পোলার্ডের পক্ষেই এমন ক্যাচ নেওয়া সম্ভব

বাটলারের ক্যাচটি অবিশ্বাস্য দক্ষতায় লুফে নেন পোলার্ডছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমানায় কাইরন পোলার্ডের ফিল্ডিং দেখলে ৩০ গজের বৃত্তের মধ্যে অ্যান্ড্রু সাইমন্ডসকে মনে পড়তে পারে অনেকের। দুজনেই লম্বা এবং বিশাল শরীরের অধিকারী। তারপরও ফিল্ডিং কী দুর্দান্ত! বড় শরীর অনায়াসে ফেলতে পারেন মাঠে। কাল পোলার্ডের এমন এক ফিল্ডিং দেখে শচীন টেন্ডুলকারের টুইট, ‘হা হা হা...শুধু কাইরন পোলার্ডই এমন ক্যাচ ধারাবাহিকভাবে নিতে পারে।’

পোলার্ডের অ্যাথলেটিজম বরাবরই প্রশংসা কুড়িয়েছে। রাজস্থানের বিপক্ষেও প্রশংসিত হলেন মুম্বাইয়ের এ ক্রিকেটার
ছবি: টুইটার

সত্যি, আইপিএল এলেই অবিশ্বাস্য কিছু ফিল্ডিং দেখা যায় মুম্বাই ইন্ডিয়ানস ক্রিকেটারের। বিশেষ করে উচ্চতা ও ক্ষিপ্রতাকে ব্যবহার করে সীমানায় ক্যাচ নেওয়ার ক্ষেত্রে। কাল আইপিএলে রাজস্থান রয়্যালসের জস বাটলারের এমনই এক অবিশ্বাস্য ক্যাচ নিয়েছেন ক্যারিবীয় তারকা। বাটলার যতক্ষণ উইকেটে ছিলেন রাজস্থানের জয়টা অসম্ভব মনে হয়নি। ১৪তম ওভারে জেমস প্যাটিনসনকে লং অনে উড়িয়ে মেরেছিলেন। বলটা বাতাসে ভাসলেও উচ্চতা বেশি ছিল না। পোলার্ড লাফ দিয়ে বলটা ডান হাতে নিলেও ধরে রাখতে পারেননি। পড়ে যাওয়ার পথে শেষ পর্যন্ত বাঁ হাতে ঠিকই তালুবন্দী করেন। ৭০ রানে ব্যাট করা বাটলার আউট হওয়ার পর মাঝে আর ৪ ওভার টিকেছে রাজস্থানের ইনিংস।

মুম্বাই আগে ব্যাট করে ৪ উইকেটে ১৯৩ রান তুলেছিল। এ রান তাড়া করতে নেমে দ্বিতীয় বলেই ফিরে যান যশস্বী জয়সওয়াল। দ্বিতীয় ওভারে ড্রেসিং রুমের পথ ধরেন স্টিভ স্মিথ (৬), পরের ওভারে সঞ্জু স্যামসন (০)। এরপর বাটলার একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন। পোলার্ডের অবিশ্বাস্য ক্যাচের শিকার হওয়ার পর রাজস্থানের ইনিংসে শেষ দিকে যা একটু লড়েছেন জফরা আর্চার। ইংলিশ পেসার ১১ বলে ২৪ রান করলেও হার এড়াতে পারেননি। ১৮.১ ওভারে ১৩৬ রানে অলআউট হয় রাজস্থান। ৫৭ রানের জয় তুলে নেয় মুম্বাই।

শেষ ৫ ওভারে জয়ের জন্য ৮১ রান দরকার ছিল রাজস্থানের। হাতে ছিল ৪ উইকেট। এখান থেকে আর্চার ও রাহুল তেওতিয়ার জন্য ম্যাচটা বের করা ভীষণ কঠিন ছিল। পরের ওভারেই যশপ্রীত বুমরা এসে তেওতিয়া ও শ্রেয়াস গোপালকে তুলে নিয়ে মুম্বাইয়ের জয়টা পরিণত করে স্রেফ সময়ের ব্যাপারে। দুর্দান্ত বোলিং করেছেন ভারতীয় পেসার। ইয়র্কার, গতি ও নিয়ন্ত্রিত লাইন-লেংথে মাত্র ২০ রান খরচায় ৪ উইকেট তুলে নেন বুমরা। তবে ম্যাচসেরা হতে পারেননি।

মুম্বাইয়ের হয়ে দারুণ বল করেন যশপ্রীত বুমরা
ছবি: টুইটার

মুম্বাইয়ের ইনিংসে সর্বোচ্চ স্কোরার সূর্যকুমার যাদব ৪৭ বলে ৭৯ রান করে ম্যাচসেরা। মুম্বাইয়ের বড় রান মানেই তো রোহিত শর্মার ব্যাটে হাসি—এই প্রথা দেখা যায়নি রাজস্থানের বিপক্ষে।


২৩ বলে ৩৫ রান করে আউট হন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। ১১ চার ও ২ ছক্কায় নিজের দুর্দান্ত ইনিংসটি সাজান সূর্যকুমার। রাজস্থানের হয়ে ২৮ রানে ২ উইকেট নেন শ্রেয়াস গোপাল। ৩৪ রানে ১ উইকেট আর্চারের।