প্রতিবন্ধী ক্রিকেটে আবারও হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু ইংল্যান্ডের কাছে হার দিয়ে টুর্নামেন্ট শুরু হয়েছিল বাংলাদেশের। আইসিসির শারীরিক প্রতিবন্ধী টি-টোয়েন্টি ক্রিকেটে কালও দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। জিততে পারেনি একটিও।
দুবাইয়ে আইসিসি একাডেমি মাঠে সকালে পাকিস্তানের কাছে ৩৫ রানে হারের পর বিকেলে ইংল্যান্ডের বিপক্ষে ফিরতি ম্যাচেও হেরেছে ৭ উইকেটে। ত্রিদেশীয় এই টুর্নামেন্টে টানা তিন হার বাংলাদেশের ফাইনাল খেলার সম্ভাবনাও প্রায় শেষ করে দিয়েছে। আর টানা তিন জয়ে ফাইনালে উঠে গেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
আজ একই মাঠে পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ বাংলাদেশের।
গতকাল সকালে প্রথম ম্যাচে ৭ উইকেটে ১৪০ রান তোলে পাকিস্তান। জবাবে ১৯.৫ ওভারে ১০৫ রানেই অলআউট বাংলাদেশ। মিডল অর্ডারে মনিরুজ্জামানের ৩৬ ছাড়া বলার মতো রান করতে পারেননি আর কেউ।
বিকেলের ম্যাচে আগে ব্যাট করে ১২৬ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। দ্রুপম পার্থনবীশ করেন ৩৪ রান, ৩১ রান আসে অপূর্ব পালের ব্যাট থেকে। ২৮ রানে ৩ উইকেট নেন ইংলিশ অলরাউন্ডার জর্ডান উইলিয়ামস। জবাবে ১ ওভার হাতে রেখেই ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।