পোর্টারফিল্ডের হতাশা ও ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আক্ষেপ করে গিয়েছিলেন ঠিক এক বছর আগে। ৫০ ওভারের বিশ্বকাপ শেষে তা নিয়ে তখন হইচইও কম হয়নি। উইলিয়াম পোর্টারফিল্ড কি জানতেন, অস্ট্রেলিয়া থেকে সেই হতাশা ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভেসে আসবে? সহযোগী দেশগুলোকে আরও খেলার সুযোগ করে দেওয়ার জন্য আরও একবার আর্তিই জানিয়ে গেলেন আইরিশ অধিনায়ক।
পোর্টারফিল্ডের দুঃখ কেন হবে না? টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব থেকে হেরে বাদ পড়লেও সান্ত্বনা থাকত। পরশু বাংলাদেশের সঙ্গে ম্যাচটা শেষ পর্যন্ত বৃষ্টিতে ভেসে যাওয়ায় আয়ারল্যান্ডের বিদায় হয়ে গেল প্রথম পর্বে একটি ম্যাচ বাকি থাকতেই। এটা ঘটনাচক্র যে ধর্মশালায় দিনের প্রথম ম্যাচে বৃষ্টি ঘাতক হয়ে এসেছিল হল্যাডের কাছেও। হারজিত পরের কথা, ডাচরা যে খেলারই সুযোগ পেল না। ডাচ অধিনায়ক পিটার বোরেন সংবাদ সম্মেলনে হতাশা ব্যক্ত করেছেন বেশ আবেগপ্রবণই হয়েই। সংবাদ সম্মেলনে পোর্টারফিল্ডকে সেটা মনেও করিয়ে দেওয়া হলো। আইরিশ অধিনায়কের কণ্ঠে পিটার বোরেনেরই প্রতিধ্বনি, ‘পিটারের কথা আমি শুনিনি। কিন্তু এ ব্যাপারটা অনেক দিন থেকেই একটা বোঝা হয়ে আছে। আইসিসি এই জন্যই টুর্নামেন্টটা দুই ধাপে আয়োজন করে আসছে। কারণ বড়দের কেউ শুরু থেকে বিদায় নিলে আইসিসি বড় অঙ্কের রাজস্ব হারাবে।’
ক্রিকেট বিশ্বায়ন নিয়ে অনেক দিন ধরেই কথা হয়ে আসছে। কিন্তু আইসিসি দৃশ্যত হাঁটছে উল্টো পথে। চ্যাম্পিয়নস ট্রফিতে দলের সংখ্যা কমিয়ে নামানো হয়েছে আটটিতে, ২০১৯ বিশ্বকাপেও দলের সংখ্যা নেমে দাঁড়াবে দশে। রাগবি, ফুটবলের সঙ্গে তুলনা করে পোর্টারফিল্ড কাঠগড়ায় দাঁড় করালেন আইসিসিকেই, ‘আর কোনো খেলায় এ রকম হয় না। সব খেলাই চেষ্টা করে নিজের পরিধিটা বাড়ানোর। ফুটবল বিশ্বকাপে ধাপে ধাপে দল বাড়িয়েছে। রাগবিও তাই করছে। অথচ আইসিসি শীর্ষ প্রতিযোগিতায় দল কমানোর চেষ্টা করছে। ব্যাপারটা খুবই হতাশার।’
পুরোনো গল্পটা বলতে গিয়ে পোর্টারফিল্ডের কণ্ঠে স্পষ্টতই ক্ষোভ ঝরল, ‘এসব কথা তো কারও কানে যায় না। গত বিশ্বকাপে আমরা রানরেটে বাদ পড়ার পর ওপরের পর্যায়ের অনেকেই খুশি হয়েছিলেন। কারণ আমাদের সুযোগ দেওয়া নিয়ে যেসব কথা হচ্ছিল, সেসব উপেক্ষা করা গেছে। একসময় সবকিছুই ধামাচাপা পড়ে গেছে। এমনটাই ঘটছে।’
কিন্তু তাই বলে তো আর খেলা থামিয়ে দেওয়া যায় না। পোর্টারফিল্ড তাই হাল ছাড়ছেন না, ‘আমাদের দিক থেকে ব্যাপারটা খুবই হতাশাজনক। তবে আমরা চেষ্টা করে যাব। আমাদের আরও ভালো করতে হবে। এ বছর আমাদের চারটি বড় ম্যাচ আছে। পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে নিজেদের মাঠে দুটি করে ম্যাচ খেলব। সেগুলো জিততে পারলে আরও বেশি ম্যাচ খেলার জন্য আমরা চাপ দিতে পারব।’ টাইমস অব ইন্ডিয়া।