প্রতিভা খুঁজতে অভিনব উদ্যোগ পিসিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তরুণদের পরামর্শ দিচ্ছেন ওয়াসিম আকরাম। ফাইল ছবি
তরুণদের পরামর্শ দিচ্ছেন ওয়াসিম আকরাম। ফাইল ছবি

প্রযুক্তির উৎকর্ষে ইন্টারনেট এখন হাতে হাতে। পাকিস্তানেও ইন্টারনেট বেশ সহজলভ্য হয়ে উঠেছে। আর এ সুযোগটি কাজে লাগাতে চাইছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশের আনাচকানাচে থেকে তরুণ প্রতিভা তুলে নিয়ে আসতে পিসিবি নিয়েছে অভিনব এক ‘ডিজিটাল’ উদ্যোগ।

খুব শিগগির একটি ওয়েব পোর্টাল চালু করতে যাচ্ছে পিসিবি। সেখানে যেকোনো ক্রিকেটার পারবে তার বোলিং কিংবা ব্যাটিং স্কিলের সংক্ষিপ্ত ভিডিও পোস্ট করতে। সঙ্গে দিতে হবে বিস্তারিত ব্যক্তিগত তথ্য। সেই ভিডিও নিয়মিত দেখবেন পাকিস্তান জাতীয় ক্রিকেট একাডেমির (এনসিএ) কোচরা। এ প্রক্রিয়ায় সূক্ষ্ম পর্যবেক্ষণে বাছাই করবেন প্রতিভা। ভিডিও দেখে ভালো মনে হলে ডেকে আনা হবে তাকে।
সারা দেশে ঘুরে বেড়ানোর চেয়ে প্রযুক্তি সাহায্য নিয়ে এভাবে প্রতিভা খোঁজার উদ্যোগ বেশ অভিনবই। পিসিবির এক কর্মকর্তা কর্মসূচির ব্যাখ্যা দিয়ে বললেন, ‘এনসিএর কোচরা নিয়মিত ভিডিও দেখে প্রতিভার মূল্যায়ন করবেন। যদি ভবিষ্যতের জন্য কাউকে উপযুক্ত মনে করেন, তবে ট্রায়ালের জন্য ডাকা হবে এনসিএতে।’
এ উদ্যোগে দারুণ সাড়া পাওয়া যাবে বলেই ধারণা পিসিবির। পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান জানালেন, ওয়েবসাইটটি কেবল কাঁচা প্রতিভাদের জন্যই নয়, দুয়ার খুলে দেবে অনেক তৈরি খেলোয়াড়েরও, ‘এটি কেবল দেশের কাঁচা প্রতিভাদের দুয়ার খুলবে না, ভবিষ্যতে যোগ্য খেলোয়াড়েরাও উপেক্ষিত থাকবে না।’
পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট নেই ছয় বছর হলো। যদিও মাস দু-এক আগে জিম্বাবুয়ে এসেছিল পাকিস্তান। তবে তাতেও চূড়ান্ত সমাধান হয়নি। আর কোনো দল আগ্রহ দেখায়নি পাকিস্তান সফরে। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটও খুব যে শক্তিশালী, তা নয়। ফলে প্রত্যন্ত এলাকা থেকে প্রতিভা তুলে আনতে পিসিবির এমন উদ্যোগ সময়োপযোগী বলতে হবে। এর আগে ওয়াসিম আকরামকেও পিসিবি ডেকে নিয়েছে তরুণ প্রতিভাকে ঘষাঁমাজা করতে। তথ্যসূত্র: এনডিটিভি।