প্রতিভার প্রতি সুবিচার করেনি কুমার

কুমার সাঙ্গাকারার প্রথম কোচ তিনি। সবচেয়ে নির্দয় সমালোচকও। স্বর্ণকুমারা সাঙ্গাকারার প্রথম পরিচয় অবশ্য তিনি কুমার সাঙ্গাকারার বাবা। আন্তর্জাতিক ক্রিকেটে ছেলের বিদায়ের সময়ও যিনি ‘নির্দয় সমালোচক’-এর ভূমিকায়। ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস-এ লেখা তাঁর কলামের ঈষৎ সংক্ষেপিত রূপ—
শুরুতেই স্বীকার করে নিচ্ছি, ছেলের ব্যাটিং দেখার সময়টা চরম উৎকণ্ঠাতেই কাটত আমার। জানি না কথাটা কেমন শোনাবে, কিন্তু আমি জানতাম, ও কখন আউট হবে। কে কী ভাববে জানি না, আমি এটাতে কখনো ভুল করিনি। সে কারণেই ব্যাপারটা আমাকে আরও বিচলিত করে তুলত। ঘটনাটা ঘটার অন্তত এক ওভার আগেই আমি সেটা বুঝতে পারতাম।
ওর খেলা মাঠে বসে না দেখার অন্যতম কারণ এটা। এমনকি বাসায়ও আমি ওর ইনিংসের শুধু সে অংশগুলোই দেখেছি, যখন ও ভালো খেলে, ওর শরীর সঠিক ভারসাম্যে থাকে, বলটা ঠিকঠাক দেখতে পায়।
আমি সব সময়ই কুমারের নির্দয় সমালোচক। সেটা ও ভালো করেই জানে। বিশ্বের সবার কাছে টেকনিকে প্রায় নিখুঁত হলেও আমার মনে হয়নি, ও কখনো সে মানে পৌঁছাতে পেরেছে। নিজের প্রতিভার প্রতি ও আরও সুবিচার করতে পারত।
সবাই গ্রায়েম পোলক ও গ্যারি সোবার্সের সমান্তরালে থাকা ওর ব্যাটিং গড় নিয়ে কথা বলছে, কিন্তু কুমার আরও ভালো করতে পারত। আউট হওয়ার পরিবর্তে ও প্রায়ই নিজের উইকেটটা বোলারদের উপহার দিয়ে আসত।
আমার কাছে ডন ব্রাডম্যানই সেরা ব্যাটসম্যান। প্রতি তিন ইনিংসের একটিতে সেঞ্চুরি করেছেন। যদি নিজেকে বিশ্বসেরাদের কাতারে দেখতে চান, আপনারও তেমন কিছু করা উচিত। আমাকে ভুল বুঝবেন না, কুমার ভালোই করেছে। কিন্তু সে কি নিজের সামর্থ্যের পুরোটা ব্যবহার করেছে? আমার মনে হয় না।
কুমারকে আমি অনেক ছোটবেলা থেকে ক্রিকেট শেখাতে শুরু করি। তখন থেকেই ও প্রতিভাবান ছিল। শট খেলার সময় ওর ব্যাট-বলের সংযোগ দেখেই বোঝা যেত সেটা। বল ব্যাটে লাগানো আর টেকনিক সম্পূর্ণ আলাদা জিনিস। আমার মতে, মাহেলা জয়াবর্ধনের টেকনিক ও ডিফেন্স তুলনামূলকভাবে ভালো ছিল। কিন্তু কুমারের ধৈর্য আর সহিষ্ণুতাই তাকে মাহেলার চেয়ে রান ও গড়ে এগিয়ে রেখেছে। কিন্তু আমি এখনো মনে করি মাহেলা, মারভান আতাপাত্তু ও অরবিন্দ ডি সিলভার মতো খেলোয়াড়দের নিয়ন্ত্রণ অনেক বেশি ছিল খেলাটিতে।
