প্রথম এশিয়ান হিসেবে এই কীর্তি গড়লেন মালিক

টি-টোয়েন্টিতে ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন শোয়েব মালিকছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৮ বছর বয়স। এই বয়সে তো ব্যাট তুলে রাখেন অনেকেই। কিন্তু শোয়েব মালিক অন্য ধাতে গড়া। এখনো খেলে যাচ্ছেন দাপটের সঙ্গে। কাল স্পর্শ করেছেন দুর্দান্ত এক মাইলফলক। টি-টোয়েন্টিতে প্রথম এশিয়ান হিসেবে ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি।

এই মাইলফলক ছুঁতে মালিককে খেলতে হয়েছে ৩৯৫ ম্যাচ, ১০০২৭ রান। আফসোস, একটি সেঞ্চুরিও নেই, ফিফটি ৬২টি। তাঁর আগে টি-টোয়েন্টি সংস্করণে ১০ হাজার রান করেন শুধু ক্রিস গেইল ও কাইরন পোলার্ড। বোঝাই যাচ্ছে, শোয়েব মালিকের এই মাইলফলক ছোঁয়াটা যেমন-তেমন কিছু না। ফিটনেস ও আত্মনিবেদন লাগে সর্বোচ্চ পর্যায়ের।

করোনার স্থবিরতা কাটিয়ে ক্রিকেটারদের মাঠে ফেরাতে ন্যাশনাল কাপ টি-টুয়েন্টি টুর্নামেন্টের আয়োজন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে খাইবার পাখতুনের হয়ে খেলছেন পাকিস্তান জাতীয় দলের সাবেক এ অধিনায়ক। প্রথম পাঁচ ম্যাচে ব্যর্থ হলেও ষষ্ঠ ম্যাচে এসে পেয়েছেন ফিফটি। বেলুচিস্তানের বিপক্ষে খেলেছেন ৭৪ রানের ইনিংস। এই ইনিংসে ৪৭তম রান নেওয়ার পথে দশ হাজারের ক্লাবে ঢুকেছেন তিনি।

স্ত্রী সানিয়া মির্জার সঙ্গে শোয়েব মালিক
ছবি: সংগৃহীত

১০ হাজার রান ছোঁয়ার এই অর্জন মা-বাবাকে উৎসর্গ করেছেন মালিক, ‘আমি পাকিস্তানের জনগণকে অভিনন্দন জানাতে চাই। কারণ আমিই প্রথম এশিয়ান হিসেবে ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছেছি। আশা করি আমি এভাবেই খেলা চালিয়ে নিতে পারব।’

অর্জনটি বাবা–মাকে উৎসর্গ করে মালিক বলেন, ‘এই মাইলফলকটি আমি আমার বাবা-মাকে উৎসর্গ করছি। তাঁরা সব সময় আমার জন্য দোয়া করেছেন। আজ বাবা আজ বেঁচে থাকলে খুব খুশি হতেন। কিন্তু জীবনটাই এমন। আমি যখন মাঠে যাই খেলা শুরু হওয়ার আগে সব সময় মাকে ফোন দিই।’

মালিককে এরই মধ্যে টুইটে অভিনন্দন জানিয়েছে আইসিসি। সেটি রি-টুইট করে তাঁর স্ত্রী ও ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা লিখেছেন, ‘ধৈর্য, কঠোর পরিশ্রম, ত্যাগ ও বিশ্বাস। তোমাকে নিয়ে গর্বিত।’