
ব্যাপারটি যদিও অনুমিতই ছিল। তার পরও আইসিসি টুর্নামেন্টের নকআউট পর্বে পা রাখা সব সময়ই বিশেষ কিছু। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল লড়াই নিয়ে শ্রীলঙ্কা দলের সবাই রোমাঞ্চিত। গত কয়েক সপ্তাহে আমরা দুর্দান্ত ক্রিকেট খেলেছি। কোয়ার্টার ফাইনালে নামব আমরা আত্মবিশ্বাসের একদম চূড়ায় থেকে।
প্রচণ্ড চাপের নকআউট ম্যাচে সব সময়ই ভালো করি বলে একটা পরিচিত আছে আমাদের। সেটা যৌক্তিক কারণেই। লোকে অনেক সময় জিজ্ঞেস করে, এটা কীভাবে পারি আমরা! আমার মতে এটার রহস্য, কোনো রহস্য না রাখা। সবকিছু খুব সাধারণভাবে রাখি ও ভাবি। মাঠে নামি শুধু উপভোগ করতে ও মজা করতে। এটা তো জীবন-মরণের ব্যাপার নয়, স্রেফ একটা খেলা। আর খেলা উপভোগ করাই উচিত।
শ্রীলঙ্কা দলে সব সময়ই এটা দেখে এসেছি আমি। আমরা যখন উপভোগ করি, একটু স্বাধীনতা ও খোলা মন নিয়ে খেলি, তখনই সেরা খেলাটা খেলি। চাপের মধ্যে খেললে ওভাবে খেলা প্রায় অসম্ভব। নিজেদের খেলাটা আমরা খুব ভালো করে বুঝি। এ জন্যই আমরা সব সময় প্রস্তুতিতে খোলা মন নিয়ে থাকা এবং সহজাত থাকায় প্রাধান্য দিই।
দক্ষিণ আফ্রিকা দারুণ শক্তিশালী দল, সন্দেহ নেই। এক হাতে ম্যাচ জেতানোর মতো বেশ কজন ক্রিকেটার আছে ওদের। সবার আগে এবি ডি ভিলিয়ার্স ও হাশিম আমলার কথা বলতে হবে। দুজনই অসাধারণ ক্রিকেটার। জিততে হলে অবশ্যই ওদের দ্রুত ফেরাতে হবে আমাদের। তবে এটাও মাথায় রাখতে হবে, প্রতিপক্ষ নিয়ে যেন আমরা খুব বেশি না ভাবি। ওদের পারফরম্যান্স অবশ্যই আমরা বিশ্লেষণ করছি। তবে নিজেদের প্রস্তুতিতেই আমাদের বেশি মনোযোগ। বিশেষ করে মাঠে পরিকল্পনার সঠিক বাস্তবায়নে।
বিশ্বকাপটা এবার দারুণ হচ্ছে। তবে এখন নকআউট পর্যায়। টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। ক্রিকেট এখন আরও উত্তেজনাপূর্ণ হবে। একটি-দুটি ফেবারিট দল এই পর্যায়েও আছে। তবে দিন শেষে এখানে ব্যাপারটি হলো ওই দিনটিতে ভালো খেলা বা খারাপ খেলা। আগের ফর্ম বা পারফরম্যান্সের মূল্য আছে সামান্যই। যে দল চাপ যত বেশি সামলাতে পারবে, ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো জিততে পারবে, শেষ পর্যন্ত ওই দলই টিকে থাকবে।
এ ধরনের টুর্নামেন্টে খেলা রোমাঞ্চকর করে তোলে এই ব্যাপারগুলোই। আমার জন্য এই রোমাঞ্চে আরও বেশি আবেগ মিশে থাকবে, কারণ প্রতিটি ম্যাচই এখন হতে পারে আমার শেষ ম্যাচ! আশা করি, মেলবোর্নে ফাইনালে যেতে পারব আমরা। তবে এখনই অত দূরে তাকাতে চাই না। শ্রীলঙ্কার পোশাক গায়ে প্রতিটি মিনিট এখন শুধু উপভোগ করতে চাই। (গেমপ্ল্যান)