>কুমার সাঙ্গাকারার প্রথম কোচ তিনি। সবচেয়ে নির্দয় সমালোচকও। স্বর্ণকুমারা সাঙ্গাকারার প্রথম পরিচয় অবশ্য তিনি কুমার সাঙ্গাকারার বাবা। আন্তর্জাতিক ক্রিকেটে ছেলের বিদায়ের সময়ও যিনি ‘নির্দয় সমালোচক’-এর ভূমিকায়। ভারতীয় দৈনিক ইন্ডিয়ান এক্সপ্রেস-এ লেখা তাঁর কলামের ঈষৎ সংক্ষেপিত রূপ—
আমার শেখানো শটের বাইরে খুব কম শটই খেলে কুমার। শর্ট বলের বিপক্ষে ও সব সময়ই দক্ষ। ব্যাকফুট টেকনিকও চমৎকার। শ্রীলঙ্কার দক্ষিণের পিচগুলোর চেয়ে ক্যান্ডির পিচে যথেষ্ট বাউন্স ছিল। এখানে খেলেই সে বড় হয়েছে। একদিক থেকে মাহেলা সৌভাগ্যবান, শুরুর দিনগুলোতে ও অনেক স্পিন বোলিংয়ের মুখোমুখি হতে পেরেছিল।
ক্যারিয়ারের শুরুতে স্পিনারদের বিপক্ষে কুমারের পা ঠিকভাবে যেত না। পরে এই জায়গায় উন্নতি করলেও সেটার জন্য অনেক সময় নিয়েছে। এ জন্য আমার বকুনিও শুনতে হয়েছে ওকে। আমার তো এখনো মনে হয়, পায়ের কাজে সে অনেক ধীর।
সুনীল গাভাস্কারের ব্যাটিংয়ের বড় ভক্ত আমি। তিনি শুরুতে নিজের ধৈর্য দিয়ে বোলারদের ক্লান্ত করে তুলতেন এবং পরে মুগ্ধতা ছড়ানো সব শট খেলে তা উসুল করতেন। বোলারদের মুহুর্মুহু আক্রমণের মুখেও কখনো আত্মসমর্পণ করতেন না। একজন সফল ব্যাটসম্যানের সঙ্গে একজন বক্সারের অনেক মিল আছে। জয়ের জন্য দ্বাদশ রাউন্ড পর্যন্ত আপনাকে টিকে থাকতে হবে। আমি নিশ্চিত করেছিলাম, কুমার যেন বেড়ে ওঠার সময় ব্রাডম্যান ও গাভাস্কারের অনেক খেলা দেখে এবং তাঁদের সম্পর্কে পড়ে।
অনেকেই হয়তো জানেন না, কুমার খুব ভালো টেনিস খেলত। টেনিসই ছিল ওর প্রিয় খেলা। একবার পরিবারের ছেলে-মেয়েদের মধ্যকার খেলায় বোন সারাঙ্গা কুমারকে হারিয়ে দিয়েছিল। ওটাই শেষ। তারপর ও আর কখনো টেনিসকে গুরুত্ব দেয়নি। এরপর ক্রিকেটই তার প্রিয় খেলা হয়ে যায়। যদিও আমি নিশ্চিত, ও আমার কথায় আপত্তি করবে।
কুমার আর আমি সব সময়ই নানা বিষয়ে তর্ক করি। বেশির ভাগ সময় ক্রিকেট নিয়ে। আমার তুলনায় শ্রীলঙ্কার রাজনীতি ও জীবন নিয়ে ওর চিন্তা অনেক আধুনিক। ও পুরো পৃথিবী ঘুরে বেরিয়েছে, প্রচারও পেয়েছে। সবকিছু নিয়েই তার নিজস্ব একটা মতামত আছে। তবে আমার মনে হয়, বেশির ভাগ ক্ষেত্রে আমাদের গঠনমূলক আলোচনা থেকেই ওর সেরাটা বেরিয়ে এসেছে। আমার স্ত্রীর তো ধারণা, কুমার অনেকটা আমার মতো, নিজেদের বিশ্বাস নিয়ে আমরা দুজনেই সমান জেদি।
কুমারের কিছু ইনিংসের কথা মনে করতে ভালো লাগে আমার। পরাজয়ের মুখে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোবার্টে ওর ১৯২ রান নিয়ে অনেক কথা হয়। এটা আমার প্রিয় ইনিংস। দারুণ ছিল ওটা। বিশ্বকাপে চার ম্যাচে চার সেঞ্চুরিও দুর্দান্ত অর্জন।
