
একদমই ভাবিনি, আমাকে আবার অধিনায়কত্ব দেওয়া হবে। এর আগে দুবার অধিনায়কত্ব পেয়েছি, দুবারই চোট পেয়ে সরে যেতে হয়েছে। বিসিবি তার পরও আমার ওপর আস্থা রাখবে—এটা কল্পনাতেও ছিল না। বিসিবিকে ধন্যবাদ। অধিনায়কত্ব পাওয়া সব সময়ই গৌরবের, আনন্দেরও।
আমার কাছে অধিনায়ক থাকা না-থাকা অবশ্য কোনো ব্যাপার নয়। অধিনায়ক না থাকলেও আমি নিজেকে দলের অধিনায়ক ভাবি। অধিনায়কের কাজ দলকে সামনের দিকে এগিয়ে নেওয়া। একজন খেলোয়াড় হিসেবে আমারও তো সেটাই কাজ! সন্দেহ নেই ক্রিকেট দলে অধিনায়কের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। তাঁকেই সব সিদ্ধান্ত নিতে হয়। তবে আমি বিশ্বাস করি, মাঠের ভেতরে চাইলে অধিনায়কত্ব যে কেউ করতে পারে। সবচেয়ে বড় কথা, নিজেকে দলের একজন ভাবা। মন থেকে দলের ভালো চাওয়া। সবাই সবার দায়িত্ব নেওয়া। সে জন্যই বলছি, আমি দলের একজন সদস্য, এটাই আমার কাছে সবচেয়ে বড়। আমাকে অধিনায়ক না রাখলেও আমি অধিনায়ক। কিসে দলের ভালো হয় সেটা আমি চাইব, বলব। সব সময়ই তা চেয়েছি, বলেছি। অধিনায়কত্বের দায়িত্বটাও আন্তরিকতার সঙ্গে পালন করতে চেষ্টা করব। আমি চোট পাওয়া খেলোয়াড় না অন্য কিছু সেসব আর ভাবি না। আমার ওপর বোর্ড আস্থা রেখেছে। তার বিনিময়ে কিছু দিতে পারলে আমারই ভালো লাগবে।
বিসিবি এখন টেস্ট-ওয়ানডের জন্য দুই অধিনায়কের নীতিতে গেছে। অনেক সময় এসব পরিবর্তন করে অনেক কিছুই পাওয়া যায়। আবার অনেক সময় কিছুই পাওয়া যায় না। তবে অধিনায়কত্ব আমিই পাই, বা মুশফিক, সাকিব, তামিম, সেটা কোনো বিষয় না। আমাদের সবার একটাই লক্ষ্য, বাংলাদেশ দল ভালো খেলুক। উদ্দেশ্যটা সব সময় একই থাকে। যাঁরা বোর্ডে আছেন, তাঁদের উদ্দেশ্যও একই। আর উদ্দেশ্য যখন এক, কোন দলে কয়টা বা কে অধিনায়ক, এসব নিয়ে ভাবারই প্রয়োজন দেখি না।
অধিনায়কত্ব পাওয়ার পর মুশফিক আমাকে শুভেচ্ছা জানিয়েছে। মুশফিক খুবই সৎ, নিঃস্বার্থ একজন মানুষ। সে যা বলে বা করে, সবই সততার সঙ্গে। এটা নিয়ে আমাদের কারও কোনো সন্দেহ নেই। ওর সঙ্গে আমার সম্পর্ক সব সময়ই ছোট ভাই-বড় ভাইয়ের মতো। মাঠে আমার যেটা ভালো মনে হয়, আমি সঙ্গে সঙ্গে ওকে সেটা বলি, এটা করলে কেমন হয় বা ওটা করা যায় কি না। আমার বিশ্বাস, মুশফিকও একইভাবে আমাকে সাহায্য করবে।
একটা দলে একেক জনের স্বভাব একেক রকম হয়। তবে অনুশীলন করতে মাঠে ঢোকা থেকে মাঠ থেকে বের হওয়া পর্যন্ত, বা খেলার মাঠে...সবখানে সবার একই উদ্দেশ্য, একই কাজ, একই চিন্তাভাবনা। অধিনায়ক হিসেবে আমি কী চাই জানতে চাইলে এ কথাটাই বলব, সবাই এক হয়ে খেলা। আমরা এমন কোনো দল হয়ে যাইনি যে, আমাদের ঔদ্ধত্যপূর্ণ কিছু মানায়। আমি চাই, যারা দলে আছে প্রত্যেকের চাওয়া যেন এক হয়। তাদের যেন কিছু করার উদ্দেশ্য থাকে। এই পর্যায়ের ক্রিকেটে আক্রমণাত্মক না হলে টিকে থাকা কঠিন। মাঠে যখন নামব, আমাদের চিন্তা থাকবে আমরা কিছু করতে এসেছি, কিছু দেখাতে এসেছি। ২০১৪-এর আগ পর্যন্ত আমরা তা পেরেছি। কিন্তু এ বছর আমরা যেন সেটা হারিয়ে ফেলেছি! দলের মধ্যে ওই তেজিভাব ফিরিয়ে আনাই সবার উদ্দেশ্য হওয়া উচিত।
সামনে বিশ্বকাপ। তার আগেই আমাদের হারানো রূপটা ফিরিয়ে আনা জরুরি। তবে আমি এখনই বিশ্বকাপ নিয়ে ভাবছি না। আপাতত তাকিয়ে আছি সামনের জিম্বাবুয়ে সিরিজের দিকে। পাঁচটি ওয়ানডে আছে এই সিরিজে। এই ম্যাচগুলোতে আমি সর্বোচ্চ ভালো ফলাফল আশা করছি।
আমার বিশ্বাস, আমার মতো দলের সব খেলোয়াড়ের মনেই এটা আছে। সাম্প্রতিক সময়ে আমাদের পারফরম্যান্সের গ্রাফ অনেক নিচে নেমে গেছে। এখন সেখান থেকে নিজেদের ফিরিয়ে আনার সময়। বেশি দূরের জিনিস নিয়ে না ভেবে তাই আমাদের প্রত্যেকেরই উচিত জিম্বাবুয়ের বিপক্ষে কীভাবে ভালো খেলা যায়, সেটা নিয়ে ভাবা। প্রত্যেকেই নিজেকে অধিনায়ক ভাবুক। অধিনায়কের মতো দলকে সামনে নিয়ে যাক, অধিনায়ক হিসেবে আমার এটাই চাওয়া।