‘প্রতি ম্যাচে একটা ফালতু মন্তব্য করতেই হবে তাঁকে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়ান চ্যাপেলের ওপর চটেছেন স্টিভ স্মিথ
ফাইল ছবি

ইয়ান চ্যাপেল সম্ভবত সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, আলোচনায় থাকবেন। ৭৭ বছর বয়সী সাবেক অধিনায়ক ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে একবার আলোচনায় এসেছিলেন রিভার্স শট বা সুইচ হিটের বিপক্ষে কথা বলে। তাঁর আইন নিজের হাতে তুলে নেওয়ার কথার জবাব দিয়েছিলেন সুইচ হিটে ওয়ানডেতে ঝড় তোলা গ্লেন ম্যাক্সওয়েল। বহু আগ থেকেই প্রচলিত একটি শটের বিপক্ষে চ্যাপেলের এমন আক্রমণে বিস্মিত হয়েছেন আরও অনেকেই।

এবার নতুন করে আলোচনায় এসেছেন চ্যাপেলদের বড়জন। টেস্ট ক্রিকেটে বাউন্সারে নিয়মিত মাথায় আঘাত পাচ্ছেন ব্যাটসম্যানরা। কনকাশন বদলির নিয়মও করা হচ্ছে। এতে দল বাড়তি খেলোয়াড় পেলেও খেলোয়াড়ের আঘাত পাওয়া তো বন্ধ হয়নি। তাই বোলারদের বাউন্সার দিতে মানা করেছেন চ্যাপেল। এমন কথা শুনে খেপে উঠেছেন স্টিভ স্মিথ। বলেছেন প্রতি ম্যাচ শেষেই আজেবাজে কথা বলাটা অভ্যাস হয়ে যাচ্ছে চ্যাপেলের।

টেস্টে একসময় একটা নিয়ম মেনে চলতেন পেস বোলাররা। আর সেটা হলো ব্যাটিংয়ে অদক্ষ টেল এন্ডারদের বাউন্সার না দেওয়া। এই ‘জেন্টেলম্যান এগ্রিমেন্টে’র দিন অবশ্য অতীত হয়ে গেছে। ইদানীং টেল এন্ডারদেরও ভালো রান করতে দেখা যায়। শুধু শুধু তাদের সঙ্গে ভদ্রতা দেখাতে গিয়ে প্রতিপক্ষের রান বাড়ানোর ঝুঁকি কে নিতে চায়? তাই এখন যেকোনো মূল্যে আউট করাটাই মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।

অস্ট্রেলিয়া ‘এ’ দল ও ভারতের মধ্যে তিন দিনের ম্যাচে অস্ট্রেলিয়ার দুজন মাথায় আঘাত পেয়েছে। এর মধ্যে একজন অবশ্য ফিল্ডিংয়ের সময়। তবে হ্যারি কনওয়ের আঘাত পাওয়ার পেছনে ভারতীয় পেসারদের দায় আছে। টানা বাউন্সার মারা হয়েছিল এ বোলারের হেলমেট তাক করে। শেষমেশ একটা লাগায় মাঠ ছাড়তে হয়েছিল কনওয়ে।

স্মিথ মনে করছেন ইয়ান চ্যাপেল ইদানীং আজেবাজে কথা বলা শুরু করেছেন।
ছবি: এএফপি

অস্ট্রেলিয়া অ্যাডিলেড টেস্টে তার প্রতিশোধই হয়তো নিল। ভারতের ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দেওয়ার পর শেষ উইকেট ফেলতে একটু কষ্ট হচ্ছিল অস্ট্রেলিয়ার। প্যাট কামিন্স তাই একটু বাউন্সার দিয়ে পরখ করে দেখতে চেয়েছিলেন। একটা শর্ট বল মোহাম্মদ শামির ডান হাতে লাগায় সিরিজই শেষ হয়ে গেছে ভারতীয় পেসারের। চ্যাপেল এভাবে টেল এন্ডারকে বাউন্সার দেওয়ার বিপক্ষে, ‘যদি কাউকে দেখে মনে হয় সে বাউন্সার খেলতেই পারে না, তাহলে তাকে একটু নিরাপত্তা দেওয়া উচিত। আম্পায়ারের বলা উচিত, “একে আউট কর, খুন করার চেষ্টা করো না।”’

স্টিভ স্মিথকে এ ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। সাধারণত এসব ক্ষেত্রে খুবই বিনয়ী থাকেন সাবেক অধিনায়ক। কিন্তু চ্যাপেলের ইদানীংকালের আচরণ ঠিক সহনীয় ঠেকছে না স্মিথের। তাই চাঁচাছোলা মন্তব্য করেছেন, ‘আমার মনে হয় ইদানীং প্রতি ম্যাচে আজেবাজে মন্তব্য করতেই হবে ইয়ান চ্যাপেলকে। আমার চোখে শর্ট বল খেলারই অংশ। বহু বছর ধরেই দারুণ সব লড়াই (বাউন্সারের বিপক্ষে ব্যাটসম্যানদের) দেখেছি এবং আমার মনে হয় না এটা নিষিদ্ধ করা ঠিক হবে।’

বাউন্সারের বিপক্ষে লড়াইয়ে হারার অভিজ্ঞতা স্মিথেরই আছে। গত অ্যাশেজে জফরা আর্চার টানা বাউন্সারে কঠিন পরীক্ষা নিয়েছিলেন তাঁর। স্মিথের মাথায় বল লাগায় কনকাশন বদলি হিসেবে নামতে হয়েছিল মারনাস লাবুশেনকে। সেই স্মিথই যেহেতু বাউন্সারের পক্ষে কথা বলছে, সে ক্ষেত্রে চ্যাপেলের সম্ভবত এ প্রসঙ্গে হার মেনে নেওয়াটাই ভালো হবে।