প্রথম ইনিংসে নকল ভারত, দ্বিতীয় ইনিংসে আসল ভারত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধাওয়ান-রাহুলের ওপেনিং জুটিতে এসেছে ১৬৬ রান। ছবি: এএফপি
ধাওয়ান-রাহুলের ওপেনিং জুটিতে এসেছে ১৬৬ রান। ছবি: এএফপি

২০১০ সালের পর এই প্রথম শ্রীলঙ্কা লিড নিয়েছে ভারতের বিপক্ষে...এই পরিসংখ্যানটা কোহলিদের অহমে জ্বালা ধরিয়ে দিতেই পারে। কোথায় ভারত, আর শ্রীলঙ্কা এখন কোথায়। দ্বিতীয় ইনিংসে ভারত এমনই জেগে উঠল, ওপেনিং জুটিতেই এল ১৬৬ রান! ২০১০ সালের পর প্রথম দ্বিতীয় ইনিংসে ওপেনিং জুটিতে ১০০ রান তুলল ভারত। ১৫০ রানের ওপেনিং জুটি দ্বিতীয় ইনিংসে ভারত সর্বশেষ পেয়েছে ২০০৮ সালে। 

আর এই জুটিটা এল এমন একটা সময়, যখন দল প্রথম ইনিংসে পিছিয়ে আছে ১২২ রানে। কলকাতা টেস্টে প্রথম ইনিংসে পিছিয়ে পড়া ভারতই লোকেশ রাহুল ও শিখর ধাওয়ানের দুর্দান্ত শুরুতে ১ উইকেটে ১৭১ রান তুলে এগিয়ে ৪৯ রানে।
শিখর ধাওয়ানের দুর্ভাগ্য—৯৪ রানে দাসুন শানাকার বলে উইকেটের পেছনে ডিকভেলাকে ক্যাচ দিয়ে ফিরেছেন। রাহুল অবশ্য অপরাজিত আছেন ৭৩ রানে। আলোর স্বল্পতার কারণে দিনের খেলা নির্ধারিত সময়ের আগে শেষ না হলে রাহুল হয়তো সেঞ্চুরিটা পেয়ে যেতেও পারতেন। ধাওয়ান ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। রিভিউ নিয়েছিলেন শেষ আশা হিসেবে। সেঞ্চুরি থেকে এত দূরে থেকে আউট হতে কেই-বা চায়!
কলকাতা টেস্টে আরও একবার আলোর স্বল্পতা বড় প্রভাব রাখল। আজ দিনের খেলা শেষ হয়েছে ১৮.৩ ওভার আগেই। এটি ম্যাচের ফলে যথেষ্ট প্রভাব রাখবে বলেই মনে হচ্ছে।
এর আগে সকালে রঙ্গনা হেরাথের ৬৭ রান আর ম্যাথুস ও থিরিমান্নের ৫১ ও ৫২ রানে ২৯৪ রানে শেষ হয় শ্রীলঙ্কার প্রথম ইনিংস। তবে শ্রীলঙ্কা গুটিয়ে যেতে পারত আরও আগেই—২০০ থেকে ২০১-এ স্কোর যেতে না যেতেই শ্রীলঙ্কা মিডল অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়েও যে এত বড় লিড নিতে পারল, তা হেরাথের সৌজন্যেই।
ভারতের পক্ষে ৪টি করে উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার ও মোহাম্মদ শামি। উমেশ যাদব নিয়েছেন ২ উইকেট। ১৯৮৬ সালে শেষবারের মতো টেস্টের কোনো ইনিংসে তিনজন ভারতীয় পেসার ২টি বা এর চেয়ে বেশি উইকেট নিয়েছিলেন। কলকাতা টেস্ট তাই ভারতীয় পেসারদের জন্য আলাদা একটা অধ্যায় হয়েই থাকবে।
প্রথম ইনিংসে যে ভারতকে শ্রীলঙ্কা দেখেছে, সেটা যে আসল নয়, দ্রুতই দ্বিতীয় ইনিংসে দেখিয়ে দিল কোহলির দল। এই ভারতের কাছে নাকানিচুবানি খেয়ে গেছে কত বড় বড় দল। তবে শ্রীলঙ্কাও আশা পেতে পারে, এই টেস্টের ফল যা-ই হোক না কেন, এই সফরে তারা এমনি এমনি আসেনি সেটা বুঝিয়ে দিতে পেরেছে। কাল শেষ দিনের লড়াইটায় শ্রীলঙ্কান বোলাররা আবার জেগে উঠলেই হয়!