পোলোস্যাকে সূচনা
ক্যালেন্ডারের পাতায় অক্টোবরের ১৯ তারিখটিকে নিশ্চয়ই লাল কালিতে দাগ দিয়ে রেখেছেন ক্লেয়ার পোলোস্যাক? ওই দিনটিতে ক্রিকেট ইতিহাসে নতুন একটি অধ্যায় লিখতে চলেছেন অস্ট্রেলিয়ান এই নারী আম্পায়ার। প্রথম নারী হিসেবে ম্যাচ পরিচালনা করতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার পুরুষদের লিস্ট ‘এ’ ওয়ানডে টুর্নামেন্ট ম্যাটাডোর কাপে। ড্রামোইন ওভালে কুইন্সল্যান্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের ম্যাচে তিনি থাকবেন তৃতীয় আম্পায়ার। টুর্নামেন্টে আরও দুটি ম্যাচে পোলোস্যাক থাকবেন রিজার্ভ আম্পায়ার। ২৭ বছর বয়সী এই আম্পায়ার পূর্ণকালীন পেশায় একটি উচ্চবিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষিকা। তবে আম্পায়ারিংয়ে আছেন ১২ বছর ধরে। পুরুষদের সিডনি গ্রেড ক্রিকেট, নারী ক্রিকেট লিগে আম্পায়ারিং করেছেন। আম্পায়ার ছিলেন গত বছর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সাউদার্ন স্টারস ইন্টারন্যাশনালের ম্যাচটিতেও। আম্পায়ারিংকেই কি পূর্ণকালীন পেশা হিসেবে নেওয়ার সময় এল পোলোস্যাকের? ক্রিকেট অস্ট্রেলিয়া।