পেসে অসহায় পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনাহূতভাবে মাঠে ঢুকে পড়েছিলেন এই দর্শক। কিন্তু ‘বেরসিক’ নিরাপত্তারক্ষীরা ধরে মাঠের বাইরে নিয়ে যাচ্ছে তাকে। গতকাল  গ্যাবায় l এএফপি
অনাহূতভাবে মাঠে ঢুকে পড়েছিলেন এই দর্শক। কিন্তু ‘বেরসিক’ নিরাপত্তারক্ষীরা ধরে মাঠের বাইরে নিয়ে যাচ্ছে তাকে। গতকাল গ্যাবায় l এএফপি

মোহাম্মদ আমির আর সরফরাজ আহমেদকে হয়তো আলাদা করে ধন্যবাদই দেবে পাকিস্তান। প্রথম ইনিংসে এখন ১০০ রান করার আশাটা যে টিকে আছে, সেটি তো নবম উইকেটে এই দুজনের অবিচ্ছিন্ন ৩০ রানের জুটিতেই।
তা ১০০ রান হয়তো হবে, তবে ফলোঅন এড়াতে পারবেন মিসবাহরা? ব্রিসবেন টেস্টে অস্ট্রেলিয়ার ৪২৯ রানের পর কাল দ্বিতীয় দিন শেষে পাকিস্তান ৮ উইকেটে করেছে মাত্র ৯৭ রান!
লজ্জাটা আরও বড় হতে পারত। একটা সময় মনে হচ্ছিল, ফ্লাডলাইটের আলোয় স্টার্ক-হ্যাজলউডদের ছোড়া ‘গোলাপি-গোলা’ চোখেই দেখছেন না পাকিস্তান ব্যাটসম্যানরা। ওপেনার সামি আসলামের হেলমেটে বল লেগেছে দুবার, মিসবাহর লেগেছে গ্লাভসে। অস্ট্রেলিয়ার তিন পেসার মিলেই নিয়েছেন পাকিস্তানের ৮ উইকেট। আটজনের সাতজনই ফিরেছেন স্লিপে বা উইকেটকিপারকে ক্যাচ দিয়ে।
অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে কম রানে অলআউট (৬২, ১৯৮১ সালে পার্থে) হওয়ার শঙ্কাও একসময় উঁকিঝুঁকি দিচ্ছিল। ১ উইকেটে ৪৩ থেকে যে একসময় স্কোর হয়ে গিয়েছিল ৬ উইকেটে ৫৬! শেষ পর্যন্ত লজ্জাটা পেতে হয়নি, কিন্তু পাকিস্তানের উইকেট পতনের ধারা থেকেছে আরও কিছুক্ষণ। ৬৭ রানেই পড়ে অষ্টম উইকেট। এরপরই সরফরাজ-আমিরের ওই অবিচ্ছিন্ন জুটি। সরফরাজ অপরাজিত ইনিংস সর্বোচ্চ ৩১ রানে।
এর আগে ৩ উইকেটে ২৮৮ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া করেছে আরও ১৪১ রান। আগের দিন দুবার ভাগ্যের সাহায্য নিয়ে সেঞ্চুরি করা অধিনায়ক স্টিভ স্মিথ কালও একবার ক্যাচ দিয়ে বেঁচেছেন, কিন্তু ১৩০ রানের বেশি করতে পারেননি। সঙ্গী পিটার হ্যান্ডসকম্বও পেয়েছেন সেঞ্চুরি। আমির-রিয়াজরা দুর্দান্ত বোলিং করেছেন, সেটি সামলে নিয়েই ১০৫ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন ২৫ বছর বয়সী ব্যাটসম্যান। দেখে বোঝার উপায়ই ছিল না, ক্যারিয়ারে মাত্র দ্বিতীয় টেস্ট খেলছেন! ক্রিকইনফো।