প্রত্যয়ী তাইজুলের চোখে স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাইজুল ইসলাম
তাইজুল ইসলাম

একই প্রশ্ন ঘুরেফিরে কয়েকবার করা হলো। কিন্তু প্রতিবার তাইজুল ইসলামের একই জবাব, ‘ভালো লাগছে। কিন্তু আমি আরও ভালো করতে চাই।’ মাঠে উদ্যাপনে যেমন লাগাম ধরে রাখেন, আচরণেও তেমনই স্বল্পভাষী, এটা জানাই ছিল। কিন্তু তাই বলে এমন একটা পুরস্কার পাওয়ার পরও এত নিরুত্তাপ! ২০১৪ সালের রূপচাঁদা-প্রথম আলো বর্ষসেরা উদীয়মান খেলোয়াড়ের ট্রফিটা নিয়ে এসে চুপচাপ বসে আছেন দর্শকসারিতে, মনোযোগ দিয়ে অনুষ্ঠান দেখছেন।
আলো ঝলমলে মঞ্চে বাংলাদেশের টেনিসের রানি জোবেরা রহমান লিনুর হাত থেকে ট্রফিটা নিয়ে একটু মুচকি হাসি দিয়েছিলেন, এই যা। অন্তর্গত আনন্দটা তাঁর মুখ দেখে কিংবা প্রতিক্রিয়ায় বোঝার উপায় নেই। নিজের উচ্ছ্বাসে যিনি এত দারুণভাবে লাগাম ধরে রাখতে পারেন সেই তাইজুলই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের বছরটায় কতবার উচ্ছ্বাসে ভাসিয়েছেন এ দেশের ক্রিকেটকে! টেস্ট অভিষেকেই ইনিংসে ৫ উইকেট, টেস্টে বাংলাদেশের পক্ষে সেরা বোলিংও ওই বছর (৮/৩৯, বিপক্ষ জিম্বাবুয়ে, ২০১৪)। ওয়ানডে অভিষেকে প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক! এত এত অর্জনের পর ২০১৪ সালের সেরা উদীয়মান তিনি না হলে, সেটাই বরং বিস্ময়কর হতো।
কিন্তু এত সব কীর্তি যে বোলারের, সেই তাইজুল ২০১৫ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর থেকে ওয়ানডে-টি-টোয়েন্টিতে ব্রাত্য হয়ে যেন শুধুই টেস্ট বোলার! সব ধরনের সংস্করণে দলে জায়গাটা নিয়মিত করতে ইচ্ছে হয় না? এবার তাইজুলের চোখেমুখে প্রত্যয়, ‘অবশ্যই, আমি সব রকম চেষ্টা করে যাব।’
আর তাইজুলের সেই চেষ্টা সফল হলে কে জানে হয়তো ভবিষ্যতে বর্ষসেরার ট্রফিটাও তাঁর হাতে দেখা যাবে!