প্রতিপক্ষের নাম হোয়াটমোরও!

দুই নেট বোলারকে খানিকক্ষণ কী যেন বোঝালেন। বোলারদের একজন পেসার, একজন বাঁহাতি স্পিনার। বাঁহাতি স্পিনারকে নিয়েই ডেভ হোয়াটমোর মাথা ঘামালেন বেশি। বাংলাদেশের বিপক্ষে বাঁহাতি স্পিনে জিম্বাবুয়ের নাকাল হওয়ার উদাহরণ তো কম নেই!
এমনিতে বাংলাদেশের আলো-হাওয়া তাঁর খুব চেনা। ভালো করে জানেন সাকিবদেরও। বাংলাদেশের সঙ্গে সম্পর্কটাও পুরোনো। দীর্ঘদিন হারের বৃত্তে ঘুরতে থাকা বাংলাদেশকে জয়ের স্বাদ এনে দিয়েছিলেন হোয়াটমোরই। সেটাও এই জিম্বাবুয়ের বিপক্ষে। চার বছর টানা ৪৭ ম্যাচে জয়হীন থাকার পর। এরপর ভারত-অস্ট্রেলিয়াকে হারানোর অভাবনীয় টুকরো সাফল্যও এল। ২০০৭ বিশ্বকাপে তো বিরাট চমক—বাংলাদেশ পা রেখেছিল পরের রাউন্ডে। ওই বিশ্বকাপের পরপরই শেষ হলো হোয়াটমোরের বাংলাদেশ-অধ্যায়।
একসময়ের প্রিয় দলটাই আজ তাঁর প্রতিপক্ষ। জিম্বাবুয়ের কোচ হওয়ার আগে গত বছর অক্টোবর-নভেম্বরে ধারাভাষ্য দিতে এসেছিলেন বাংলাদেশে। হোয়াটমোরের জীবনে বাংলাদেশ নামটা যতই জড়িয়ে থাকুক, পেশাদারির জায়গায় আবেগের মূল্য সামান্যই। মাশরাফি বিন মুর্তজাদের বিপক্ষে আসন্ন সিরিজে দারুণ কিছু করার প্রত্যয় জিম্বাবুয়ে কোচের।
এখনকার শিষ্যদের অনুপ্রাণিত করছেন নিজের সাবেক দলটার উত্থান থেকেই। টানা তিনটি ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছে তিন পরাশক্তির বিপক্ষে। নিজের প্রথম লক্ষ্য হিসেবে তাই বললেন জয়ের কথাই, ‘যদি আমরা জিতি, তবে বুঝতে হবে ভালো কিছু করেছি। আমরা যে ভালো দল, তা প্রমাণ করে বাংলাদেশ থেকে যেতে চাই। আমরা শক্ত প্রতিদ্বন্দ্বী, প্রতিপক্ষের পরীক্ষা নিতে চাই।’
কোচের কথার প্রতিধ্বনি এলটন চিগুম্বুরার কণ্ঠেও। এক বছরের ব্যবধানে আবারও বাংলাদেশে আসা জিম্বাবুয়ের কাছে এ কন্ডিশন অচেনা নয়। সেটি মনে করিয়ে দিয়েই জিম্বাবুয়ে অধিনায়ক বললেন, ‘আমরা বাংলাদেশের উইকেটে এবং এখানকার কন্ডিশনে খেলে অভ্যস্ত। আমাদের জন্য এটা দারুণ ব্যাপার, আমরা এখানে আগেও খেলেছি। সীমিত ওভারের ক্রিকেটে যেকোনো কিছুই হতে পারে।’
অবশ্য জিম্বাবুয়ের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা ভালো নয়। এ বছর খেলা ২৬ ওয়ানডেতে জিতেছে মাত্র সাতটিতে। এর সঙ্গে আছে আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ হারের টাটকা ক্ষত। কিন্তু হারতে হারতে ক্লান্ত একটা দলকে কীভাবে টেনে তুলতে হয়, হোয়াটমোরের চেয়ে ভালো বুঝবে কে!
হতাশার মধ্যেই ইতিবাচক কিছু দেখতে পান বলেই তিনি ব্যতিক্রম। হোয়াটমোর বললেনও, ‘আফগানিস্তানের বিপক্ষে কিছু ব্যক্তিগত ভালো পারফরম্যান্স ছিল। আমরা যে সব ম্যাচ হেরেছি, তা নয়। ওয়ানডে সিরিজটি শেষ হয়েছে ২-৩ ব্যবধানে। ধবলধোলাই ছিল না। টি-টোয়েন্টি দুটি হারলেও ভালো প্রতিদ্বন্দ্বিতা ছিল। এই সিরিজে ভালো কিছু করতে মুখিয়ে আছি।’
অভিজ্ঞ চোখে দেখতে পাচ্ছেন জিম্বাবুয়ে দলের বেশ কিছু সম্ভাবনাময়ী খেলোয়াড়ের উজ্জ্বল ভবিষ্যৎ। তবে নাম নিতে চাইলেন না কারও। দলীয় চেষ্টায় একটা দল কীভাবে সাফল্য পেতে পারে, বাংলাদেশ দলের কাছ থেকেই তো প্রেরণা নিতে পারে জিম্বাবুয়ে। বললেন সে কথাও, ‘আলাদা করে কারও নাম নিতে চাই না। অনেক বছর আগে বাংলাদেশেরও একই রকম অবস্থা ছিল। আমাদের এখন যে অবস্থা তাতে দলীয় প্রচেষ্টাই গুরুত্বপূর্ণ। একসঙ্গে সবার জ্বলে ওঠা জরুরি। মাঠ ও মাঠের বাইরে আমাদের এ বিষয়কে গুরুত্ব দিতে হবে।’
খুব ভালো করে চেনেন বলেই হয়তো মাশরাফিদের ভাবনার কারণ হতে পারেন হোয়াটমোরও!