প্রতি বলই ডট করতে চান মেহেদী

অস্ট্রেলিয়ার ইনিংসে প্রথম বলেই অ্যালেক্স ক্যারিকে আউট করে স্পিনার মেহেদী হাসানের উদযাপনছবি: শামসুল হক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ম্যাচে জয়ের নায়ক নাসুম আহমেদও বলেছিলেন, ডট বলের চেষ্টা করতে গিয়েই উইকেট পেয়েছেন তিনি। এবার একই কথা বললেন বাংলাদেশকে দুই ম্যাচেই প্রথম ব্রেক থ্রু এনে দেওয়া মেহেদী হাসান। পাওয়ার প্লে-তে বোলিং করেন বলে প্রতিটা বলই ডট করার চেষ্টা থাকে বলেও জানিয়েছেন এই অফ স্পিনার।

প্রথম ম্যাচে প্রথম বলেই উইকেট এনে দিয়েছিলেন মেহেদী। পরের ম্যাচে অমন না হলেও প্রথম ব্রেক থ্রু এসেছে তাঁর বোলিংয়েই। তবে মেহেদীর আসল লক্ষ্য থাকে ভিন্ন, ‘সাদা বলের ক্রিকেটে নতুন বলে আমি বোলিং করতে পছন্দ করি। প্রথমত যেটা মাথায় থাকে, ডট বল করা। পাওয়ার প্লে-তে যত রান ছাড়া বল করা যায়। কারণ, এ সময়ে সবাই চায় বৃত্তের ভেতরের ফিল্ডারের সংখ্যার ব্যাপারটা ব্যবহার করতে। ছয় ওভার পর তো পাঁচজন ফিল্ডার বাইরে থাকে। তাই বেশির ভাগ খেলোয়াড় (পাওয়ার প্লে-র সময়ে) ঝুঁকিটা নিতে চায় রান বড় করার জন্য। তাই পাওয়ার প্লে-তে আমার লক্ষ্য থাকে যত ডট বল করা যায় এবং প্রতিপক্ষ ব্যাটসম্যানকে যত সম্ভব চাপে রাখা যায়।’

জিম্বাবুয়ের বিপক্ষেও এমন উইকেটের উচ্ছ্বাস ছিল মেহেদী হাসানের
জিম্বাবুয়ে ক্রিকেট

এ ক্ষেত্রে লাইন-লেংথটা আরও বেশি গুরুত্বপূর্ণ বলেও মনে করেন মেহেদী, ‘বিশেষ করে, আমাদের এই কন্ডিশনে স্পিন সহায়ক উইকেটে খেলতে গেলে ব্যাটসম্যানদের কাজটা অতটা সহজ হয় না। এই ক্ষেত্রে লাইন ও লেংথ খুব গুরুত্বপূর্ণ। ব্যাটসম্যানকে কীভাবে তার দুর্বল জায়গায় বোলিং করব বা তাকে কীভাবে আটকাব, সেটা সব সময় মাথায় থাকে। প্রতিটা বলেই মনে হয়, ডট বল দিতে হবে। এটা সব সময় মাথায় কাজ করে।’

অবশ্য বোলিংয়ের মতো ব্যাটিংয়েও আগের ম্যাচে ওপরের দিকে পাঠানো হয়েছিল মেহেদীকে। এমনিতে ঘরোয়া ক্রিকেটে প্রায় সব পজিশনেই ব্যাটিং করার অভিজ্ঞতা আছে তাঁর। তবে ছোট আন্তর্জাতিক ক্যারিয়ারে বেশির ভাগ সময়ই তাঁকে খেলতে হয়েছে নিচের দিকে। মেহেদী মনে করেন, একটা সুযোগ পেয়েছিলেন তিনি, ‘ঘরোয়া ক্রিকেটে আমি বিভিন্ন জায়গায় খেলি, তবে আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ কম পাওয়া যায়। কোচ, অধিনায়কের পরামর্শ মানার চেষ্টা করি। যেখানেই নামি না কেন, সুযোগ কাজে লাগানো গুরুত্বপূর্ণ ক্যারিয়ারের জন্য। সুযোগ বেশি আসে না, একটা সুযোগ কাজে লাগাতে পারলেই হয়তো ক্যারিয়ার বদলে যেতে পারে। আমার জন্য হয়তো এসেছিল, আরও ভালোভাবে কাজে লাগিয়ে শেষ করতে পারলে ভালো লাগত। ব্যাটিংটা উপভোগ করি, আশা করি সামনে ভুল শুধরাতে পারব।’

আগামীকাল শুক্রবার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।

দ্বিতীয় ম্যাচে শুরুতে বেশ কয়েকবার সুযোগ পেয়েছিলেন মেহেদী। শেষ পর্যন্ত ২৪ বলে ২৩ রান করে ফিরতে হয়েছে তাঁকে। তবে সাকিব আল হাসানকে ‘নিশ্চিন্ত’ রাখতেই অমন ব্যাটিং করেছিলেন মেহেদী, ‘আমাকে যেহেতু ওপরে পাঠানো হয়েছিল, আমি সাকিব ভাইকে বলছিলাম, ‘‘আপনি কোনো ঝুঁকি নেবেন না, আমি সব বলেই চেষ্টা করছি। যদি রান চলে আসে, তাহলে তো খুবই ভালো। আপনি ঠান্ডা থাকেন, আমি প্রতি বলেই ‘চান্স’ নেব।”’ উইকেটটা খুব সহজ ছিল না। চাইলেই বল ব্যাটে চলে আসে এমন না। ওদের বোলাররা বিশ্বমানের, ওরা জায়গা ছাড়া বল করে না। কষ্ট হয়েছে কাজ করতে গিয়ে। যতটুকু করতে পেরেছি, তাতে দল কিছুটা লাভবানই হয়েছে। অমন ইনিংসের জন্য আমরা যে চাপে ছিলাম, সেটা অনেকটাই কেটে গিয়েছিল।’

শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে সিরিজ জয়ের খুব কাজে চলে গেছে বাংলাদেশ। দলের সবারই এখন সিরিজ জেতার জন্য তৃতীয় টি-টোয়েন্টিকে ঘিরেই ভাবনা বলেও জানিয়েছেন মেহেদী।

আগামীকাল শুক্রবার মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।