পোলকও আগে বোলিং নিতেন না

পচেফস্ট্রুমের পর ব্লুমফন্টেইনেও টসে জিতে মুশফিকুর রহিমের আগে ফিল্ডিং করার সিদ্ধান্তে বিস্মিত নন, এমন লোক কমই আছে। এ সিদ্ধান্ত অবাক করেছে দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার শন পোলককেও। আজ মানগাউং ওভালে বসে পোলক বলেছেন, ‘একটা কথা বলতেই পারি। টসে জিতলে আমি কখনোই আগে বোলিং নিতাম না।’
পোলক অবশ্য হেসে বলেছেন, পচেফস্ট্রুমে টসে জিতে যে আগে বোলিং করে, সে ব্লুমফন্টেইনেও আগে বোলিংই নেবে। তবে দুটি উইকেটই ছিল ব্যাটিং করার জন্য ভালো। পচেফস্ট্রুমের উইকেট নিয়ে তাঁর মন্তব্য, ‘উইকেট ব্যাটিং উপযোগী মনে হলে পচেফস্ট্রুমের ঘরোয়া ক্রিকেটের দলগুলো সব সময় আগে ব্যাটিং নেয়। যদি মনে হয়, উইকেটে আগে বোলিং করলে ভালো হবে, তবু তারা ব্যাটিংই নেবে। এমনকি যদি মনে হয়, উইকেট বোলিংয়ের জন্য আসলেই খুব ভালো, তারা শেষ পর্যন্ত কিন্তু আগে ব্যাটিংই করে। কারণ ওখানকার উইকেট খুবই ফ্ল্যাট।’
দুই টেস্টেই বাংলাদেশের পারফরম্যান্স হতাশ করেছে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ককে, ‘আমি একটু হতাশ বাংলাদেশের খেলা দেখে। নিজেদের মাটিতে তারা ভালো খেলছে। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তো খুবই ভালো খেলেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের খেলা দেখেছি। ওখানেও দলটা ভালো খেলেছে। সে তুলনায় এখানে যা দেখলাম, তা খুবই হতাশাজনক।’ টেস্ট ক্রিকেটে বাংলাদেশে ১৭ বছর হতে চলল প্রায়। সেটি মনে করিয়ে দিয়ে পোলক বলেছেন, বাংলাদেশের উচিত এখন খেলাটাকে পরের ধাপে নেওয়া, ‘ওয়ানডে, টি-টোয়েন্টিতে তারা খুবই ভালো দল। তবে টেস্টেও তাদের আমি আরও ভালো অবস্থানে দেখতে চাই।’
বাংলাদেশ দলের খেলোয়াড়দের মধ্যে মাহমুদউল্লাহর খেলা ভালো লেগেছে পোলকের। প্রশংসা করেছেন স্পিনারদের বোলিংয়েরও। মোস্তাফিজুর রহমানের বোলিং নিয়ে মন্তব্য, ‘তাঁকে আরও অনেক কিছু রপ্ত করত হবে। ওর কাটার আছে, ভালো বাউন্সার দিতে পারে। কিন্তু সেগুলো মূলত ওয়ানডে আর নিজেদের কন্ডিশনে খেললে। এ ধরনের কন্ডিশনে ভালো করার জন্য তাকে আরও কিছু কৌশল শিখতে হবে।’
সাকিব আল হাসানকে টেস্ট দলে না দেখে বেশ হতাশ মনে হলো পোলককে, ‘আমি আশা করেছিলাম সাকিব আসবে। সামনের দুই মাস বাংলাদেশের কোনো টেস্ট নেই। তখনো তো সে বিশ্রাম নিতে পারত। সাকিব ভালো ক্রিকেটার। এখানে তার ভালো করার সম্ভাবনা ছিল। আমি চেয়েছিলাম সে এখানে খেলুক।’