পেসাররা স্বস্তি দেবেন মাশরাফিকে?

ইংল্যান্ডে যেকোনো সিরিজ বা টুর্নামেন্টে পেসারদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। এবার বিশ্বকাপেও হয়তো থাকবে। বাংলাদেশের পেসাররা কি পারবেন সুযোগটা কাজে লাগাতে?
২০১৭ সালে ইংল্যান্ড থেকে বাংলাদেশ ফিরেছিল চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ওঠার গৌরব নিয়ে। কিন্তু শেষ চারের লড়াইয়ে ভারতের কাছে বাজেভাবে হারায় এ অর্জনে যেন একটু খামতিই থেকে গিয়েছিল। বিমানবন্দরে নেমে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তাই বলেছিলেন, ‘সেমিফাইনালে খেলাটা অনেক বড় ব্যাপার ছিল। তবে খারাপ লাগাও আছে। যেহেতু একটা ভালো সুযোগ পেয়েছিলাম, কিন্তু পারিনি।’
সেমিফাইনালে ভারতের কাছে বড় ব্যবধানে হারই শুধু নয়, ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে পেসারদের ব্যর্থতা বেশি ভুগিয়েছিল বাংলাদেশকে। মাশরাফি, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন—দলের চার পেসারই ব্যর্থ। চারজনের সম্মিলিত উইকেট মাত্র ৭টি। অথচ টুর্নামেন্টে সেরা পেসার হাসান আলীর উইকেট ছিল ১৩টি। ইংলিশ কন্ডিশনে পেসাররাই বেশি সফল হন। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিও ব্যতিক্রম নয়। সেরা চার বোলারের চারজনই ছিলেন পেসার। সেখানে বাংলাদেশের পেসাররা ধারাবাহিক হতাশ করেছেন। গত এক বছরে ওয়ানডেতেও বাংলাদেশের পেসারদের সাফল্য বলার মতো নয়। এ সময়ে সেরা পাঁচ ফাস্ট বোলারের মধ্যে আছেন একমাত্র মোস্তাফিজ।
এবার বিশ্বকাপে বাংলাদেশ দলের পেস আক্রমণে থাকছেন মাশরাফি, মোস্তাফিজ, রুবেল, সাইফউদ্দীন ও আবু জায়েদ। বিশ্বকাপের শেষ চারে যেতে হলে পেসারদের ভালো করতেই হবে। আস্থার প্রতিদান দিতে পারবেন পেসাররা? আয়ারল্যান্ডে রওনা দেওয়ার আগে নিজের সংবাদ সম্মেলনে অধিনায়ক মাশরাফি অবশ্য আশার কথা শুনিয়ে গেছেন। তিনি উদাহরণ হিসেবে টেনেছেন ২০১৫ বিশ্বকাপ, ‘শেষবার আমরা বিশ্বকাপ খেলেছিলাম অস্ট্রেলিয়ায়। একই কন্ডিশন থাকবে এবারও। ফ্ল্যাট উইকেট ছিল। আইসিসির চাওয়াই থাকে এমন। সেখানে (অস্ট্রেলিয়া) আমাদের পেসাররা ভালো করেছিল। আমাদের এখানেও (ইংল্যান্ডে) ভালো করার সামর্থ্য আছে। আমি নিশ্চিত ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে পেস বোলাররা যদি ভালো করে তাহলে ভালো করার সুযোগ বেশি থাকবে যেকোনো দলেরই। বোলারদের অতটা সহায়তা করবে না উইকেট। তবে আমরা যারা পেস বোলার আছি, যদি শুরুটা ভালো করি, ভালো বোলিং করি তাহলে আমাদের জয়ের সুযোগ বেশি থাকবে। হ্যাঁ, এটা ঠিক, আমরা চ্যাম্পিয়নস ট্রফিতে বোলাররা ভালো করিনি বলে একটা দল হিসেবে সেভাবে ভালো করতে পারিনি। অবশ্যই আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে জিতেছিলাম। তবে যে চার ম্যাচ খেলেছিলাম, ইংল্যান্ডে পেস বোলিংয়ে ভালো করিনি । ওটা আমাদের মাথায় আছে। নির্দিষ্ট একজন নয়, পুরো পেস আক্রমণকেই ভালো করতে হবে।’
ইংল্যান্ডে বাংলাদেশের পেস আক্রমণ কেমন করবে, সেটি পরে। সবাইকে আগে শত ভাগ ফিট থাকতে হবে। মাশরাফি বাদে বাকি চারজনই কম-বেশি চোটাঘাত নিয়ে গেছেন বিশ্বকাপ অভিযানে। রওনা দেওয়ার আগের দিন তীব্র গরমে অনুশীলন করতে গিয়ে মাংসপেশিতে টান লেগেছিল সাইফউদ্দীনের। যদিও এটি গুরুতর কিছু নয়। বিশ্বকাপের আগে আছে আবার আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ। সেখানে অবশ্য বিশ্বকাপ দলের বোলারদের বিশ্রাম দিয়ে দিয়ে খেলোনোর ভাবনা টিম ম্যানেজমেন্টের। যেহেতু লম্বা সফর, চোট নিয়ে একটা চিন্তা থেকেই যাচ্ছে। মাশরাফি অবশ্য পেসারদের চোট নিয়ে চিন্তিত নন, ‘পেস বোলারদের পুরোপুরি ফিট থাকা কঠিনই। ছোটখাটো চোট নিয়েই তাদের খেলতে হয়। আমাদের ড্রেসিংরুমে একজন কিংবদন্তি আছেন—কোর্টনি ওয়ালশ। তাঁর সঙ্গে কথা বলেও জেনেছি যে তিনি অনেক সময় সকালে উঠে ব্যথা অনুভব করতেন। এরপরও ম্যাচ খেলত। এটা অভ্যাসের ব্যাপার। আমাদের পেস বোলার যার আছে, একেবারে সিরিয়াস কিছু না হলে সবাইকে শত ভাগ দিতে হবে। এ মানসিকতা নিয়ে যেতে হবে। যেহেতু ওখানে কাজটা ভীষণ কঠিন।’
এই কঠিন কাজটা যদি করতে পারেন পেসাররা, সেটাই বড় স্বস্তির হবে মাশরাফির জন্য।