২৪৮ রানেই শেষ দক্ষিণ আফ্রিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্টেও মুস্তাফিজ–ঝড় ।ছবি: শামসুল হক।
টেস্টেও মুস্তাফিজ–ঝড় ।ছবি: শামসুল হক।

মুস্তাফিজুর রহমানের ওই এক ওভারই ব্যাকফুটে ঠেলে দিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। চার বলের ব্যবধানে হাশিম আমলা, জেপি ডুমিনি আর কুইন্টন ডি কককে সাজঘরে ফেরত পাঠিয়ে প্রোটিয়া ইনিংসে যে বিপর্যয়ের সূচনা তিনি করেছিলেন, সেই বিপর্যয়ের ধারাবাহিকতাতেই ২৪৮ রানেই গুটিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা।
মুস্তাফিজের ওই অবিশ্বাস্য ওভারটির পর তরুণ লেগ স্পিনার জুবায়ের হোসেন তুলে নেন আরও ৩ উইকেট। একপ্রান্তে দাঁড়িয়ে লড়াই চালিয়ে গিয়েছিলেন তেম্বা বাভুমা। চাপের মুখে দারুণ একটা ফিফটিও করেছেন তিনি। কিন্তু তিনিও শিকার ওই মুস্তাফিজের। নিজের অভিষেক টেস্টে ৩৭ রানে ৪ উইকেট তুলে নিয়ে চট্টগ্রাম টেস্টের নায়ক এখন সাতক্ষীরার এই তরুণই।
মুস্তাফিজের ৪ আর জুবায়েরের ৩ উইকেটের পাশাপাশি একটি করে উইকেট নিয়েছেন সাকিব আল হাসান, তাইজুল ইসলাম ও মাহমুদউল্লাহ। দারুণ বল করেও প্রোটিয়াদের বিপর্যয়ের এই দিনে উইকেট-শূন্য মোহাম্মদ শহীদ।
শহীদের প্রসঙ্গে কেবল একটি শব্দই ব্যবহার করা যেতে পারে—দুর্ভাগা। আসলেই মহা দুর্ভাগা বোলার এই শহীদ। এক প্রান্তে নিজেকে উজাড় করে দিয়ে প্রোটিয়া ব্যাটসম্যানদের ওপর মূল চাপটা কিন্তু তৈরি করেছিলেন এই শহীদই। নিজের তৃতীয় স্পেলে ছয় ওভার বল করে ছয়টিতেই মেডেন তুলে নিয়েছিলেন তিনি। রানের খরায় পড়ে সেই যে চাপ তৈরি হল, তা থেকে শেষ অবধি বেরিয়ে আসতে পারেনি দক্ষিণ আফ্রিকা। সেই চাপের ফসলই হয়তো দ্বিতীয় উইকেটে ৭৮ রানের জুটি গড়েও ১৩৬ রানে থেকেই পরপর ২ উইকেট পড়ে যাওয়া (তাইজুলের বলে প্রথমে ডিন এলগার আর সাকিবের বলে ফ্যাফ ডু প্লেসি)। চা বিরতির আগে সেই জোড়া আঘাতের ধারাবাহিকতাতেই হয়তো বিরতির পর মুস্তাফিজের ওই ভয়ংকর ওভারটি। শহীদকে উইকেট-শূন্য থাকতেন না, যদি তাঁর দুর্দান্ত দুটি বলে ইমরুল কায়েস স্লিপে দাঁড়িয়ে ক্যাচ ফেলে না দিতেন।

টেস্টে নিজের ১৪৭তম উইকেটটি তুলে নিলেন সাকিব আল হাসান ছবি: শামসুল হক
টেস্টে নিজের ১৪৭তম উইকেটটি তুলে নিলেন সাকিব আল হাসান ছবি: শামসুল হক


টস জয়ী দক্ষিণ আফ্রিকার ইনিংসে ফিফটি মাত্র একটি। তেম্বা বাভুমার ৫৪ রানের পাশাপাশি অবশ্য চল্লিশের ঘরে ইনিংস দুটি—ডিন এলগার ও ফ্যাফ ডু প্লেসির। বাকিরা সকলেই ব্যর্থ। হাশিম আমলা কবে শেষবার এমন ব্যর্থ সফর কাটিয়েছেন, সেটা হয়তো তিনি নিজেই ভুলে গেছেন। মুস্তাফিজুর রহমানের বলে অফ স্টাম্পের বাইরের বলটি তিনি যেভাবে তেড়েফুঁড়ে খেললেন, তাতে বোঝাই গেছে রান না পেয়ে এই সিরিজে কতটা চাপের মধ্যে আছেন তিনি। কুইন্টন ডি কক আবারও প্রমাণ করলেন তিনি মুস্তাফিজে কতটা ভিত। ডুমিনিও স্টাম্পের মাঝের বলটি যেন বুঝতেই পারেননি। ডুমিনি কিংবা ডি ককের মতো দুই ব্যাটসম্যান যখন জোড়া শূন্যে সাজঘরে ফেরেন, তার ধাক্কা সামলে ওঠা যেকোনো দলের জন্যই মুশকিল। প্রোটিয়াদের পক্ষে তা সামলে ওঠা সম্ভব হয়নি শেষ অবধিও।
দিনের শেষে বাংলাদেশ ব্যাট করার সুযোগ পেয়েছে মাত্র দুই ওভার। শেষ বিকেলে ডেল স্টেইন ও ভারনন ফিল্যান্ডারের এই দুই ওভার বেশ ভালো ভাবেই সামলেছেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। এই দুই ওভারে বাংলাদেশ স্কোরবোর্ডে তুলেছে ৭ রান, যার ৫ রানই এসেছে ইমরুল কায়েসের ব্যাট থেকে। একটি রান তামিমের।
বল হাতে চ্যালেঞ্জে জয়ী বাংলাদেশ কাল ব্যাট হাতে স্টেইন, মরকেল, ফিল্যান্ডারদের চ্যালেঞ্জ কতটা ভালোভাবে সামলাতে পারবে, সেটাই এখন দেখার বিষয়।