প্রতিবন্ধী ক্রিকেটে বাংলাদেশের জয়যাত্রা

লং অন দিয়ে তুলে মারতে গিয়ে ইংল্যান্ড ব্যাটসম্যান ড্যাম উইলিয়াস অধিনায়ক আলম খানকে ক্যাচ দিয়ে ফিরলেন প্যাভিলিয়নে। বোলার দ্রুপম তীর্থকে ঘিরে ততক্ষণে শুরু হয়ে গেছে জয়োল্লাস। বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে আইসিআরসি টি-টোয়েন্টি ক্রিকেট। উদ্বোধনী ম্যাচে কাল ইংল্যান্ডকে ১৪ রানে হারিয়ে পাঁচ জাতির এই প্রতিবন্ধী ক্রিকেটে শুভসূচনা করেছে বাংলাদেশ। এই জয়ে তীর্থেরই বড় অবদান। নেত্রকোনার তরুণ ৪ ওভারে ১২ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। ব্যাট হাতে করেছেন ১৭ রান। তীর্থের হাতেই উঠেছে ম্যাচসেরার পুরস্কার।
জন্মের সময় ছেলেকে কোলে নিয়ে ভয় পেয়ে গিয়েছিলেন বেবী পত্রনবিশ। তুলতুলে ছোট্ট শিশুটির ডান হাতের তিনটি আঙুল নেই, পায়ের দিকে তাকিয়ে দেখলেন ডান পায়েও কোনো আঙুল নেই। আঙুল ছাড়াই জন্মেছিলেন তীর্থ। ছেলের চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। ঢাকা মেডিকেলে আসা ইংল্যান্ডের প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞদের দেখিয়েছিলেন। কিন্তু কেউই আশার আলো দেখাতে পারেননি। ‘এমন ছেলেকে দিয়ে কিছু হবে না’—মনের মধ্যে একটা যন্ত্রণাই পুষে রেখেছিলেন মা। কিন্তু সেই ছেলেই কাল দেখিয়ে দিয়েছেন, ‘আমিও পারি।’
কারোর এক পা নেই। কারোর নেই একটা হাত। কেউ বা ক্রাচে ভর দিয়ে হাঁটছেন। কিন্তু সবার মধ্যে কী প্রাণশক্তি! অদম্য ইচ্ছাশক্তি শারীরিক প্রতিবন্ধকতাকে কীভাবে জয় করে, বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেট দলকে না দেখলে সেটি খুব একটা বোঝা যাবে না। বোলিং, ফিল্ডিং, রানিং বিটুইন দ্য উইকেট—কোথাও কম যাননি অপূর্ব, তীর্থ, আলম, মনিররা। উইকেট পাওয়ার উদ্যাপনেও তাঁরা যেন মাশরাফি-তাসকিন। মাশরাফি আর তাসকিনের মতোই লাফিয়ে বুকে বুক মিলিয়েছেন তাঁরা।
টি-টোয়েন্টি ক্রিকেটের উদ্বোধনী ম্যাচটি হওয়ার কথা ছিল গত পরশু। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটির একটি বলও গড়াতে পারেনি ভারী বৃষ্টির কারণে। সেটিই কাল হয়েছে বিকেএসপিতে। জাতীয় দলের মতো এই দলটিকেও সমর্থন জানাতে মাঠে ছুটে এসেছিল হাজারো দর্শক। ছিল বিকেএসপির ছাত্রছাত্রী। স্থানীয় সাধারণ দর্শকের সঙ্গে এসেছিলেন পক্ষাঘাত পুনর্বাসন কেন্দ্রের সাভার গণকবাড়ী শাখার প্রতিবন্ধী দর্শক। এঁদেরই একজন অঞ্জু রানী। জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার শহর নড়াইলের মেয়ে অঞ্জু। টেলিভিশনে অনেকবার মাশরাফিকে দেখেছেন, কিন্তু সরাসরি দেখা হয়নি। মাটির দেয়ালে চাপা পড়ে স্পাইনাল কর্ড ভেঙে গেছে অঞ্জুর। চিকিৎসকেরা জানিয়েছেন, আর কখনোই দাঁড়াতে পারবেন না। কিন্তু হুইলচেয়ারে বসা অঞ্জুর চোখে-মুখে ক্ষণিকের জন্য হলেও আনন্দের ঢেউ তুললেন এই ক্রিকেটাররা, ‘প্রতিবন্ধী হওয়ার দুঃখটা আমরা ছাড়া কেউই বুঝবে না। কিন্তু আমরাও যে অন্যের গলগ্রহ নই, এই ছেলেরা ক্রিকেট খেলে তা দেখিয়ে দিয়েছে। এই জয়ের আনন্দ বলে বোঝাতে পারব না।’
জয়ের ভিতটা গড়ে দিয়েছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে ১১৭ রান। সর্বোচ্চ ২২ রান করেন অপূর্ব কুমার। জবাবে ইংল্যান্ড ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তুলতে পারে ১০৩ রান। একই সঙ্গে হওয়া বিকেএসপির আরেক ম্যাচে আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে মাতলুব আহমদের পাকিস্তান।
দুপুরের কড়া রোদেও মাঠের সামনের গ্যালারি এবং বাউন্ডারি সীমানা ঘেঁষে খেলা দেখেছে হাজার খানেক দর্শক। নেত্রকোনা থেকে এসেছিলেন তীর্থের বাবা-মা। ম্যাচ শেষ হতেই সতীর্থরা যখন তীর্থকে কাঁধে তুলে নাচছেন, মাঠের এক কোণে দাঁড়িয়ে আঁচলে চোখ মুছছিলেন মা। কিন্তু এই টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী দল ইংল্যান্ডকে হারিয়ে তীর্থের সতীর্থরাই কাল যেন তাঁর মাকে জানিয়ে দিলেন, ‘দুঃখ কোরো না মা, আমাদের দিয়েও কিছু হয়!’