প্রতিজ্ঞা থেকে জিতিয়ে ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাকির হাসান
জাকির হাসান

বিকেএসপি নামটা বড় ভাই মাহবুব হাসানের মুখে প্রথম শোনা। ভাই এসে একদিন বললেন, ‘তোমাকে বিকেএসপিতে ভর্তি করিয়ে দেব...।’
জাকির হাসান এর আগে বিকেএসপির নামই শোনেনি। ভাইয়ের কাছে শুনেও প্রথমে বুঝতে পারেননি বিকেএসপি কী জিনিস। পরে যখন শুনলেন, এই সেই ‘তীর্থ’, যেখান থেকে সাকিব-মুশফিকের মতো ক্রিকেটারের সৃষ্টি, বিকেএসপিতে ভর্তি হতে রাজি হয়ে গেলেন সিলেটের এই কিশোর।
সেই জাকির এখন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের নিয়মিত মুখ। শুধু উইকেটকিপার-ব্যাটসম্যান বললেই যাঁর পুরো পরিচয় দেওয়া হয় না। তাঁকে বলা যায় ব্যাটিং-নির্ভরতা, কিপিং গ্লাভস ছাড়াও দলের অন্যতম সেরা ফিল্ডার। এবারের যুব বিশ্বকাপের শুরুর দিকে সেই রূপ দেখাতে না পারলেও কোয়ার্টার ফাইনালে নেপালের বিপক্ষে করা অপরাজিত ৭৫ রানের ইনিংস যেন ফিরিয়ে আনল হারিয়ে যাওয়া জাকিরকে।
গত বছর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ম্যাচে ৮১ করেছিলেন। চোখের সামনে সেই স্মৃতিটা ভাসিয়েই জাকির মাঠে নামেন পরশু, ‘ওই ইনিংসটা মাথায় ছিল। আত্মবিশ্বাস ছিল আরেকটা ভালো ইনিংস খেলতে পারব।’ মূলত ওয়ান ডাউনে খেলেন, ভালোবাসেন নিজেকে টপ অর্ডার ব্যাটসম্যান ভাবতে। কিন্তু যুব বিশ্বকাপে খেলছেন পাঁচ-ছয়ে। এ নিয়ে কোনো আক্ষেপ নেই ১৭ বছর বয়সী যুবার, ‘দলের প্রয়োজনে নিচে খেলছি। তাতে আক্ষেপের কিছু নেই। দেশের জন্য খেলায় কোনো আক্ষেপ নেই। অন্য খেলায় হলে হয়তো নিজের জায়গায় খেলতে চাইতাম।’
ব্যাটসম্যান জাকিরের বিশেষ গুণই এটা—যেকোনো জায়গায়, যেকোনো পরিস্থিতিতে মানিয়ে খেলতে পারেন। জায়গা বদল করে খেলিয়ে টিম ম্যানেজমেন্ট তাঁর সেই পারদর্শিতাকে কাজে লাগাচ্ছে বলে কিছুটা গর্বিতও মনে হলো জাকিরকে। তাতে বড় ইনিংস খেলার সুযোগ কমে গেলেও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার গুণ কাজে লাগাচ্ছেন এখানেও, ‘আমার পক্ষে নির্দিষ্ট রানের লক্ষ্য স্থির করে খেলা সম্ভব নয়। কারণ আমাকে একেক দিন একেক পরিস্থিতিতে খেলতে হয়। আমি নিশ্চিত নই প্রতিদিনই ১০ বা ২০ ওভার পর ব্যাটিং পাব। ৪০ ওভারের পরও তো পেতে পারি! প্রয়োজনের সময় দলের জয়ে ভূমিকা রাখতে পারাই আমার একমাত্র লক্ষ্য।’
অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৭ ক্রিকেট হয়ে গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছেন জাকির। বয়সভিত্তিক ক্রিকেটের ভুবনে তাঁর পরিচিতি মারকুটে ব্যাটসম্যান। কিন্তু পরশুর ইনিংসে সেটার প্রমাণ শুধু শেষ দিকেই একটু দিতে পারলেন। নেপালের বিপক্ষে নাকি প্রতিজ্ঞাই ছিল দলকে জিতিয়ে ফিরবেন। তাই পরিস্থিতি বুঝে খেলেছেন। শেষ পর্যন্ত সফল হওয়ায় জাকিরের কণ্ঠে ফুটছে আত্মবিশ্বাস, ‘অনেক দিন ধরে রান পাচ্ছিলাম না বলে খারাপ লাগত। চেষ্টা করে যাচ্ছিলাম...এখন অনেক ভালো লাগছে।’ অথচ ২০০৯ সালে সামনে ‘সৌভাগ্যে’র একটা দরজা না খুললে এই জাকিরের নামও হয়তো এখন কেউ জানত না। তাঁর ভালো লাগা, খারাপ লাগারও খবর কেউ রাখত না।
ছোট ভাইকে বিকেএসপিতে দেবেন বলে মাহবুব হাসান জাকিরকে নিয়ে যান ট্রায়ালে। ট্রায়ালের পর এক সপ্তাহের ক্যাম্প ডাকা হলো। ক্যাম্পের জন্য বাছাইকৃতদের তালিকায় জাকিরের নাম ছিল না। বয়সভিত্তিক ক্রিকেটে নিজের শুরুর গল্পটা সংক্ষেপে বলতে গিয়ে জাকির যেন নিজেকে এখনো ভাগ্যবান ভাবেন, ‘আমি প্রথমে তালিকায় ছিলাম না...ছিলাম ওয়েটিং লিস্টে। অনেকে বয়সের কারণে বাদ পড়লে আমি সুযোগ পেয়ে যাই। সিলেটের হয়ে অনূর্ধ্ব-১৪ ক্রিকেটে ভালো করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলে সুযোগ পাই।’
বিকেএসপির ট্রায়ালের অপেক্ষমাণ তালিকায় থেমে থাকেনি জাকিরের জীবন। এ নিয়ে দ্বিতীয় যুব বিশ্বকাপ খেলছেন, চোখে আরও বড় স্বপ্নের আঁকিবুঁকি। সেটা কী, জাকির নিজেও কি জানেন? সম্ভাবনার আকাশে যে কোনো ছাদ থাকে না!