প্রতিবন্ধী ক্রিকেট উৎসবে বাংলাদেশ
জীবনযুদ্ধে জয়ী তাঁরা। পেরিয়েছেন কত প্রতিবন্ধকতা! সেই জয়ের প্রেরণা নিয়েই আরও একবার মাঠে নামছেন বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটাররা। খেলবেন দুবাইয়ে আইসিসির শারীরিক প্রতিবন্ধীদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড ও পাকিস্তান।
ত্রিদেশীয় এ টুর্নামেন্টের জন্য কাল ১৬ জনের বাংলাদেশ দলও ঘোষণা করা হয়েছে। যে দলের অধিনায়ক অলরাউন্ডার মো. আলম খান, সহ-অধিনায়ক হিসেবে অপূর্ব কুমার পাল।
২০ অক্টোবর দুবাইয়ের সময় সকালে পাকিস্তান-ইংল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। একই দিন বিকেলে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। ২৪ অক্টোবর টুর্নামেন্টের ফাইনাল।
বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) সহায়তায় আন্তর্জাতিক রেডক্রস কমিটি (আইসিআরসি) গত বছর সেপ্টেম্বরে প্রথমবারের মতো আয়োজন করে শারীরিক প্রতিবন্ধীদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে। প্রথমবার অংশ নিয়েছিল পাঁচটি দল—বাংলাদেশ, ইংল্যান্ড, আফগানিস্তান, ভারত ও পাকিস্তান। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। ফাইনালেই আইসিসির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম। ওই টুর্নামেন্টের সাফল্যের পর এবার আইসিসিই উদ্যোগ নেয় আইসিআরসির সহায়তায় দ্বিতীয়বারের মতো এ টুর্নামেন্ট আয়োজনের।
গত বছর ইংল্যান্ডকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ শেষ করেছিল ভারতকে হারিয়ে। কিন্তু মাঝের দুই ম্যাচে পাকিস্তান ও আফগানিস্তানের কাছে হেরে যাওয়ায় ফাইনালে খেলা হয়নি। এবার বাংলাদেশের প্রত্যাশা আরও বড়। বিকেএসপিতে গত ৩ অক্টোবর থেকে অনুশীলনও করছে বাংলাদেশ দল। দলের ম্যানেজার ও প্রধান কোচ মাসুদ হাসান জানালেন, ‘বিকেএসপি দলের সঙ্গে আমরা কয়েকটা প্রস্তুতি ম্যাচও খেলেছি। আশা করছি, দেশের জন্য ভালো ফল নিয়ে আসতে পারব। যদিও এবার কন্ডিশন আমাদের কিছুটা অচেনা।’