প্রতিপক্ষ শুধু প্রোটিয়ারাই নয়!

কাল বিকেলে একই বিমানে চট্টগ্রামে পৌঁছে গেল দুটি দল। দুই দলের খেলোয়াড়েরা বিমানে বসেছিলেন মিলেমিশেই। দুই অধিনায়ক একটু দূরে দূরে। কিন্তু এতে কোনো ভুল নেই যে জানালা দিয়ে সবাই চোখ রেখেছেন একই আকাশে।
মাশরাফি মুর্তজার চোখে এই আকাশ হয়তো এঁকেছে অনন্ত সম্ভাবনার আরেকটি সোনালি বিন্দু। আর হাশিম আমলার চোখে? প্রাপ্তির হাতছানি সেখানে নেই, নিশ্চিত করেই নেই সম্ভাবনার নতুন দিগন্ত। ক্রিকেটের অন্যতম মহাশক্তি দক্ষিণ আফ্রিকার অধিনায়ককে বাংলাদেশের সঙ্গে জয় কোনো নতুন সম্ভাবনার দিগন্তে নিয়ে যায় না। বরং পরাজয়ে নিয়ে যায় মর্যাদাহানির কালো রাস্তায়। আগামীকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাশরাফির বাংলাদেশের সঙ্গে শেষ ওয়ানডে ম্যাচটি যে তাঁর মর্যাদা রক্ষার লড়াই।
কালকের ওই আকাশযাত্রায় মাশরাফির মন-মস্তিষ্কে যখন প্রোটিয়াদের হারিয়ে আরেকটি সিরিজ জয়ের উচ্চাশা ভেসে বেড়িয়েছে, আমলাকে অনিবার্যভাবেই পেয়ে বসেছে সিরিজ বাঁচানোর আকুলতা। বাস্তবতা যে পরশু দ্বিতীয় ম্যাচটি জিতে সিরিজে সমতা এনে ফেলেছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচটি তাই সিরিজ নির্ধারক। এটি বাংলাদেশকে দিচ্ছে আরেকটি প্রাপ্তির হাতছানি। কিন্তু দক্ষিণ আফ্রিকার জন্য তো এ এক বড় চ্যালেঞ্জ।
এবার বাংলাদেশে পা রাখার পর থেকেই প্রোটিয়ারা সমীহ দেখাচ্ছে বাংলাদেশকে। সফরের প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ কিংবা প্রথম ওয়ানডেটি প্রশ্নাতীত প্রাধান্যে জিতে নেওয়ার পরও তাদের মুখ থেকে সেটি উবে যায়নি। পাকিস্তান-ভারতের মতো ক্রিকেট শক্তির বিপক্ষে টানা দুটি সিরিজ জয় স্বাভাবিকভাবেই এই শ্রদ্ধাবোধের জন্ম দেয়। তারপরও সেটি কতটা প্রকৃত শ্রদ্ধাবোধ কিংবা স্বাভাবিক সৌজন্যবোধজাত, সেই প্রশ্ন কিন্তু থেকেই গেছে। নিজেদের মাঠে বা তাদের মাঠে—এই দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়ে আগে যে বাংলাদেশ উড়ে গেছে ঝরাপাতার মতো। আমলাদের সত্যিই পড়তে পেরেছে হয়তো রোববার রাতের মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম। ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ড দলটিই কিনা বাংলাদেশের কাছে হারল ৭ উইকেটে, ১৩৪ বল বাকি থাকতে! ১৬ ম্যাচে দ্বিতীয় জয়, আট বছরের ব্যবধানে প্রথম। ওয়ানডেতে শিখর ছোঁয়ার স্পর্ধায় এগিয়ে চলা বাংলাদেশ কেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের স্বপ্নডানা মেলতে পারে না সে তো সহজবোধ্য!
