প্রচণ্ড গরমে একটু স্বস্তি দর্শকদের

গ্যালারির ছোট্ট একটি অংশে আজ ছাউনির ব্যবস্থা করা হয়েছেছবি: শামসুল হক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের ক্রিকেটারদের জন্য মাঠে পানীয় আনা–নেওয়ার ফাঁকে গ্যালারির দর্শকদের দিকেও কাল পানির বোতল ছুড়ে মারছিলেন পেসার শহীদুল ইসলাম। বাংলাদেশ দলের আরেক ক্রিকেটার নুরুল হাসানকেও গরমে অতিষ্ঠ দর্শকদের পানির পিপাসা মেটাতে দেখা গেছে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারির যে অংশটা ছাউনিতে ঢাকা, সেখানে সাধারণ দর্শকদের প্রবেশাধিকার নেই। আর সাধারণ দর্শকদের জন্য মাঠের দুই পাশে যে সাধারণ গ্যালারি, তা উন্মুক্ত আকাশের নিচে। বৃষ্টি, রোদ কোনোটা থেকেই তাই রক্ষা নেই দর্শকদের।

বিরতি পেতেই একটু ছায়ার আশ্রয় খুঁজে নিয়েছেন খেলোয়াড়েরা
ছবি: প্রথম আলো

শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টটা হচ্ছে প্রচণ্ড গরমের মধ্যে। তাপমাত্রা প্রথম দিনের মতো আজও ৩৩–৩৪ ডিগ্রি সেলসিয়াস, তবে মাঠটা সমুদ্রের খুব কাছে বলে গরমের অনুভূতি ৪০ ডিগ্রির কাছাকাছি। তার মধ্যেই প্রথম দিনের পর আজ দ্বিতীয় দিনেও গ্যালারিতে কিছু দর্শকের উপস্থিতি আছে।

দর্শকের কষ্ট দেখে একটু দেরিতে হলেও কিছুটা বোধোদয় হয়েছে বিসিবির। তাদের একটু ছায়া দিতে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারির ছোট্ট একটি অংশে আজ ছাউনির ব্যবস্থা করা হয়েছে। ভেন্যু ম্যানেজার ফজলে বারী খান বলছিলেন, ‘গতকাল একটু গরম ছিল, তাই বোর্ডকে অনুরোধ করেছিলাম ছাউনির ব্যাপারে। রাতেই এই ব্যবস্থা করা হয়েছে।’

গরমে অতিষ্ঠ সবাই
ছবি: প্রথম আলো

গত বছরই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংস্কারকাজ হয়েছে। ডিসেম্বরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগেই গ্যালারির ভাঙা চেয়ার সরিয়ে বসানো হয়েছে নতুন চেয়ার। তখনই প্রস্তাব করা হয়েছিল গ্যালারিতে স্থায়ী ছাউনি বসানোর। কিন্তু সেই প্রস্তাবে ইতিবাচক সাড়া মেলেনি। অথচ আর কিছু না হোক, গ্যালারির প্লাস্টিকের চেয়ারগুলো যেন রোদে পুড়ে আয়ু না হারায়, সে জন্যও ওপরে ছাউনি থাকলে ভালো।

ফজলে বারী খানও বলছিলেন, ‘চেয়ার বসানোর সময়ই এ নিয়ে আলাপ হয়েছিল। চেয়ারগুলো ঠিক রাখার জন্য হলেও শেড (ছাউনি) বসানো দরকার ছিল। চেয়ার তো বিসিবি বসিয়েছে। শেড বসানোর প্রস্তাব দিয়েছিলাম জাতীয় ক্রীড়া পরিষদকে। ওরা করবে, করছি—এমন করছে।’