প্রত্যাশার আকাশ এখন আরও বড়

পৌনে চারটার দিকে লাবণী পয়েন্টে চলে এল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এরপর সমুদ্রস্নান। কিন্তু এই সময়ে তো তাঁদের মাঠে থাকার কথা!
আসলে মাঠের কাজ তাঁরা সেরেই এসেছেন। নামিবিয়া অনূর্ধ্ব-১৯ দলকে লাঞ্চের আগেই উড়িয়ে দিয়ে বাংলাদেশ যুবারা চলে এসেছেন সমুদ্রসৈকতে। জয়ের পর মাঠে তেমন উদ্যাপন দেখা যায়নি মিরাজদের। আসল আনন্দটা হলো সমুদ্রসৈকতে।
শিষ্যদের আনন্দ সৈকতে দাঁড়িয়েই দেখলেন কোচ মিজানুর রহমান। অনেক অনুরোধ করেও তাঁকে সমুদ্রে নামাতে পারলেন না খেলোয়াড়েরা। মিজান যাও-বা সৈকতে দাঁড়িয়ে পায়ে জল ছোঁয়ালেন, দলের পরামর্শক স্টুয়ার্ট ল তা-ও করলেন না। রোদচশমা পরে পুরোটা সময় ডেক চেয়ারে বসে কাটালেন।
মিরাজের জন্য কালকের দিনটাই ছিল অন্য রকম। পাকিস্তানের ইমাদ ওয়াসিমকে টপকে হয়েছেন যুব ওয়ানডের সর্বোচ্চ উইকেট শিকারি। সমুদ্রের ঢেউয়ের মতোই আনন্দের বন্যা তাঁর মনে। তবে বাংলাদেশের যুবা অধিনায়ক এই আনন্দে সীমাবদ্ধ থাকতে চান না। চোখ তাঁর আরও দূরে, ‘ম্যাচ জিতেছি, আমার রেকর্ডও হলো। আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হলাম। সব মিলিয়ে খুব ভালো লাগছে। তবে ভালো লাগাটা এখানেই শেষ করলে হবে না। আরও অনেক দূর যেতে হবে। ভালো লাগা এখানেই সীমাবদ্ধ থাকলে বেশি দূর যেতে পারব না, লক্ষ্যও পূরণ হবে না।’
লক্ষ্য পূরণের প্রাথমিক ধাপ ভালোভাবেই শেষ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে পা রেখেছে তারা। আগামী শুক্রবার শেষ আটের ম্যাচে মিরাজদের সামনে থাকবে নেপাল। নিউজিল্যান্ডকে হারিয়ে বেশ হইচই ফেলে দেওয়া নেপালকে অবশ্য প্রবল প্রতিপক্ষ ভাবতে রাজি নন অধিনায়ক। প্রতিপক্ষকে সমীহ করেও সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাস ঝরল কণ্ঠে, ‘ভারতের বিপক্ষে নেপালের ম্যাচটা আমরা দেখেছি। আমরা নিজেদের সেরা খেলা খেললে মনে হয় না নেপাল কিছু করতে পারবে। তবে তাদের ছোট করে দেখারও কিছু নেই। দলটা ভালো খেলেই কোয়ার্টার ফাইনালে উঠেছে।’
তা হয়তো ঠিক। তবে মিরাজরা কোয়ার্টার ফাইনালে উঠেছেন আরও ভালো খেলে। প্রত্যাশার সীমা এখন আকাশছোঁয়া হলেও দোষ কী?

সংক্ষিপ্ত স্কোর
নামিবিয়া অনূর্ধ্ব-১৯: ৩২.৫ ওভারে ৬৫ (ডেভিন ১৯, লরেন্স ১৭; হালিম ০/১৫, সাইফউদ্দিন ১/১৫, সালেহ ২/১০, মিরাজ ২/১২, আরিফুল ২/৯, সাইদ ১/২)। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ১৬ ওভারে ৬৬/২ (পিনাক ০, সাইফ ৮, জয়রাজ ৩৪*, নাজমুল ১০*; কোয়েটজি ২/২০)।
ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: সালেহ আহমেদ।