প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে হারল সাকিবের দল

একেই বলে টি-টোয়েন্টির আদর্শ ম্যাচ! এমসিজিতে অনুষ্ঠিত বিগ ব্যাশে মেলবোর্ন স্টারসের বিপক্ষে সাকিব আল হাসানের মেলবোর্ন রেনিগেডস জিততে না পারলেও ম্যাচে ছিল উত্তেজনার সব উপকরণ। ‘মেলবোর্ন ডার্বি’তে সাকিবের দল হেরেছে ৩ উইকেটে।
১৫৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭ রানের মাথায় ফিরে যান স্টারসের ওপেনার লুক রাইট। দ্বিতীয় ওভারে সাকিবকে আক্রমণে আনেন রেনিগেডস অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রতিপক্ষ অধিনায়ক ক্যামেরন হোয়াইটকে সাকিব বোল্ড করে দেন দুর্দান্ত এক আর্ম বলে। টি-টোয়েন্টির শীর্ষ এ অলরাউন্ডার চার ওভার বল করে ২৩ রান দিয়ে পেয়েছেন ১ উইকেট।
১৪ রানে ২ উইকেট পতনের পর স্টারসের জয় পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কেভিন পিটারসেন-গ্লেন ম্যাক্সওয়েলের তৃতীয় উইকেট জুটি। এ জুটিতে এসেছে ৮০ বলে ১২০ রান। তবে এরপরই দারুণভাবে ম্যাচে ফিরে আসে রেনিগেডস। ১৫.১ ওভারে ২ উইকেটে ১৩৪ থেকে ১৮.২ ওভারে ৫ উইকেটে ১৪৪ রান হয়ে যায় স্টারসের। একটা সময় স্টারসের দরকার ছিল ২৪ বলে ১৮ রান। শেষ পর্যন্ত সমীকরণ চলে আসে ৬ বলে ৬ রান।
নাটক আরও জমজমাট হয় শেষ বলে। দরকার ১ বলে ১ রান। স্টারস ব্যাটসম্যান টম ট্রিফিট কোনোমতে সিলি মিড-অনে বল ঠেলেই পড়িমড়ি করে ছুটলেন। ফিল্ডার ফার্গুসন দারুণ ফিল্ডিংয়ে দ্রুতই বল ফিরিয়ে দিলেন স্টাম্পের কাছে দাঁড়ানো রিমিংটনকে। কিন্তু রেনিগেডস পেসার রিমিংটন বল ধরার আগেই স্টাম্প ভেঙে ফেললেন পা দিয়ে! বলটা পা লাগার আগেই স্টাম্পে লাগলে ম্যাচের ফল অন্য রকম হলেও হতে পারত!
এর আগে টসে জিতে প্রথমে ব্যাট করে ম্যাথু ওয়েডের ৪৯ বলে ৭১ রানের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে রেনিগেডসের সংগ্রহ ৬ উইকেটে ১৫৩ রান। হেস্টিংসের বলে ডিপ মিড-উইকেটে একেবারে সীমানা দড়ির কাছে রাইটের দুর্দান্ত এক ক্যাচের শিকার হওয়ার আগে সাকিবের সংগ্রহ ১ রান। ৪৪ বলে ৬৬ রান করে ম্যাচসেরা স্টারসের ম্যাক্সওয়েল।