প্রতিশোধ নিল কুমিল্লা

বিপিএলের শুরুতেই ধাক্কা খেয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস। প্রথম ম্যাচেই ঢাকা ডায়নামাইটসদের বিপক্ষে ৬ উইকেটে হেরেছিল মাশরাফির দল। দ্বিতীয় পর্বে সেই ঢাকার মুখোমুখি হতেই প্রতিশোধ নিয়ে নিল কুমিল্লা। আজ চট্টগ্রামে দিনের প্রথম খেলায় ঢাকাকে ১০ রানে হারিয়েছে কুমিল্লা।
অল্প রানের ম্যাচটিতে জয়ে অবদান রেখেছেন কুমিল্লার প্রায় সবাই। তবে মাশরাফি বিন মুর্তজার কাছ থেকে বাড়তি প্রশংসা দাবি করতেই পারেন আসহার জাইদি। ছয়ে নেমে তাঁর ২৯ বলে ৪৫ রানের ইনিংসের সৌজন্যেই ১৪১ রানের লড়াকু স্কোর গড়তে পেরেছিল কুমিল্লা। পরে এটিকেই জেতার জন্য যথেষ্ট প্রমাণ করেছেন দলের সব বোলার।
টসে হেরে ব্যাট করতে নেমেছিল কুমিল্লা দল। ব্যাটিংয়ের শুরুটা মোটেও ভালো হয়নি। একপ্রান্তে লিটনকে দর্শক বানিয়ে আসা যাওয়ার মিছিল করেছেন অন্য ব্যাটসম্যানরা। মাত্র নবম ওভারেই তাই পঞ্চম ব্যাটসম্যান হিসেবে নামেন অধিনায়ক মাশরাফি। কিন্তু প্রথম পর্বের এই বাজিটা কাজে লাগলেও আজ হতাশ হয়েই ফিরেছেন মাশরাফি মাত্র ২ রান করে। ১১তম ওভারে যখন চতুর্থ ব্যাটসম্যান হিসেবে আউট হলেন মাশরাফি, দলের স্কোর তখন মাত্র ৫২। উইকেটে এলেন আসহার। লিটনকে সঙ্গী করে প্রথমে ইনিংসকে গোছালেন এই বাঁহাতি ব্যাটসম্যান। আর ইনিংসের শেষ দিকে চড়াও হয়ে দলকে এনে দিলেন ভদ্রস্থ এক স্কোর। তাঁর এই ইনিংসের কল্যাণেই শেষ ১০ ওভারে ৯১ রান তোলে কুমিল্লা।
১৪২ রান তাড়া করতে নেমে ভালোই জবাব দিচ্ছিল ঢাকা দল। প্রথম ১১ ওভারেই ৭১ রান তুলে ফেলেছিল তারা। কিন্তু একাদশ ওভারের শেষ বলে কুমার সাঙ্গাকারা আউট হয়ে গেলে বিপদে পড়ে ঢাকা দল। পড়ে কুমিল্লার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মুখে কোণঠাসা হয়ে পড়ে ঢাকার ব্যাটসম্যানরা। বোলারদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে রায়ান টেন ডেসকাটের উইকেট তুলে নিয়েছেন তিনি। অন্য বোলাররাও তাঁকে অনুসরণ করায় শেষ ৯ ওভারে মাত্র ৬০ তুলতে পারে ঢাকা দল।
সংক্ষিপ্ত স্কোর
কুমিল্লা ভিক্টোরিয়ানস: ২০ ওভারে ১৪১/৭ ( লিটন ৩১, শেহজাদ ৯, ইমরুল ৭, মালিক ৮, মাশরাফি ২, আসহার ৪৫*, অলক ১০, শুভাগত ২১, ডলার ০*; হাসান ০/১৮, রেজা ২/২৬, মুস্তাফিজ ১/৩৩, ইয়াসির ২/২৬, সৈকত ০/১০, নাসির ১/১৯, মোশাররফ ১/৩)
ঢাকা ডায়নামাইটস: ২০ ওভারে ১৩১/৬ (সৈকত ৮, সাদমান ১০, সাঙ্গাকারা ৩০, নাসির ৩২, টেন ডেসকাট ১১, ওয়ালার ১১, হাসান ১২*, রেজা ৫*; কুলাসেকারা ০/২৩, হায়দার ২/৩০, শুভাগত ১/২৪, মালিক ০/১৭, মাশরাফি ১/১৮, আসহার ০/১০, অলক ০/৫)
ফল: কুমিল্লা ১০ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: আসহার জাইদি