প্রত্যাবর্তনেও সেই জিম্বাবুয়ে

২০১৪ সালের বাংলাদেশ সফরের পর টেস্টে ফিরেছে জিম্বাবুয়ে। ২০ মাস পর প্রত্যাবর্তনে অবশ্য দেখা গেল পুরোনো জিম্বাবুয়েকেই। ব্যর্থতার চক্রে আটকে থাকা জিম্বাবুইয়ানরা বুলাওয়েতে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে অলআউট হয়েছে ১৬৪ রানে।
নিল ওয়াগনারের তোপ ও মিচেল স্যান্টনারের স্পিনে শুরু থেকেই টালমাটাল জিম্বাবুয়ের ব্যাটিং অর্ডার। ৩৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা দলটির দুঃস্বপ্ন হয়ে আসে ওয়াগনারের করা ৩৩তম ওভারটি। ওই ওভারে ফিরে যান সিকান্দার রাজা, রেজিস চাকাভা ও গ্রায়েম ক্রেমার। হ্যাটট্রিকের সুযোগ এসেছিল ওয়াগনারের সামনে। সেটি না হলেও ৪১ রানে ৬ উইকেট নিয়ে করলেন ক্যারিয়ার সেরা বোলিং।
জিম্বাবুয়ের হয়ে যা একটু লড়াই চালালেন প্রিন্স মাসভুরে ও ডোনাল্ড ত্রিপানো। ৯ম উইকেট জুটিতে দুজন করেন ৮৫ রান। টিম সাউদির বলে এলবিডব্লু হওয়ার আগে মাসভুরে করেন ৪২ রান। ত্রিপানো অবশ্য নিজেকে দুর্ভাগাই মনে করতে পারেন, অপরাজিত ছিলেন ৪৯ রানে।
প্রথম দিনে নিউজিল্যান্ড কোনো উইকেট না হারিয়ে তুলেছে ৩২ রান।