প্রত্যেকের জন্য বোনাস ৫০ লাখ

মহেন্দ্র সিং ধোনি নিজে টিপস দিয়েছেন। ২০১১ বিশ্বকাপের অন্যতম নায়ক গৌতম গম্ভীর বলছেন, মেয়েরা বিশ্বকাপ জিতলে সেটি হবে তাঁদের জয়ের চেয়েও বেশি কিছু। এসব উজ্জীবনী ভাষণেই শেষ নয়। আজকের ফাইনালের আগে ভারতের নারী ক্রিকেট দলের প্রত্যেককে বড় অঙ্কের বোনাস ঘোষণাও দিয়েছে ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আজকের ফাইনাল হারুক আর জিতুক, মিতালি রাজের দলের প্রত্যেকে পাবেন ৫০ লাখ রুপি করে।
অনেককে চমকে মেয়েদের বিশ্বকাপের ফাইনালে উঠে এসেছে ভারত। টসে জিতে ইংল্যান্ড ব্যাট করছে। স্বাগতিকেরা ১০ ওভারে বিনা উইকেটে তুলেছে ৪৩ রান।
দলকে উজ্জীবিত করতে গতকাল বিসিসিআই এই বোনাসের ঘোষণা দেয়। স্কোয়াডের প্রত্যেক খেলোয়াড়ের পাশাপাশি সাপোর্ট স্টাফরা প্রত্যেকে পাবেন ২৫ লাখ রুপি করে বোনাস।
বিসিসিআইয়ের অন্তর্বর্তী প্রশাসক কমিটির প্রধান বিনোদ রাই বলেছেন, ‘বিশ্বকাপে স্মরণীয় খেলা উপহার দেওয়ার জন্য ভারতের নারী ক্রিকেট দলকে অভিনন্দন জানাই। দল দারুণ দৃঢ়তা দেখিয়েছে। মিতালি রাজের নেতৃত্বে মেয়েরা প্রতিটি ম্যাচেই নিজেদের খেলা আরেক ধাপে নিয়ে গেছে। ভারতে এবারের নারী বিশ্বকাপ বেশ আগ্রহ নিয়ে দেখা হচ্ছে। মাঠে দলের খেলা দারুণ প্রশংসিত হয়েছে। সারা বিশ্বের মনও জিতে নিয়েছে আমাদের মেয়েরা। আমি নিশ্চিত, আরও অনেক মেয়েকে এই দল উজ্জীবিত করবে, অনুপ্রাণিত করবে।’ সূত্র: পিটিআই।