প্রতিপক্ষ শিশিরও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়ানডে সিরিজ শুরুর আগে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দলের অধিনায়ক মাশরাফি-চিগুম্বুরার পারস্পরিক শুভেচ্ছা বিনিময় l শামসুল হক
ওয়ানডে সিরিজ শুরুর আগে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দলের অধিনায়ক মাশরাফি-চিগুম্বুরার পারস্পরিক শুভেচ্ছা বিনিময় l শামসুল হক

৩-০’র পর এবার কি তাহলে ৫-০? প্রত্যাশার সীমা দিনে দিনে বাড়াটাই স্বাভাবিক। সেই সঙ্গে হয়তো সামর্থ্যের সীমাও। কিন্তু সমস্যা হলো, বাংলাদেশে এ দুটির মধ্যে প্রথমটি বাড়ে খুব দ্রুত। দ্বিতীয়টি বাড়ে ধীরে।
জিম্বাবুয়ের বিপক্ষে আজ থেকে শুরু পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজেও প্রথমটির, মানে প্রত্যাশার সীমা অনেক। যেহেতু টেস্ট সিরিজে জিম্বাবুয়েকে কোনো দলই মনে হয়নি এবং এক দিনের প্রস্তুতি ম্যাচটাতেও তারা নিজেদের তুচ্ছ প্রমাণ করতে পেরেছে, ওয়ানডে সিরিজে নিশ্চয়ই বাংলাদেশ দল তাদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেবে। বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে জিতবে না, এমন বিশ্বাসী লোকের সংখ্যা এ দেশে এখন একজনও আছে বলে মনে হয় না। বরং টেস্টে ধবলধোলাই করার স্বাদ নেওয়ার পর ওয়ানডে সিরিজটা বাংলাদেশ দল কত বেশি ব্যবধানে জিততে পারে, সেটা দেখার অপেক্ষায় সবাই।
অতি আশাবাদীদের জন্য মাশরাফি বিন মুর্তজার একটা বার্তা আছে। ওয়ানডে অধিনায়কের সাফ কথা—জিম্বাবুয়েকে ৫-০ তেই হারাতে হবে, এমন চিন্তা এখনই তাঁরা করছেন না। আগে জিততে চান জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আজকের প্রথম ম্যাচটা, এরপর নিশ্চিত করতে চান সিরিজ জয় এবং এর পরই শুধু ৫-০’র চিন্তা। তা ছাড়া তিন টেস্ট জিতে টেস্ট ও ওয়ানডের ব্যবধানটাও তো ভুলে যাওয়া যায় না। ২০১৪ সালে বাংলাদেশ দল জিম্বাবুয়ের বিপক্ষে এই তিনটি টেস্ট জিতলেও এখনও জেতা হয়নি একটা ওয়ানডেও। এর মধ্যে বেশ কয়েকটা ম্যাচে জয়ের খুব কাছে গিয়েও ফিরে আসতে হয়েছে। ওয়ানডে সাফল্যের ক্ষেত্রে তীব্র খরার এই বছরের শেষটা ভোজবাজির মতো পাল্টে যাবে, সে স্বপ্ন দেখলেও বাস্তবতার মাটিতে পা রেখে দেখা ভালো। সামর্থ্যের সীমা যে বাড়ে বড় ধীরে!
