পুনেতে শুরু, ধর্মশালায় শেষ। হিমালয়ের কোলেই শেষ হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ। মাত্র চার টেস্টের একটা সিরিজ, কিন্তু যেন অনন্তকাল ধরেই চলছে! সিরিজ শুরু হওয়ার এক মাস আগ থেকেই যে ঢাকঢোল পেটানো হচ্ছে বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে। যে সিরিজে ব্যাটে-বলের লড়াইটা আড়ালে পড়ে গেছে প্রায়ই। তিন টেস্ট পরে সিরিজ যেমন ১-১ সমতায়, মুখের লড়াইয়েও দুই দলের মাঝে চলছে বেশ! দুই দলই যেন খেলার চেয়ে স্লেজিংয়েই মনোযোগ দিচ্ছে বেশি। দুই অধিনায়ক বিরাট কোহলি ও স্টিভ স্মিথের বচসা তো সব ধরনের সীমাই ছাড়িয়ে গেছে।
প্রায় যুদ্ধংদেহী মনোভাবের মধ্যেই শনিবার শুরু হচ্ছে সিরিজ নির্ধারণী টেস্ট। যে টেস্টই নির্ধারণ করে দেবে ভারত বোর্ডার-গাভাস্কার ট্রফি ফিরে পাবে, নাকি অস্ট্রেলিয়াই রেখে দেবে। নিজেদের মাটিতে আগের সিরিজ জেতায়, এবার সিরিজ ড্র করলেই চলছে অস্ট্রেলিয়ার।
মিচেল স্টার্কের দাবি, এটাই মরিয়া করে তুলেছে ভারতকে। এ সিরিজকে এমন ‘মুখরা’ করে তোলার দায়ও ভারতকে দিলেন অস্ট্রেলিয়ান পেসার, ‘ওরাই আমাদের চেয়ে বেশি করেছে। এ সিরিজের আগে অনেক বেশি মাতামাতি হয়েছে। অনেক উন্মাদনা তৈরি করা হয়েছিল। গত কিছুদিন যেভাবে খেলছিল ওরা! সেখানে আমরা ওদের মাটিতেই হারিয়ে দিলাম, এ কারণেই আমাদের ভয় পাচ্ছে ওরা। আত্মরক্ষার্থেই ওরা এমন আক্রমণাত্মক হয়ে উঠেছে। পরের টেস্টেই ওরা ঘুরে দাঁড়িয়েছে, খুব ভালো খেলেছে, সিরিজে ফিরেছে।’
সিরিজ নির্ধারণী ম্যাচটা হচ্ছে ভারতের সবচেয়ে পেসবান্ধব কন্ডিশন ধর্মশালায়। অথচ স্টার্কের দুর্ভাগ্য, এই টেস্টে তিনি খেলতে পারছেন না! চোটের কারণে বেঙ্গালুরু টেস্টের পরই দেশে ফিরে গেছেন স্টার্ক। ওদিকে ভারত কিন্তু এ ম্যাচের জন্য নিজেদের সবচেয়ে দ্রুতগতির বোলারকে ডেকে পাঠাচ্ছে। ধর্মশালা টেস্টের স্কোয়াডে আছেন চোট কাটিয়ে ফেরা মোহাম্মদ শামি। মাঠের কিউরেটর সুনীল চৌহানের কথায়ও গতির লড়াইয়ের আভাস, ‘স্বাভাবিক যে আচরণ করার কথা (উইকেট) সেটাই করবে। রঞ্জি ট্রফিতে পেসারদের বিপক্ষে ব্যাটসম্যানরা সবচেয়ে বেশি ভোগে এখানেই।’
দলের সঙ্গী হতে না পারলেও সতীর্থদের ওপর পুরো আস্থা আছে স্টার্কের। তাই তো সিরিজ ড্র নয়, জেতার স্বপ্ন দেখছেন এই বাঁহাতি ফাস্ট বোলার, ‘আমার ধারণা, আমরা জিততে পারি। পুরো সিরিজেই দেখিয়েছি, আমরা চ্যালেঞ্জ নিতে তৈরি।’ ক্রিকেট অস্ট্রেলিয়া, ক্রিকইনফো।