খুলনা আর বিকেএসপি মিলে অনুশীলন চলেছে টানা চার সপ্তাহ। গত মঙ্গলবার ঢাকায় ফিরে কাল একাডেমি মাঠে শেষ হলো অনুশীলনের প্রথম পর্ব। ম্যাচ পরিস্থিতির অনুশীলনে কাল আম্পায়ারের জায়গায় দাঁড়িয়ে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের সঙ্গী থাকলেন স্টুয়ার্ট লও।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের যুবাদের দলে অস্ট্রেলিয়ান এই কোচ আছেন ‘টেকনিক্যাল অ্যাডভাইজার’ হিসেবে। যদিও কেতাবি পদবিটাকে তিনি নিজেই বড় করে দেখছেন না। অনুশীলন শেষে একাডেমি মাঠে দাঁড়িয়েই বলছিলেন, ‘আমাকে বলা হচ্ছে টেকনিক্যাল অ্যাডভাইজার। আমার দায়িত্ব খেলোয়াড় ও কোচদের সাহায্য করা। কিন্তু পদবিতে কী আসে যায়! খেলোয়াড়েরা যাতে ভালো ক্রিকেট খেলতে পারে, মাঠের বাইরে যেন সেরা জ্ঞানটা পায়, সেটা নিশ্চিত করাই আমার কাজ।’
মাঠের বাইরেও ক্রিকেটারদের পাশে থাকছেন ল। কাল যেমন তরুণ ছাত্রদের ওপর থাকা প্রত্যাশার বোঝাটা হালকা করে দিতে চাইলেন, ‘সবাই সাফল্য চায়। তবে সেই সাফল্য হতে পারে অনেক রকম। ট্রফি জেতা যেমন সাফল্য, সেমিফাইনাল বা দ্বিতীয় পর্বে যাওয়াও সাফল্য। এর আগে বাংলাদেশ কখনোই যুব বিশ্বকাপের দ্বিতীয় পর্বে যায়নি। আমি মনে করি এবার তা পারলে সেটাই হবে অসাধারণ সাফল্য।’
কোচ প্রত্যাশার সীমা ছোট করে আনতে চাইলেও ঘরের মাঠের বিশ্বকাপ থেকে যে বড় কিছুই আশা অনূর্ধ্ব-১৯ দলের কাছে! লর মত অবশ্য ভিন্ন, ‘আমার মনে হয় না দেশের মানুষ বা ক্রিকেট বোর্ডও ছেলেদের ওপর কোনো প্রত্যাশার চাপ তুলে দিচ্ছে। এটা আসছে আপনাদের (সংবাদমাধ্যম) দিক থেকে। কিছু হলেই “তোমাদের জিততে হবে” জাতীয় কোরাস তোলার একটা প্রবণতা আছে সংবাদমাধ্যমের।’
এই চাপ তরুণ ক্রিকেটারদের জন্য একটু বেশিই হয়ে যায় বলে মনে করেন কোচ। নিজের দায়িত্বের মধ্যে সেটা হালকা করার ব্যাপারটাও তাই ঢুকিয়ে নিয়েছেন, ‘আমি চেষ্টা করছি এ ধরনের কথাবার্তা থেকে ওদের দূরে রাখতে। আপনি যদি ভাবতে থাকেন আপনার মূল কাজই হলো জেতা, তখন আর আপনি জিতবেন না।’ মাথায় রাখছেন আরও একটা ব্যাপার। অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকে যত বেশি সম্ভব মানসম্মত ক্রিকেটার জাতীয় দলে জোগান দেওয়া।
২৪ ক্রিকেটারকে নিয়ে প্রস্তুতি ক্যাম্পে লর সঙ্গে আছেন স্থানীয় কোচরা। অস্ট্রেলিয়ান কোচের প্রশংসাই পাচ্ছেন তাঁরা, ‘ছেলেদের নিয়ে ফলাফল বের করে আনার কাজটা দারুণভাবেই করছেন তাঁরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশে এবং দেশের বাইরে খুব ভালো খেলেছে দল। শ্রীলঙ্কায় গিয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে আসাটাও বড় সাফল্য ছিল।’ সঙ্গে ছাত্রদের প্রশংসা তো করলেনই, ‘অল্প সময়ের মধ্যে ওদের অনেক ক্রিকেট খেলতে হবে। তবে ছেলেরা তাদের সাধ্যমতো চেষ্টা করছে। যেকোনো ভুল থেকেই ওরা শিখতে চাচ্ছে।’
১৬ সপ্তাহের চুক্তির প্রথম সপ্তাহ শেষ করে ল কাল রাতেই ঢাকা ছেড়েছেন। ফিরবেন অক্টোবরের শেষ সপ্তাহে।