প্রতিটি বলে চোখ রাখতে হয় এঁদের
শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা রানের পর রান করে যাচ্ছেন। কাঁহাতক আর সহ্য করা যায়? প্রেসবক্স ছেড়ে আমাদের প্রতিনিধি চলছেন অন্য স্বাদের খোঁজে। গিয়ে হাজির হলেন একেবারে টিভি সম্প্রচার নিয়ন্ত্রণ কক্ষে। সেই দেখার অভিজ্ঞতা চট্টগ্রাম থেকে জানাচ্ছেন রানা আব্বাস

এ তো বিশাল কারবার—জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের মিডিয়া সেন্টারের নিচতলায় পা রেখেই চক্ষু ছানাবড়া! প্রবেশাধিকার সংরক্ষিত। অনুমতি নিয়েই ঘুরে দেখা হলো সম্প্রচার কর্তৃপক্ষের খেলা চলাকালীন ভীষণ ব্যস্ত বিশাল অতিকায় প্রডাকশন রুমটা।
রিমোট টিপে সঠিক চ্যানেলে দিতে পারলেই হলো—সেকেন্ডের ভগ্নাংশে আপনার ড্রয়িং রুম হয়ে উঠছে গ্যালারি। খেলার খুঁটিনাটি সব চলে আসছে আপনার মুঠোয়। চট্টগ্রাম টেস্টের কথায় ধরুন, বাংলাদেশ কেমন ব্যাটিং করছে কিংবা বোলিং—সব আপনার চোখের সামনে। তামিম ইকবালের লং অন দিয়ে উড়িয়ে মারা, মুমিনুল হকের দৃষ্টিগ্রাহী ড্রাইভ, মুশফিকুর রহিমের সুইপ কিংবা মোস্তাফিজুর রহমানের কাটার—সবকিছু সরাসরি দেখা তো যাচ্ছেই।
মুহূর্তেই খেলোয়াড়ের দুর্দান্ত কোনো শট কিংবা ডেলিভারি নানা কোণ থেকে, নানাভাবে বিশ্লেষণ করা হচ্ছে। আজ কুশল মেন্ডিস জন্মদিনে সেঞ্চুরি করলেন, মুহূর্তেই জেনে গেলেন টেস্টে জন্মদিন সেঞ্চুরি করেছেন আর কজন ব্যাটসম্যান। কোন পরিস্থিতিতে কোন খেলোয়াড় কেমন খেলছেন, ম্যাচের পার্থক্য কোথায় ঘুরেছে বা একজন খেলোয়াড়ের শক্তি-দুর্বলতা কোথায়, পরিসংখ্যান-রেকর্ড—চৌকোনা ওই বাক্সে আপনার কিছুই অজানা নয়।
বল স্টাম্পের ওপর দিয়ে যেত তবুও ব্যাটসম্যান কেন রিভিউ নিলেন না—সে প্রশ্নটা তোলার সুযোগও আপনাকে করে দেওয়া হচ্ছে। সংশয়াচ্ছন্ন এলবিডব্লু, ক্যাচ, রানআউট, স্টাম্পিংয়ের সিদ্ধান্ত টিভি আম্পায়ার ঠিক দিচ্ছেন কি না, সেটিও পরিষ্কার বুঝতে পারছেন। এমনকি স্টাম্পের আশপাশে থাকা খেলোয়াড় কী বলছেন, গ্যালারির হাজার দর্শকের মধ্যে কেউ একজন প্রিয় দলের করুণ অবস্থা দেখে বিষণ্ন মুখে বসে আছেন, এ দৃশ্যটাও আপনার সামনে মূর্ত হয়ে উঠছে।
স্যাটেলাইটের এই যুগে বিশ্বের যেকোনো প্রান্তে যেকোনো খেলা দেখা যতটা জলবৎ তরলং কাজ, ঠিক ততটাই জটিল এটি তৈরির (প্রডিউস) প্রক্রিয়া। আপনি আমি প্রতিটি বল না দেখলেও কাজ চালিয়ে নিতে পারি। কিন্তু এঁদের সেই সুযোগ নেই। প্রতিটি বলেই চোখ রাখতে হয় তাঁদের। দম ফেলার ফুরসত নেই।
চট্টগ্রাম টেস্ট আপনার ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্বটা নিয়েছে যে টেলিভিশন চ্যানেলটা, তাদের হয়ে কাজ করছেন প্রায় ৭০ জন। এঁদের মধ্যে টেকনিক্যাল ক্রু ৫৫ জন, যাঁদের ৪০ জনই বিদেশি। সবাই কাজ করছেন ফ্রিল্যান্সার হিসেবে। যেখানে খেলা, সেখানেই তাঁরা। অনেকগুলো বিভাগের সমন্বয়ে হয় খেলা সম্প্রচারের কাজ। মাঠের চারপাশে বসানো আছে ২৪টি ক্যামেরা। ১৮টি চালাচ্ছেন অপারেটর, বাকি ৬টি স্থির।
ক্যামেরায় দৃশ্যধারণের সঙ্গে খেলাটা আরও প্রাণবন্ত করে তোলার দায়িত্বে আছে ধারাভাষ্য বিভাগ। ধারভাষ্যকারেরা শুধু ধারাভাষ্যেই সীমাবদ্ধ নন, খেলার আগে-পরে, মাঝবিরতিতে বিশ্লেষণ তো আছেই। খেলোয়াড়, কোচিং স্টাফের সাক্ষাৎকার নেওয়াও তাঁদের কাজ।
হক-আই, গ্রাফিকস, সাউন্ড, ইভিএস, স্কোরারস, পরিসংখ্যানবিদ, প্রকৌশল—নানা উপদলকে সমন্বয় করছে প্রোডাকশন টিম। দ্রুত সব ধাপ পেরিয়ে এ দলের কাজ শেষ হয় ‘প্রোডাকশন’টা স্যাটেলাইটে পৌঁছে দিয়ে। ‘শেফে’র রান্না শেষ! সেটি পরিবেশনার দায়িত্ব টিভি চ্যানেলের।
টিভির পরেও আরেকটা কাজ বাকি থাকে। আর সেটি করতে হয় আপনাকেই—টিভির রিমোটটা টিপে দেওয়া!