প্রচণ্ড ভয়ে ছিলেন কোহলি
করোনাকালে রীতিমতো ঘরবন্দীই হয়ে পড়েছিলেন সবাই। দেশে দেশে লকডাউন অনেককেই পুরোনো অভ্যাস থেকে দূরে সরিয়ে রেখেছিল বেশ কয়েকটা মাস। খেলোয়াড়েরা পড়েছিলেন আরও বড় সমস্যায়। মাঠে খেলা না থাকায় নিজেদের ফিটনেস ধরে রাখাই তো ছিল বড় চ্যালেঞ্জের ব্যাপার।
নিজেদের বাড়ির জিমে সে চ্যালেঞ্জে উতরে গেলেও মাঠে অনুশীলনে নেমে প্রথম দিকে কিছুটা অসুবিধা হওয়াই স্বাভাবিক। আইপিএলের আগে নিজের ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে (আরসিবি) যোগ দিয়ে বিরাট কোহলিরও সবকিছু যেন নতুন নতুন মনে হচ্ছে। নিজেই জানিয়েছেন নেটে ব্যাট-বল নিয়ে অনুশীলনের সময় প্রথমদিকে নাকি তাঁর প্রচণ্ড ভয় লাগছিল।
সদ্যই বাবা হওয়ার আগাম ঘোষণাটা দিয়ে দিয়েছেন। স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা তাঁকে দিতে যাচ্ছেন জীবনের শ্রেষ্ঠ উপহারটা। আগামী বছর জানুয়ারি মাসেই কোহলি-দম্পতির কোল আলো করে আসছে সন্তান। সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেই একটা উদ্যাপন সেরে ফেললেন কোহলি। আরসিবির সতীর্থরা সবাই মিলে কোহলি আর আনুশকাকে শুভেচ্ছা জানিয়েছেন, কেক কেটে। পাঁচ মাস পর পুরোনো সতীর্থদের সঙ্গে দেখা হওয়া আর সন্তান আসার আনন্দ মিলে মিশে যেন একাকার হয়ে গিয়েছিল কোহলির মধ্যে।
করোনা-লকডাউনে মাঝে মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছেন কোহলি। এই সময়টাকে তিনি কাজে লাগিয়েছেন দারুণভাবে। বাড়িতে বসে নিজের ফিটনেসটা ধরে রেখেছিলেন প্রচণ্ড পরিশ্রম করে। যে ফিটনেস দিয়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়, সেটিতে মরচে পড়তে দেননি। কিন্তু ব্যাটে-বলে সংযোগটা বন্ধ ছিল পাক্কা পাঁচ মাস। আমিরাতে আরসিবি ক্যাম্পে নেট অনুশীলনে নেমেই অনুভব করলেন ব্যাপারটি। প্যাড-ট্যাড পরে, নেটে গিয়েই দেখলেন বোলারের হাত থেকে বেরিয়ে আসা সাড়ে পাঁচ আউন্সের বলটি তাঁকে ভয় ধরিয়ে দিচ্ছে, ‘শুরুর দিকে প্রচণ্ড ভয় লাগছিল। তবে দিনের শেষে অনুশীলনটা মন্দ হয়নি। আসলে পাঁচ মাস তো ব্যাট-বলের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। এ সময়টায় ফিটনেস নিয়ে কাজ করেছি। ফিটনেসে কোনো ঘাটতি নেই। ঝরঝরেই লাগছে।’