অনেক ব্যাটসম্যানই শ্রেষ্ঠত্বের তকমা পেয়েছেন। কিন্তু আমার মনে হয়, বয়স ৩৫ পেরিয়ে যাওয়ায় পেশিতে খানিকটা শিথিলতা আসার পরও যারা রান করতে পারে, তারাই শ্রেষ্ঠ। কুমারও ৩৫ হওয়ার পর অনেক রান করেছে। কেউ কেউ বলেন, ওর ক্যারিয়ারের সোনালি সময় এসেছে তখনই। কিন্তু সে সময়টা আগে এলে ও রানের পাশাপাশি আরও অনেক সেঞ্চুরি করতে পারত।
আমার ছেলে ক্রিকেটার হলেও খেলাটার স্থান আমার হৃদয়ের কাছাকাছি নেই। ক্রীড়াজগতে খারাপ অনেক কিছু এনেছে এই খেলা। আমার ছেলে অসাধারণ প্রজ্ঞা নিয়ে খেললেও এটা আর সেই ভদ্রলোকের খেলা নেই। আইপিএল ও টি-টোয়েন্টি লিগ নিয়ে যেসব দুর্নীতির কথা শুনি, সেগুলো খেলার ভাবমূর্তি পুরোপুরি নষ্ট করে দিয়েছে। কুমারের আইপিএল খেলা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার মনে হয়, ওটা তার জায়গা নয়। সব ফরম্যাটেই সে সফল হলেও টি-টোয়েন্টি খেলাটা ওর ঠিক আসেনি। যদিও সে গত বছরের বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা টি-টোয়েন্টি দলে ছিল।
যখন ও অবসরের সিদ্ধান্তের কথা জানাল, তখন খুব একটা দুঃখ বা যন্ত্রণা ছিল না। আমরা দুজনই একমত ছিলাম যে ওর সময় শেষ। এরপর আর অযথা ঝুলে থাকার কোনো মানে হয় না।
মেয়ে থুসারি ও তার বাচ্চাদের দেখতে আজকাল প্রায়ই কলম্বো যাই। নাতি মেথভানকে নিয়ে খুবই আশাবাদী আমি। সে যেন কুমার ও সারাঙ্গার মিশ্রণ। সারাঙ্গার মতো টেনিসটাও দুর্দান্ত খেলে। আমি জানি না কুমার ভবিষ্যতের জন্য কী ভেবেছে। এই বয়সে আইন পেশাটা গুরুত্বের সঙ্গে নেওয়ার ব্যাপারে আমি নিশ্চিত নই। সে পরামর্শও দেব না আমি। ওর বয়স এখন ৩৭। আইন পড়া শেষ করতে পাঁচ বছর লাগবে। আর এই পেশায় প্রতিষ্ঠিত হতে হতে বয়স ৫০ পেরিয়ে যাবে।
কুমারের জন্য অবশ্য একটা চ্যালেঞ্জ আছে আমার কাছে। আশা করি ও সেটার মুখোমুখি হবে। আমি চাই গলফটা ও গুরুত্বের সঙ্গে নিক। এটা এমন একটা খেলা, যেখানে তার প্রতিভা ও হাতের দক্ষতা অনেকটাই এগিয়ে রাখবে ওকে। দুই দশক ধরে ও পেশাদার খেলোয়াড়। প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজটা কখনো হারাবে না। গলফ ওকে অনেক সুযোগ দেবে, আর এই খেলাটা সে আরও ৩০ বছর খেলতে পারবে। বয়স আসলে কেবলই সংখ্যা। আর এই ফাঁকে আপনাদের জানিয়ে রাখি, গলফ কোর্সে ওকে খেলতে দেখলে অর্ধেক নার্ভাসও হব না আমি। ইন্ডিয়ান এক্সপ্রেস।