২০ মাস পর টেস্ট ক্রিকেটে ফেরার দিনেই নিজেদের ক্রিকেট-দৈন্যটা স্পষ্ট করে তুলল জিম্বাবুয়ে। কাল বুলাওয়ে টেস্টের প্রথম দিনে জিম্বাবুয়েকে মাত্র ১৬৪ রানেই অলআউট করেছে নিউজিল্যান্ড। জবাবে বিনা উইকেটে ৩২ রান তুলে দিন শেষ করেছে কিউইরা। জিম্বাবুয়ের ব্যাটিংকে ছিন্নভিন্ন করেছেন নিল ওয়াগনার, ৪১ রানে নিয়েছেন ৬ উইকেট। ২০ টেস্টের ক্যারিয়ারে দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া কিউই পেসারের সেরা বোলিং এটাই।
ম্যাচের প্রথম বলেই বাউন্ডারি, কিন্তু দ্বিতীয় বলেই প্রথম উইকেট হারায় জিম্বাবুয়ে। চিবাবা-মাসাকাদজা মিলে রানটা ৩৫-এ নিয়ে যাওয়ার পর ১ রান তুলতেই নেই আরও ৩ উইকেট। রানটা ৭২ হতে আবার বিপর্যয়। স্কোরকে স্থির রেখেই আউট ৪ ব্যাটসম্যান। এর ৩টিই এক ওভারে নিয়েছেন ওয়াগনার। জিম্বাবুয়ের রানটা ১৬৪ হয়েছে নবম উইকেটে অভিষিক্ত প্রিন্স মাসভুরে (৪২) ও ডোনাল্ড তিরিপানো (৪৯*) ৮৫ রান যোগ করাতেই। তিরিপানোর ৪৯, দশে নেমে জিম্বাবুয়ের রেকর্ড। ক্রিকইনফো।