প্রতিবাদ করে ঘরোয়া ক্রিকেট বয়কট ইউনিসের

নিচু মানের আম্পায়ারিংয়ের প্রতিবাদে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটের একটি প্রতিযোগিতা থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ইউনিস খান। ‘পাকিস্তান কাপ’ নামের এই ওয়ানডে প্রতিযোগিতায় ইউনিস খাইবার পাখতুনখাওয়া (কেপিকে) দলের অধিনায়কত্ব করছিলেন।
গত বুধবার কেপিকে ও ইসলামাবাদ ম্যাচে একটি এলবিডব্লিউর আবেদন পক্ষে না আসায় ম্যাচের আম্পায়ার শোজাব রেজার বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেছিলেন ইউনিস। এ জন্য তাঁকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়। ইসলামাবাদের বিপক্ষে ম্যাচটা ২ উইকেটে হেরে যায় কেপিকে।
শুক্রবার পাঞ্জাবের বিপক্ষে ম্যাচেও ইউনিসের বিপক্ষে একটি রান আউটের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়। বিতর্ক ছড়ায় কেপিকের ব্যাটসম্যান আমির ইয়ামিনের কোমর বরাবর একটি বলে ‘নো বল’ না ডাকার ঘটনাটিও।
পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে কেপিকে জয় পায় ২ রানে। ম্যাচ শেষে তিনি আম্পায়ারিংয়ের কড়া সমালোচনা করে ঘরোয়া ক্রিকেটে ডিআরএস পদ্ধতি চালু করার দাবি করেন। সূত্র : দ্য ডন।