সাকিব আল হাসান আর তামিম ইকবাল চোটের কারণে বাইরে। মুশফিকুর রহিমকে ‘বিশ্রাম’ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ দলের নির্বাচকেরা, কিন্তু মুশফিকের মনে হচ্ছে তাঁকে বাদই দেওয়া হয়েছে এই সিরিজের দল থেকে। কারণ যা-ই হোক, মুশফিকও দলের বাইরে। লিটন দাস আর সৌম্য সরকার বাদ বাজে ফর্মের কারণে। বাংলাদেশ দলে আজ ‘সিনিয়র’ ক্রিকেটার বলতে আছেন শুধু অধিনায়ক মাহমুদউল্লাহই।
তরুণদের নিয়ে গড়া এক দল নিয়েই আজ মিরপুরে দুপুর ২টায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ নামবে পাকিস্তানের বিপক্ষে। সেই পাকিস্তান, দিন পাঁচেক আগে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে যারা দুর্দান্ত ক্রিকেট খেলেছে। সেই পাকিস্তান, সেমিফাইনালে শেষ মুহূর্তের নাটকে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার আগ পর্যন্ত যাঁদের হাতেই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা দেখেছিলেন অনেকে।
বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক...তারকাখচিত এই পাকিস্তান দলের বিপক্ষে নতুন এই বাংলাদেশ দল আজ কেমন করতে পারবে? কাগজে-কলমের হিসেবে পাকিস্তান অনেক এগিয়ে, জয়ের সম্ভাবনার নিক্তিও তাই পাকিস্তানের দিকেই হেলে। কিন্তু ব্যাট-বলের লড়াইয়ে শেষ পর্যন্ত সব হিসেব পাল্টে দিয়ে বাংলাদেশ আজ জয়ের গল্প লিখতে পারবে?
পাঠক, আপনার কী মনে হয়? মত জানিয়ে দিতে পারেন নিচের পোল-এ অংশ নিয়ে।