প্রকৃতিই ভরসা ক্যারিবীয়দের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজের চাওয়া হতে পারে ‘আয় বৃষ্টি ঝেঁপে’; আর ভারতের—‘যা বৃষ্টি চলে যা’। ব্যাট-বলের লড়াই ছাপিয়ে কিংস্টন টেস্টের ভাগ্য শেষ পর্যন্ত গড়ে দিতে পারে প্রকৃতি।

পরশু টেস্টের তৃতীয় দিনে দুবার হানা দিয়েছিল বৃষ্টি, প্রথমবারেই কেড়ে নেয় ৫২ মিনিট। দ্বিতীয়বারের বৃষ্টি তো শেষ সেশনে একটা বলও মাঠে গড়াতে দেয়নি। টেস্টটাই আর খেলা হয় কি না, এ নিয়েও ছিল সংশয়। ক্যারিবীয় আবহাওয়া অফিসগুলোর পূর্বাভাস, চতুর্থ ও পঞ্চম দিনে বৃষ্টির পাশাপাশি চোখ রাঙাচ্ছিল উপকূলীয় ঝড়ও। ওয়েস্ট ইন্ডিজের জন্য এটি আশার খবর হলেও ভারতের জন্য নয়।

বৃষ্টিতে তৃতীয় দিনের খেলা বন্ধ হওয়ার আগেই ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ৩০৪ রানে এগিয়ে থেকে ইনিংস ঘোষণা করে ভারত। সিরিজে আগের তিন ইনিংসে ব্যাটিংয়ের যা রেকর্ড, তাতে কোহলিদের আরও একবার ব্যাটিংয়ে নামানো ক্যারিবীয়দের জন্য কঠিন চ্যালেঞ্জ। প্রথম টেস্টের দুই ইনিংস ও এই টেস্টের প্রথম ইনিংসে একবারও আড়াই শ রান করতে পারেননি হোল্ডাররা।

ওয়েস্ট ইন্ডিজের জন্য তৃতীয় দিনে কাজটা কঠিন করে দিয়েছেন অজিঙ্কা রাহানে। আগের দিন লোকেশ রাহুল সেঞ্চুরি করেছিলেন, তাঁর দেখানো পথেই পরশু হাঁটলেন রাহানে। ১০৮ রান করে অপরাজিত শেষ পর্যন্ত। ২০১৩-১৪ সালে দক্ষিণ আফ্রিকা সফরের পর এ নিয়ে টানা আটটি সিরিজে ৯০ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন রাহানে, সেঞ্চুরি ছয়টি। এ সময়ের মধ্যে এই কীর্তি আর কারও নেই। এর মধ্যে সাতটি সিরিজই রাহানে খেলেছেন দেশের বাইরে।

রাহানের সেঞ্চুরি কিছুটা সংশয়ে পড়ে গিয়েছিল মধ্যাহ্নবিরতির পর। দিন শুরু করেছিলেন যাঁকে সঙ্গে নিয়ে, সেই ঋদ্ধিমান সাহা মধ্যাহ্নবিরতির ঠিক আগে আউট হয়ে গেলেন (৪৭)। প্রথম দফা বৃষ্টির পর পরপর দুই বলে ফিরে যান অষ্টম ও নবম ব্যাটসম্যান অমিত মিশ্র ও মোহাম্মদ শামি। এ কারণেই কি না, ৮০ পেরোনোর পর কিছুটা মিইয়ে গিয়েছিলেন রাহানে। তারপরও ৯০ পেরিয়েছেন ছক্কা মেরে। দশম ব্যাটসম্যান উমেশ যাদবকে সঙ্গে নিয়েই ভারতকে পৌঁছে দেন ৫০০-তে, নিজেও পেয়েছেন শতক। দিন শেষে ওই সময়ের ভাবনাটা জানালেন এভাবে, ‘সত্যি বলতে, আমি সেঞ্চুরির কথা ভাবছিলামই না। মিশ্র ও শামি যখন আউট হয়ে গেল, উমেশকে বললাম স্বাভাবিক ক্রিকেট খেলে যেতে।’

সেঞ্চুরি অবশ্য রাহানে পেয়েছেন ভাগ্যের জোরে। চেজের বলটা ব্যাটের কানায় লেগে উইকেটকিপার ও প্রথম স্লিপের মাঝ দিয়ে বেরিয়ে গেল, চার! কোচ অনিল কুম্বলে রাহানের উদ্‌যাপন ভিডিও করেছেন, সতীর্থরা করেছেন উল্লাস।

উল্লাসের উপলক্ষ অবশ্য ক্যারিবীয়দের জন্যও ছিল। নিজের পরের ওভারেই উমেশ যাদবকে আউট করে ইনিংসে পঞ্চম উইকেট পেয়েছেন ২৪ বছর বয়সী অফ স্পিনার চেজ। সিরিজের প্রথম টেস্টেই অভিষেক হয়েছে তাঁর, তবে ছিলেন উইকেটশূন্য। সমালোচনাও হচ্ছিল এ নিয়ে। তবে সেটির উত্তর কিংস্টনেই দিয়ে দিলেন চেজ। ক্রিকইনফো।