না, হিসাবে একটু ভুল হলো। দল হয়তো স্বপ্নডানা মেলতে পারে না, তবে দেশের ক্রিকেট জনতার আকাঙ্ক্ষা ছুঁয়েছে আকাশ। পাকিস্তান আর ভারত-বধের পর দক্ষিণ আফ্রিকাও কোনো অবধ্য দল নয় তাদের কাছে! তাই টি-টোয়েন্টি সিরিজের পর প্রথম ওয়ানডে ম্যাচেও হারের পর এক পেয়ালা ভালোবাসার পাশে ছড়িয়ে পড়ে সমালোচনার বিষের পিপা। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের পর সংবাদমাধ্যমের কাছে এলেন এ কোন মাশরাফি, কেমন যেন উদ্ভ্রান্ত! চোখমুখের ঔজ্জ্বল্য হারিয়ে গেছে অধিনায়কের। প্রশ্ন করার আগেই খুঁজে নিচ্ছেন আত্মরক্ষার আড়াল। সব দায় নিজেদের কাঁধে নিয়ে পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছেন। কারণটা হয়তো এই, বাংলাদেশের সামনে এখন আর শুধুই একটি প্রতিপক্ষ থাকে না। থাকে যুগল প্রতিপক্ষ, অন্যটি প্রত্যাশার চাপ। একসময় টানা ৪৭ ম্যাচ জয়হীন থাকা বাংলাদেশ দল এখন এ দেশের মানুষের কাছে জয়ের সুখে মগ্ন হওয়ার এক আশ্চর্য উপলক্ষ। মাশরাফিরাও বিভিন্ন সময়ে বলেছেন, এই প্রত্যাশার চাপ তাঁরা উপভোগই করেন।
তাহলে পরাজয়ের দায় মাথা পেতে নেন, মহাশক্তিধর প্রতিপক্ষের সামনে বুক পেতে দিয়ে জয় অভিসারী হন! স্টেডিয়ামের গ্যালারিতে কথা বলে শুধু জয়। ভীরু পরাজয়ের জায়গা সেখানে নেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও যেমন হলো। এ যেন ডিজাইনার জয়! ক্রিকেট বোর্ডের সভাপতি স্বয়ং মনে করলেন, বেতনভুক্ত ক্রিকেটকর্মীদের একটু কড়কানি দিয়ে জাগিয়ে তোলা দরকার। তিনি তাঁদের অনুশীলনে যাওয়া পিছিয়ে দিয়ে সতর্ক করলেন, ছয় মাস ধরে অদৃশ্য থাকা টেকনিক্যাল কমিটি ফতোয়া দিল তিন ক্রিকেটের গর্দান চাই। আর সত্যিই যেন জেগে উঠল দল! প্রতিটি বিভাগেই প্রোটিয়া ‘অতিমানবদের’ পরাস্ত করে জয় মুঠোয় পুরল দল।
এই জয়টা যখন হাত মেলানো দূরত্বে, ক্যামেরার চোখ খুঁজে নিল বিসিবি সভাপতি নাজমুল হাসানকে। হাসি আর গর্বে মাখামাখি একখানা মুখ। মুখের অব্যক্ত ভাষাটি হয়তো এই, ‘এটাই আমাদের স্টাইল। এখানে ক্রিকেটারদের ঘা দিয়ে জাগিয়ে তুলতে হয়!’
আসলে মোটেই তা নয়, প্রতিটি ম্যাচেই জয়ের আকাঙ্ক্ষায় উদ্দীপ্ত থাকে বাংলাদেশ দল। খেলোয়াড়দের কোষে কোষে জয়ের প্রেরণাই ঢেউ তোলে। পরাজয়ে তাঁদেরই হৃদয়ে রক্তক্ষরণ হয় সবচেয়ে বেশি।
তাঁদের ব্যর্থতা যখন মাঠে চকখড়ি আঁকে, ধরে নিতে হবে সেটি মানবিক ভুল। পরিকল্পনার তারগুলো কোথাও হয়তো কেটে গেছে। এবং অবশ্যই শ্রেয়তর দলের সামর্থ্য ও পরিকল্পনা সেখানে ছাপিয়ে গেছে তাদের।
পরাজয়ের ব্যর্থতা সবাইকেই ঔদার্যের সঙ্গে মেনে নিতে জানতে হয়। প্রোটিয়ারাই এদিন যেমন মেনে নিল।
এই বাস্তব উপলব্ধি থেকেই উত্থান ঘটে ক্রিকেট-সামর্থ্যের।
একই সমতলে দাঁড়িয়ে আগামীকাল সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি মাশরাফির বাংলাদেশ ও আমলার দক্ষিণ আফ্রিকা। যেকোনো দলকেই আলিঙ্গন করতে পারে জয় কিংবা পরাজয়। বাংলাদেশ জিতলে অর্জনের আরেকটি অধ্যায় লেখা হবে, না জিতলেও মহাভারত অশুদ্ধ হবে না। কেননা, মহাপ্রতাপশালী প্রোটিয়ারাও বুঝে গেছে, বাংলাদেশের ক্রিকেটের এখন উত্তরণের কাল।