এটা ঠিক যে টেস্ট সিরিজ জয় থেকে বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠেছে বাংলাদেশ দল। পেছনে ফেলে আসা একটা বছরের তিক্ত স্মৃতি কিছুটা হলেও ভুলিয়ে দিচ্ছে এই সাফল্য। মাশরাফিও কাল বলছিলেন, ‘টেস্ট সিরিজে আমরা খুব ভালোভাবে জিতেছি। এটা অবশ্যই আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে। বিশেষ করে যারা ভালো খেলেছে, তাদের জন্য কাজটা সহজ হবে। এটা পুরো দলের ওপরও একটা ভালো প্রভাব ফেলবে।’ কিন্তু ভালো কিছু পেতে হলে শুধু আত্মবিশ্বাসই যে যথেষ্ট নয়! চাই ভালো খেলাও। টেস্টের ভালো পারফরম্যান্সটাকে ওয়ানডেসুলভ করে ফুটিয়ে তোলার চ্যালেঞ্জ এখন বাংলাদেশের সামনে।
সেই চ্যালেঞ্জের ভেতর আরেকটা চ্যালেঞ্জ কন্ডিশন। শীতের আগমনী এই সময়ে ক্রিকেটের জন্য বিরুদ্ধ পরিবেশ সৃষ্টি করছে শিশির। স্পিননির্ভর বাংলাদেশ দলের জন্য সেটা এক বিরাট সমস্যা। এই সিরিজে তাই টস জেতাটাকে দেখা হচ্ছে প্রায় ম্যাচ জেতার সমান করে। একাদশের কাঠামোও নির্ভর করছে শিশিরভেজা কন্ডিশনের ওপর। শিশিরের কথা ভেবে যেমন কাল বাড়তি পেসার হিসেবে দলে আনা হলো শফিউল ইসলামকে। যত দূর জানা গেছে, শিশিরকে জয় করতে আজ প্রথম ওয়ানডেতে খেলানো হবে তিন পেসার। চার পেসারের মধ্যে একাদশের বাইরে থাকার সম্ভাবনা বেশি মাত্রই দলে আসা শফিউলের। সঙ্গে দলের বাইরে থাকতে পারেন লেগ স্পিনার জুবায়ের হোসেন ও ব্যাটসম্যান ইমরুল কায়েস। এনামুল হককে তামিম ইকবালের ওপেনিং সঙ্গী করে তিন নম্বরে খেলানো হতে পারে মুমিনুল ইসলামকে। জিম্বাবুয়েও নিশ্চয়ই শিশির-তত্ত্ব মাথায় রেখেই একাদশ ঠিক করবে। তার আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দলটা কাল রাতে দীর্ঘক্ষণ অনুশীলন করল ফ্লাড লাইটের নিচে।
ওয়ানডেতে নিজেদের ফিরে পাওয়ার এই সিরিজ এক দিক দিয়ে একটা মাইলফলকও হয়ে থাকবে বাংলাদেশের ক্রিকেটের জন্য। এই প্রথম দুই অধিনায়কের যুগে পা দিচ্ছে বাংলাদেশের ক্রিকেট। টেস্টে অধিনায়ক ছিলেন মুশফিকুর রহিম আর সহ-অধিনায়ক তামিম ইকবাল। আজ থেকে শুরু ওয়ানডে সিরিজে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও সহ-অধিনায়ক সাকিব আল হাসান।
মাশরাফির জন্য অধিনায়কত্ব নতুন নয়। সাবেক অধিনায়ক সাকিবের জন্যও নতুন নয় নেতৃত্বের অংশ হওয়া। বরং মাশরাফি যেবার প্রথম নেতৃত্ব পান, সেবারও সাকিবই ছিলেন তাঁর ডেপুটি। নেতৃত্বে অভিজ্ঞ সাকিবের সাহায্যের হাত মাশরাফির দিকে বাড়ানো থাকবে, সেটাই স্বাভাবিক। তবে সাকিবের কাছে সবচেয়ে বড় চাওয়া হলো পারফরম্যান্স। ব্যাট-বল হাতে টেস্টের ধারাবাহিকতা ধরে রাখা। যদিও ভালো খেলার ভার একা সাকিবের ওপর চাপাতে চাইলেন না অধিনায়ক মাশরাফি, ‘অধিনায়ক হিসেবে সাকিবের কাছে যেটা প্রত্যাশা থাকবে, দলের প্রত্যেকটা খেলোয়াড়ের কাছে, এমনকি আমার নিজের কাছেও আমার প্রত্যাশা সেটাই থাকবে। সাকিব হয়তো অনেক কিছু করে দিতে পারে, কিন্তু একা ম্যাচ জেতাতে পারবে না। পুরো দলকেই ভালো খেলতে হবে।’
সেটাও যে বাংলাদেশ পারে, তা তো সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজেই প্রমাণিত!