পেসাররা সব কোথায় হারাল!

মাশরাফি বিন মুর্তজা কি দিব্যদৃষ্টিতে দেখতে পেয়েছিলেন ব্যাপারটা?
টেস্ট দলে মাশরাফি নেই, তার পরও ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর সংবাদ সম্মেলনে প্রশ্ন হয়েছিল, এই পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশ দলের কী সম্ভাবনা দেখতে পান? মাত্রই পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’ করে আসা মাশরাফি অনেক উচ্চাভিলাষী স্বপ্ন দেখাতে পারতেন। অথচ তিনি কিনা বললেন, ‘টেস্ট জিততে হলে পাকিস্তানের ২০ উইকেট নিতে হবে। আমাদের বোলিং আক্রমণটা সে রকম কি না, তা-ও দেখতে হবে...।’
মাশরাফি সেদিন আসলে কী বোঝাতে চেয়েছিলেন, সেটা পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শেষেই স্পষ্ট। খুলনার ড্র টেস্টে পাকিস্তান ব্যাট করেছে এক ইনিংস। ঢাকায় দুই ইনিংস ব্যাট করলেও অলআউট করা যায়নি কোনো ইনিংসেই। বোলারদের ব্যর্থতার হিসাব নিয়ে বসলে স্পিনারদের তুলনায় পেসারদেরই মন খারাপ হবে বেশি। দুই টেস্ট মিলিয়ে পাকিস্তানের যে ২৪ উইকেট নিয়েছে বাংলাদেশের বোলাররা, পেসাররা নিয়েছেন তার মাত্র ৬টি!
টেস্ট সিরিজ শেষের সংবাদ সম্মেলনে বোলিং প্রসঙ্গে বলতে গিয়ে মুশফিকুর রহিম আলাদাভাবে কাঠগড়ায় দাঁড় করালেন পেসারদের। টেস্ট অধিনায়ক প্রশ্ন তুলেছেন পেসারদের নিষ্ঠা আর অনুশীলনে পরিশ্রম করার মানসিকতা নিয়েও। ব্যাটসম্যানদের সঙ্গে তুলনা করতে গিয়ে এমনও বলেছেন, ব্যাটসম্যানদের ভালো করার ইচ্ছা আছে। টেস্টের সঙ্গে কীভাবে মানিয়ে খেলতে হয়, সেই চেষ্টা আছে। একেকজন তাই ৪-৫ ঘণ্টা ব্যাটিং করে। বোলারদের মধ্যে এটা দেখা যায় না।
স্কোরকার্ড এবং মাঠের পারফরম্যান্স দেখলে মুশফিকের কথাটা উড়িয়ে দেওয়া যাবে না। কিন্তু এটাও তো ঠিক, গত কয়েক বছরে বাংলাদেশ দলের ব্যাটিং লাইনআপ বা স্পিন আক্রমণটা যেভাবে দাঁড়িয়ে গেছে, পেস আক্রমণে সেটা হয়নি। এই জায়গায় যেন সব সময়ই পরিবর্তনের হাওয়া! নইলে গত ওয়েস্ট ইন্ডিজ সফরে এত ভালো বল করার পরও কেন এবার বিবেচনাতেই আনা হবে না আল আমিনকে? রবিউল ইসলামই বা কোথায়! বছর দুয়েক আগের জিম্বাবুয়ে সফরে পর পর দুই টেস্টে ৫ উইকেট নিয়েছিলেন। তাক লাগিয়ে দিয়েছিলেন টানা বোলিং করেও। অথচ এবার যখন চোটে পড়া রুবেল হোসেনের জায়গায় দ্বিতীয় টেস্টের আগে আরেকজন পেসার নেওয়ার প্রয়োজন হলো, রবিউলের নাম তখনো মনে পড়ল না নির্বাচকদের!
