প্রথম ওভারে শফিউলের ৪ উইকেট

সকাল থেকেই পেস বোলারদের দাপট ছিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের বিসিবি উত্তরাঞ্চল ও বিসিবি দক্ষিণাঞ্চলের ম্যাচে। উত্তরাঞ্চলের তিন পেসার তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, সুমন খান ও আরিফুল ইসলাম মিলে নিয়েছেন দক্ষিণাঞ্চলের ৯ উইকেট।
কিন্তু দিনের শেষে ব্যাট করতে নেমে উত্তরাঞ্চলের ব্যাটসম্যানদের সামলাতে হয় শফিউল ইসলামকে। যিনি কিনা ইনিংসের প্রথম ওভারেই নেন চার উইকেট! স্পেলের শেষ ওভারে এসে আরেকটি উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্যারিয়ারে চতুর্থবারের মতো পাঁচ উইকেট নেন শফিউল।
আগে ব্যাট করে দক্ষিণাঞ্চল নিজেদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ২৬২ রান করে। ১২৫ রান করেন ফজলে রাব্বি। শেষ বেলায় নিজেদের বোলিংয়ে তাক লাগিয়ে দেন শফিউল। ইনিংসের প্রথম বলটিই লেংথ থেকে ভেতরে এসে লিটন দাসের প্যাডে আঘাত হানে। শফিউলের এলবিডব্লিউ আবেদনে সাড়া দিতে আম্পায়ার বেশি সময় নেননি।
পরের বলে জুনায়েদ সিদ্দিক দুই রান নেন। পরের বলটি আরেকটু ফুল লেংথে করেন। বলটি ছেড়ে খেলতে গিয়ে ভুল করেন এই বাঁহাতি। আরেকবার লেংথ থেকে ভেতর আসায় বোল্ড হন জুনায়েদ। একই চিত্র পরের বলেও। মিজানুর রহমান খেলতে গিয়েও ব্যাটে বল লাগাতে পারলেন না, সরাসরি বোল্ড তিনিও। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগানো শফিউলের পরের বলটি কাভারে খেলে ২ রান নেন অভিজ্ঞ নাঈম ইসলাম। কিন্তু ওভারের শেষ বলে নাঈমের স্টাম্পে আঘাত হানেন শফিউল। পুরো ওভারটি নন স্ট্রাইকে থেকে চার সতীর্থের আশা যাওয়া দেখেছেন আরেক ওপেনার রনি তালুকদার।
ইনিংসের ১১তম ওভারে এসে আরেকবার স্টাম্প খুঁজে নেন শফিউল। এবার সানজামুল ইসলাম ব্যাটে বল লাগাতে ব্যর্থ হন।
উত্তরাঞ্চল প্রথম দিনটি শেষ করেছে ১২ ওভারে ৫ উইকেটে ৪৬ রান তুলে।