প্রতিপক্ষ বোলারদের 'ভালোবাসে' বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচ উইকেট পাওয়ার পর সুলেমান বেন। ছবি: ডব্লুআইসিবি
পাঁচ উইকেট পাওয়ার পর সুলেমান বেন। ছবি: ডব্লুআইসিবি

“প্রিয় প্রতিপক্ষের বোলার,
উই লাভ ইউ!
ইতি, বাংলাদেশের ব্যাটসম্যান!”

এ রকম কোনো রোমান্টিক চিঠি ভুল করে আপনার ঠিকানায় পৌঁছালে বুঝবেন, ডাকপিয়নের অসুখ হয়েছে। চিঠিটা আপনার কাছে নয়, বাংলাদেশের প্রতিপক্ষ বোলারদের কাছে যাওয়ার কথা ছিল। প্রতিপক্ষের বোলারদের যে ভীষণ ‘ভালোবাসে’ বাংলাদেশ। তাদের হতাশ করতে চায় না। যেমন হতাশ করল না সুলেমান বেনকে।

ইনিংসে ৫ উইকেট পাওয়া কোনো বোলারের জন্য ব্যাটসম্যানের সেঞ্চুরি পাওয়ার আনন্দের সমান। কিংবা কখনো কখনো একটু বেশিও। তবে কাল সুলেমান বেনকে দেখে অবশ্য মনে হলো না তিনি ভীষণ আহ্লাদিত। অথচ ক্যারিয়ারে ইনিংসে ৫ উইকেট এর আগে পেয়েছেন মাত্র চারবার।

বেনের ভাবখানা এমন, জানতামই তো, পাঁচ উইকেট পাব। জানারই কথা অবশ্য। একটু রেকর্ড-টেকর্ড ঘাঁটলে আপনিও জানবেন, প্রতিপক্ষের বোলারদের বেশির ভাগ সময়ই হতাশ করতে চায় না বাংলাদেশের ব্যাটসম্যানরা। এ নিয়ে ৮৪টি টেস্ট খেলছে। অথচ প্রতিপক্ষের বোলাররা এরই মধ্যে বাংলাদেশের বিপক্ষে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৭৭ বার।

বাংলাদেশের বিপক্ষে বল করতে নিঃসন্দেহে সবচেয়ে বেশি ভালোবাসতেন মুত্তিয়া মুরালিধরন। মুরালি যে বাংলাদেশের বিপক্ষে ইনিংসে ৫ উইকেট পেয়েছেন ১১ বার! মুরালি বাংলাদেশের বিপক্ষে খেলেছেনও ১১ টেস্ট। এর মধ্যে ইনিংসে ৬ উইকেট নিয়েছেন ৫ বার। ম্যাচে দশ উইকেট চারবার।

ড্যানিয়েল ভেট্টোরিও বাংলাদেশের বিপক্ষে বোলিংটা খুব উপভোগ করেন। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন চারবার। বাংলাদেশের বিপক্ষে খুব বেশি খেলা হয়নি স্টুয়ার্ট ম্যাগগিলের। চার টেস্ট খেলেছেন। চারবার নিয়েছেন ইনিংসে ৫ উইকেট। এর মধ্যে ২০০৬ ফতুল্লা টেস্টে তো ইনিংসে ৮ উইকেটই নিয়েছিলেন। মজার ব্যাপার হলো, যে শেন ওয়ার্নের ছায়ায় ঢাকা পড়ে থাকতে হয়েছে তাঁকে ক্যারিয়ারজুড়ে, সেই ওয়ার্ন ফতুল্লার সেই একই ইনিংসে ২০ ওভার বোলিং করে ১১২ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য!

শুধু তা-ই নয়, ওয়ার্নকে মাত্র একবারই ইনিংসে ৫ উইকেট দিয়েছিল। ওয়ার্ন আশ্চর্যজনকভাবে বাংলাদেশের বিপক্ষে ব্যর্থ হলোও বাকিরা কিন্তু জলের দরেই উইকেট নিয়ে গেছে। পেদ্রো কলিন্সের মতো হালে পানি না পাওয়া বোলারও দুবার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন বাংলাদেশের বিপক্ষে। গ্রায়েম সোয়ান, ইরফান পাঠান, দানিশ কানেরিয়ারা নিয়েছেন তিনবার করে।


বেশির ভাগ সময় ঘুরে ফিরে স্পিনারদের নামই আসছে। তবে মোট ৭৭ বারের মধ্যে বাংলাদেশের বিপক্ষে ইনিংসে পাঁচ উইকেট পেসাররা নিয়েছেন ৩৯ বার। এখানে পেসার-স্পিনাররা বেশ সাম্যে বিশ্বাসী বলেই মনে হয়েছে। ইনিংসে পাঁচ উইকেট তাই প্রায় সমবণ্টনের নীতিতেই ভাগ হয়েছে।

কিন্তু এমনিতে বাংলাদেশের ব্যাটসম্যানরা কিন্তু পেসারদের বিপক্ষেই বেশি দুর্বল। এ পর্যন্ত বাংলাদেশের ১ হাজার ৫৩৮টি উইকেটের সিংহভাগ নিয়েছেন পেসারা। ৯৬২টি। স্পিনাররা নিয়েছেন ৫৭৬টি উইকেট। এই তথ্যে স্পিনাররা অনুযোগ করতে পারে, ‘বল পুরনো হওয়ার পর অধিনায়ক যখন আমাদের বোলিংয়ে আনে, তার আগেই তো বাংলাদেশ ৫-৬ উইকেট হারিয়ে বসে!’

বাংলাদেশের বোলাররা প্রতিপক্ষের বোলারদের অবশ্যই ‘ভালোবাসে’। তবে পেসারদের প্রতিই তাদের ‘ভালোবাসা’টা যেন একটু বেশিই! ভালোবাসা, নাকি ভয়?