প্রথম ওয়ানডেতে জয়ী প্রোটিয়ারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ ম্যাচে নায়ক হওয়ার কথা ছিল টিম সাউদির! ১৩ বলে ২৪ রান করেছেন, বোলিংয়ে পরপর দুই বলে ম্যাচের রাশ টেনে এনেছেন নিজেদের দিকে। কিন্তু শেষ ওভারে উল্টে গেল দান। এবি ডি ভিলিয়ার্স ও আন্দিলে ফিকোয়াওর ঠান্ডা মাথার ব্যাটিংয়ে ১ বল বাকি থাকতেই ৪ উইকেটে জিতে গেল দক্ষিণ আফ্রিকা।
২০৭ তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৮৮ রান। ৬৪ বলে ৬৯ রানের দুর্দান্ত এক ইনিংসে ত্রাস ছড়িয়েছেন কুইন্টন ডি কক। মনে হচ্ছিল, ম্যাচটা অনায়াসেই জিতে নিচ্ছে প্রোটিয়ারা। কিন্তু ৯ রানের মধ্যে ৪ উইকেট তুলে নিয়ে হঠাৎ করেই চালকের আসনে নিউজিল্যান্ড। কাঁটা হয়ে ছিলেন শুধু একজন—ডি ভিলিয়ার্স। প্রথমে ক্রিস মরিসকে নিয়ে ধাক্কা সামলালেন, পরে ফিকোয়াওকে নিয়ে ৫৪ রানের জুটিতে বের করে নেন ম্যাচ। জয়সূচক রানটাও এসেছে তাঁর ব্যাটে।
এর আগে বৃষ্টির কারণে ৩৪ ওভারে নেমে আসা ম্যাচে শুরুতে খেই হারিয়ে ফেলে স্বাগতিক দল। ডিন ব্রাউনলি ও কেন উইলিয়ামসন ছাড়া স্বস্তিতে ছিলেন না কেউ। শেষ দিকে কলিন ডি গ্র্যান্ডহোম ও টিম সাউদির আক্রমণাত্মক ব্যাটিংয়েই ২০৭ রান করতে পেরেছিল নিউজিল্যান্ড। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। সূত্র: ক্রিকইনফো।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ৩৪ ওভারে ২০৭/৭ (উইলিয়ামসন ৫৯, ডি গ্র্যান্ডহোম ৩৪*, ব্রাউনলি ৩১, নিশাম ২৯, সাউদি ২৪*; মরিস ৪/৬২, রাবাদা ২/৩১, শামসি ১/৩৯)।
দক্ষিণ আফ্রিকা: ৩৩.৫ ওভারে ২১০/৬ (ডি কক ৬৯, ডি ভিলিয়ার্স ৩৭*, আমলা ৩৫, ফিকোয়াও ২৯*; সাউদি ২/৪৭, উইলিয়ামসন ১/১৭, স্যান্টনার ১/৩৩, বোল্ট ১/৪৫)।
ফল: দক্ষিণ আফ্রিকা ৪ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: কুইন্টন ডি কক।