আসলে দু-একজন ছাড়া বাংলাদেশের পেস বোলারদের নিয়তিই বুঝি এই যে, তঁারা খুব বেশি দিন পাদপ্রদীপের আলোয় থাকবেন না। বিশ্বকাপ থেকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ফেরা আল আমিনের ব্যাপারটাই ধরুন। নির্বাচকদের বক্তব্য, সাম্প্রতিক ফর্ম ভালো নয় বলে তাঁকে পাকিস্তান সিরিজের দলে নেওয়া হয়নি। অথচ টিম ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ এক সদস্য ঘনিষ্ঠ মহলে বলেছেন, বিশ্বকাপে শৃঙ্খলাভঙ্গের পর বিসিবি আল আমিনকে দলে নেওয়ার ব্যাপারে সবুজসংকেত দেয়নি বলেই পাকিস্তান সিরিজের বিবেচনায় আসেননি তিনি! খোঁজ নিয়ে আবার জানা গেল, আল আমিনকে দলে নেওয়া যাবে না, সে রকম কোনো নির্দেশনাই ছিল না বিসিবি থেকে। তাহলে?
২০০৯ সালের পর থেকে আর টেস্ট না খেললেও পেসারদের সংকটকালে তাঁদের পাশেই আছেন মাশরাফি। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে যে পেসাররা ভালো করেনি, মুশফিকের সঙ্গে সে ব্যাপারে একমত তিনি। তবে ওয়ানডে অধিনায়কের দাবি, পাকিস্তানের ২০ উইকেট নিতে না পারার ব্যর্থতা পেসার-স্পিনার সবারই, ‘পেসার বলেন বা স্পিনার, ২০ উইকেট নেওয়ার মতো বোলার আমাদের নেই। এটার জন্য দলে ম্যাকগ্রা, লি, ওয়ার্ন বা মুরালিধরনের মতো বোলার লাগে। আমাদের সাকিব-রুবেল ভালো বোলার, কিন্তু ব্রেক থ্রু দিতে পারে বা বড় জুটি ভাঙতে পারে এ রকম আরও বোলার লাগবে। তা ছাড়া আমাদের দেশে উইকেটও পেসারদের অনুকূলে থাকে না।’
অনুশীলনে পেসারদের কম পরিশ্রম করার অভিযোগ নিয়েও আছে তাঁর ভিন্ন ব্যাখ্যা, ‘ব্যাটসম্যানদের তো ৪-৫ ঘণ্টা অনুশীলন করতে হবেই। কিন্তু একজন পেসারের পক্ষে চাইলেও প্রতিদিন টানা এক ঘণ্টা বল করা সম্ভব না।’ এ প্রসঙ্গে চলে আসে বোলিং ফিটনেসের ব্যাপারটাও। যা বোঝাতে ওয়াসিম আকরামের উদ্ধৃতি দিলেন মাশরাফি, ‘বোলিং ফিটনেস সারা দিন দৌড়ালেও আসে না। ওয়াসিম আকরাম আমাকে এটাই বলেছিলেন। বোলিং ফিটনেসের জন্য বেশি বেশি বল করতে হবে, যেটা আমাদের এখানে হয় না। ইনজুরির শঙ্কার কারণে পেসারদের দিয়ে নেটে গুনে গুনে বল করানো হয়।’ মাশরাফির মতে, বোলিং ফিটনেস বাড়াতে সপ্তাহে অন্তত দুই-তিন দিন একজন পেসারকে টানা ৮-১০ ওভার বোলিং অনুশীলন করতে হবে।
মাস খানেক হলো পেসারদের নিয়ে এই কাজটা শুরু করেছেন জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়ণ আর একাডেমির কোচ স্টুয়ার্ট কার্পিনেন। সপ্তাহে দুই দিন পেসারদের বড় স্পেলে বোলিংয়ের অনুশীলন করাচ্ছেন। মাশরাফির আশা, এটা চলতে থাকলে অদূর ভবিষ্যতে তার সুফল পাওয়া যাবে। অকালে হারিয়ে যাবে না কোনো পেসার।