাননি। কাল চট্টগ্রামে অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতির অংশ হিসেবে চলা তিন দিনের ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাট হাতে সবচেয়ে ভালো করলেন এই তিনজনই।

তামিম ইকবালের সবুজ দল ২৮৩ রান করেছে প্রথম ইনিংসে, সর্বোচ্চ ৭৩ মুমিনুলের। তিন চার ও তিন ছক্কায় নাসির করেছেন ৬২ রান। দুটি ওয়ানডে খেলা তানভীরের স্কোর ৫১। মুমিনুলের সঙ্গে ভুল-বোঝাবুঝিতে রানআউটের আগে অধিনায়ক তামিম ফিরেছেন ২৯ রানে।

বৃষ্টিতে আগেভাগে খেলা বন্ধ হওয়ার আগে দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ২৪ রান তুলেছে মুশফিকুর রহিমের লাল দল। আগের দিন ১৪০ রানে ৯ উইকেট হারিয়ে ফেলার পর ইনিংস ঘোষণা করা দলটি পিছিয়ে আছে ১১৯ রানে।

পরশু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাজত্ব ছিল পেসারদের। সবুজ দলের তিন পেসার শফিউল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান ৭ উইকেট ভাগাভাগি করে নেন নিজেদের মধ্যে। ৫ উইকেট নেন সাত বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে মাত্র নয়টি টেস্ট খেলা শফিউল।

তবে দ্বিতীয় দিনে দৃশ্যপটে এলেন স্পিনাররাও। সবুজ দলের ১০ উইকেটের ছয়টিই ভাগাভাগি করে নিয়েছেন লাল দলের তিন স্পিনার সাকলাইন সজীব (৩), তাইজুল ইসলাম (২) ও নাঈম হাসান (১)। বাকি ৪ উইকেটের তিনটি পেয়েছেন পেসার রুবেল হোসেন।

কাল দিনের খেলা শেষে কথা বলেছেন নাসির। সেঞ্চুরি করতে পারেননি বলে আফসোস নেই মিডল অর্ডার এই ব্যাটসম্যানের, ‘আমি অনেক দিন টেস্ট খেলিনি। চেষ্টা করছি কীভাবে লম্বা ইনিংস খেলা যায়। প্রস্তুতি ম্যাচে ভালো করতেই হবে, এমন কিছু ছিল না। আমি শুধু খেলাটা উপভোগ করার চেষ্টা করছি।’