পোলার্ড–হোল্ডারদের ছাড়াই বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশ সফরে আসছেন না কাইরন পোলার্ড ও জেসন হোল্ডারছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সফরে দুটি টেস্ট ও তিন ওয়ানডে খেলবে ওয়েস্ট ইন্ডিজ দল। এ দুই সংস্করণের সিরিজের জন্য আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লুআই)।

১০ জানুয়ারি ঢাকায় পা রাখার কথা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। সিরিজ চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। আজ নিজেদের ওয়েবসাইটে দুটি সংস্করণের জন্য আলাদা দুটি দল ঘোষণা করে সিডব্লুআই।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুটি টেস্ট খেলা হবে। আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগ মাথায় রেখে ওয়ানডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এ সিরিজ দিয়েই ২০২৩ বিশ্বকাপে খেলার অভিযান শুরু করবে তারা।

তবে বাংলাদেশ সফরে কোভিড-১৯ সতর্কতায় ওয়েস্ট ইন্ডিজের বেশ কিছু তারকা খেলোয়াড় আসছেন না। বোর্ডের ওয়েবসাইটে এ নিয়ে বলা হয়—করোনাভীতি অথবা ব্যক্তিগত কারণ।

টেস্টে ওয়েস্ট ইন্ডিজের নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডারকে দেখা যাবে না বাংলাদেশ সফরে। এ ছাড়া কাইরন পোলার্ড, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, শেলডন কটরেল, এভিন লুইস, শাই হোপ, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, ফাবিয়েন অ্যালেন ও শেন ডাওরিচদের এই সফরে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের নেতৃত্ব দেবেন ক্রেগ ব্রাফেট
ফাইল ছবি: এএফপি

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের করোনানীতি অনুযায়ী, ব্যক্তিগত নিরাপত্তার কারণ দেখিয়ে দেশের বাইরে সফর থেকে নাম প্রত্যাহার করে নিতে পারেন যেকোনো ক্রিকেটার। এই সিদ্ধান্ত ভবিষ্যতে দলে জায়গা পেতে বাধা হয়ে দাঁড়াবে না।

হোল্ডারের অনুপস্থিতিতে টেস্ট দলের নেতৃত্ব দেবেন ক্রেগ ব্রাফেট। জার্মেইন ব্ল্যাকউড দলের সহ-অধিনায়ক। ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাসম্পন্ন জ্যাসন মোহাম্মদ। ওয়ানডে দলের সহ-অধিনায়ক সুনীল অ্যামব্রিস।

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নতুন মুখও আছে। ৪০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতাসম্পন্ন কাভেম হজ প্রথমবারের মতো ডাক পেয়েছেন জাতীয় দলে।

টপ অর্ডার এই ব্যাটসম্যান ছাড়াও বাঁহাতি ওপেনার শেন মোজলি ও কাইল মেয়ার্স প্রথমবারের মতো ডাক পেয়েছেন সফরগামী দলে।

মেয়ার্স এর আগে জাতীয় দলের হয়ে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ওয়ানডে দলে দুই নতুন মুখ—বাঁহাতি স্পিন অলরাউন্ডার আকিল হোসেন ও বাঁহাতি টপ অর্ডার ব্যাটসম্যান কিরণ ওটলে।

ওয়ানডে দলের নেতৃত্ব দেন জ্যাসন মোহাম্মদ
ফাইল ছবি: এএফপি

ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের প্রধান নির্বাচক ও সাবেক ক্রিকেটার রজার হার্পার সফর নিয়ে বলেন, ‘বেশ কিছু অভিজ্ঞ ক্রিকেটার না থাকায় কিরণ ওটলের জন্য এটা ভালো সুযোগ। সে গত বছর সুপার–৫০-এ ভালো করেছে। বাংলাদেশ সফর কখনোই সহজ নয়। তারা নিজেদের কন্ডিশনে ভালো খেলে। দলে বেশ কজন সিনিয়র খেলোয়াড় না থাকলেও এই দল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে বলে আমার বিশ্বাস।’

২০ জানুয়ারি ঢাকায় গড়াবে প্রথম ওয়ানডে। চট্টগ্রামে অনুষ্ঠিত হবে শেষ ওয়ানডে। ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। ১১ ফেব্রুয়ারি ঢাকায় শুরু হবে দ্বিতীয় টেস্ট।

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল: ক্রেগ ব্রাফেট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমা বোনার, জন ক্যাম্পবেল, রাকিম কর্নওয়াল, জশুয়া ডি সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কাভেম হজ, আলজারি জোসেফ, কাইল মেয়ার্স, শেন মোজলি, ভিরাস্বামী পেরমাউল, কেমার রোচ, র‌্যামন রেইফার ও জোমেল ওয়ারিক্যান।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: জ্যাসন মোহাম্মদ (অধিনায়ক), সুনীল অ্যামব্রিস (সহ-অধিনায়ক), এনক্রুমা বোনার, জশুয়া ডি সিলভা, জাহমার হ্যামিল্টন, চেমার হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, কাইল মেয়ার্স, আন্দ্রে ম্যাককার্থি, কিরন ওটলে, রোভম্যান পাওয়েল, র‌্যামন রেইফার, রোমারিও শেফার্ড, হেইডেন ওয়ালশ জুনিয়র।